অজগরের ডিম ফুটে বাচ্চা
বরগুনা জেলার আমতলী উপজেলার সোনাকাটা সংরক্ষিত বনে (ফাতরার বনে) একটি অজগরের ৪২টি ডিম ফুটে একে একে বাচ্চা বের হয়ে আসছে।আজ সোমবার দুপুর পর্যন্ত ডিম থেকে সাতটি বাচ্চার জন্ম হয়েছে। মা অজগরটি অতি বর্ষণ ও জলোচ্ছ্বাসে ডিম রেখে বৃহস্পতিবার অন্যত্র নিরাপদে চলে গেছে। অজগরের ডিম থেকে বাচ্চা বের হওয়ার খবর শুনে গতকাল রোববার বিকেলে সোনাকাটা সংরক্ষিত বনে গিয়ে দেখা যায়, ডিমগুলো পড়ে আছে, কিন্তু অজগরটি নেই। আশপাশের অনেক গুহায় খোঁজ করেও অজগরটিকে পাওয়া যায়নি। গুহার পাশে দাঁড়িয়ে থাকার আধা ঘণ্টার মধ্যেই গুহার ভেতরের ডিম থেকে একটি অজগরের বাচ্চা বের হয়ে আসে। কয়েক ঘণ্টা অপেক্ষা করে তিনটি বাচ্চা বের হওয়ার দৃশ্য দেখা যায়।ডিম থেকে বের হয়ে আসা অজগরের বাচ্চাগুলো প্রায় দুই ফুট লম্বা। গুহার ভেতরে ৪২টি ডিম থাকলেও সোমবার দুপুর পর্যন্ত সাতটি ডিম ফুটে বাচ্চা বের হয়ে এসেছে। সোনাকাটা সংরক্ষিত বনের বিট কর্মকর্তা মো. জলিলুর রহমান জানান, ইকোপার্কে কর্মরত শ্রমিকেরা গত ২০ মে একটি গর্তের মধ্যে অজগরটিকে দেখতে পেয়েছিলেন। অজগরের ডিমে তা দেওয়ার খবরটি বিভিন্ন গণমাধ্যশ এবং লোকমুখে ছড়িয়ে পড়লে শত শত লোক ভিড় জমাতে থাকে। একপর্যায়ে বন বিভাগের পক্ষ থেকে সেখানে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং ওই জায়গায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়।গতকাল রোববার সকালে বন বিভাগের কর্মকর্তারা প্রথমে বাচ্চা হওয়ার দৃশ্যটি দেখতে পান। বন বিভাগের বিট কর্মকর্তা জানান, সব ডিম থেকে বাচ্চা বের না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে পাহারা দেবেন। তাঁদের ধারণা, ৪২টি ডিম থেকেই বাচ্চা জন্ম নেবে। বাসস।