অজ্ঞাত দুটি লাশের পরিচয় মিলল
রাজধানী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত দুটি লাশের পরিচয় মিলেছে। আজ বৃহস্পতিবার নিহতদের স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে তাঁদের লাশ শনাক্ত করেন।গত সোমবার সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ থেকে উদ্ধার হওয়া লাশটি টুটুলের (২২) বলে শনাক্ত করেছেন তাঁর বড় ভাই লিটন। আর গতকাল বুধবার সকালে আগারগাঁও এলাকা থেকে উদ্ধার হওয়া লাশটি গাড়িচালক হান্নান মিয়ার (২২)। দুজনকেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গত বুধবার রাজধানীর আগারগাঁও এলাকা থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো এক ব্যক্তির লাশ উদ্ধার করে শেরেবাংলা নগর থানা-পুলিশ। অজ্ঞাত হিসেবে প্রায় ৩২ ঘণ্টা মর্গের হিমঘরে পড়ে থাকা লাশটি হান্নানের বলে শনাক্ত করেন তাঁর ভাই মো. ইব্রাহিম। এ বিষয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ আগারগাঁও এলাকায় ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের ধারণা।ইব্রাহিম বলেন, তিনি ও তাঁর ভাই হান্নান একই প্রতিষ্ঠানের গাড়িচালক। থাকেন গুলশান এলাকায়। কয়েক বছর ধরে অনেক কষ্টে টাকা জমিয়ে সপ্তাহখানেক আগে নিজের একটা গাড়ি কিনেছিলেন হান্নান মিয়া। প্রতিষ্ঠানের গাড়ি চালানো শেষে গত মঙ্গলবার সন্ধ্যায় নিজের গাড়ি নিয়ে বের হন ভাড়া খাটিয়ে বাড়তি অর্থ উপার্জনের জন্য। এরপর আর ফেরেননি। বুধবার তাঁরা গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গুলশান থানা-পুলিশ হান্নানের মুঠোফোন নম্বরের সূত্রে জানতে পারেন মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁর ফোনটি খোলা ছিল এবং তিনি গুলশানের ৪৬ নম্বর সড়কে অবস্থান করছিলেন। এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে আজ মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন।ইব্রাহিম বলেন, হান্নানের স্ত্রীর নাম নাসিমা। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।টুটুলের লাশ: এদিকে গত সোমবার সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ থেকে উদ্ধার করা যুবকের লাশের পরিচয় মিলেছে। নিহতের নাম টুটুল (২২) বলে শনাক্ত করেছেন তাঁর বড় ভাই লিটন। রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকতেন টুটুল।পুলিশ জানায়, গত সোমবার দুপুরে কয়েক ব্যক্তি ওই যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করলে ওই ব্যক্তিরা গাড়ি ভাড়া করার কথা বলে সটকে পড়ে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর লাশ না নেওয়ায় পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তাঁর সারা শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে।