অজ্ঞান পার্টির খপ্পরে ১২ গরু ব্যবসায়ী
রাজধানীর বাড্ডার আফতাবনগর বালুর মাঠ পশুর হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পাঁচ গরু ব্যবসায়ী জ্ঞান হারিয়েছেন। খুইয়েছেন সঙ্গে থাকা ৯০ হাজার টাকা ও তিনটি গরু। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।এ ছাড়া গতকাল রাত আটটা থেকে আজ ভোর পাঁচটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন পশুর হাট থেকে অজ্ঞান অবস্থায় আরও সাতজন গরু ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের জ্ঞান ফেরেনি। বাড্ডায় জ্ঞান হারানো ব্যবসায়ীরা হলেন—ডালিম মিয়া (২৫), বিদু মিয়া (৫৫), আইয়ুব আলী (৪৫), ইদ্রিস আলী (৫০) ও গোলাম রাব্বানী (৩৫)।জ্ঞান হারানো এসব ব্যবসায়ীর এক সঙ্গী মোজাম্মেল হক হাসপাতালে সাংবাদিকদের জানান, পাবনার সুজানগর থেকে তাঁরা আফতাবনগর বালুর মাঠ হাটে গরু বিক্রি করতে এসেছেন। ভোর পাঁচটার দিকে তিনি দেখতে পান ওই পাঁচ ব্যবসায়ী জ্ঞান হারিয়ে ঢলে পড়ছেন। এ সময় আশপাশের ব্যবসায়ীরা জানান, তিনটা গরু ও তাঁদের সঙ্গে থাকা ৯০ হাজার টাকাও ছিনতাই হয়ে গেছে। পরে তিনি ব্যবসায়ীদের হাসপাতালে নিয়ে আসেন।বাড্ডা থানার (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনা সম্পর্কে জানতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।