অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১৫ লাখ টাকা খোয়া
রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটের সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আজ সোমবার দুপুরে ১৫ লাখ টাকা খুইয়েছেন পোশাক কারখানার একজন কর্মকর্তা ও একজন কর্মচারী। অচেতন অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অজ্ঞান পার্টির শিকার ওই দুই ব্যক্তি হলেন: কর্মকর্তা আলী আশরাফ (২৫) ও কর্মচারী মো. সেলিম (৩০)।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে উত্তরা ব্যাংকের ফুলবাড়িয়া শাখা থেকে ওই দুজন ১৫ লাখ টাকা তুলে হাতব্যাগে করে তাঁদের কর্মস্থল বঙ্গবাজার ফয়সল গার্মেন্টসে ফিরছিলেন। একপর্যায়ে ফুলবাড়িয়া মার্কেটের কয়েকজন কর্মচারী মার্কেটের সামনে তাঁদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে আলী আশরাফের মামা আল-আমিন হাসপাতালে যান। আল-আমিন সাংবাদিকদের জানান, ব্যাংক থেকে টাকা তুলে কর্মস্থলে ফেরার পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাঁদের অচেতন করে ওই টাকা নিয়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক মোজাম্মেল হক জানান, বিষয়টি শাহবাগ থানাকে বেতারবার্তায় জানানো হয়েছে।