অজ্ঞান পার্টির ‘গুরু’ গ্রেপ্তার
আবদুস সালাম মানুষকে প্রতারণা করছেন ১৫ বছর ধরে। এই সময়কালে অজ্ঞান করেছেন অন্তত ৪০০ মানুষকে, আর জেল খেটেছেন ১০ বার। সর্বশেষ তিন বছরের সাজা খেটে কয়েক মাস আগে জেল থেকে বের হয়েছেন। বের হয়েই আবারও গড়ে তুলেছেন নিজের ‘অজ্ঞান পার্টি’। গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার আবদুল্লাহপুর থেকে সালামসহ চারজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার অন্য তিনজন হলেন আবদুর রহমান, লাল মিয়া ওরফে লালা ও মঈন উদ্দিন। এঁদের কাছ থেকে পুলিশ বিষাক্ত এটিভেন বড়ি এবং এটিভেনমিশ্রিত আচার ও হালুয়া উদ্ধার করেছে। এই চারজনকে গতকাল শনিবার ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার নাসিরউদ্দীন খানের নেতৃত্বে একটি দল তাঁদের গ্রেপ্তার করে। নাসিরউদ্দীন বলেন, এঁরা বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের ‘শক্তিবর্ধক হালুয়া’ খাইয়ে অজ্ঞান করে টাকা-পয়সা লুটে নেন।সালামের সহযোগী লাল মিয়াও দীর্ঘদিন ধরে এ পথে রয়েছেন। মেলা, হাট, বাসস্ট্যান্ড বা জনসমাগম হয় এমন জায়গায় গিয়ে লাল মিয়া ইউনানি চিকিৎসক সেজে বসেন। দলের একজন চিৎকার করে বা অঙ্গভঙ্গি করে লোক জড়ো করেন। সমবেত মানুষের উদ্দেশে ভাষণ দেন লাল মিয়া। তারপর শুরু হয় হালুয়া বিক্রি। হালুয়ার মধ্যে এটিভেনসহ বিভিন্ন বিষাক্ত উপকরণ মেশানো থাকে।এ ছাড়া এ চক্রের সদস্যরা বাস বা বাসস্ট্যান্ডে চকলেট, হজমি চকলেট ইত্যাদি বিক্রেতা হিসেবে ঘোরাঘুরি করেন। এর মধ্যে বিষ বা ঘুমের ওষুধ মেশানো চকলেট তাঁরা আলাদাভাবে রাখেন। শিকার নির্দিষ্ট করার পর তাঁরা তাঁর কাছে ওই বিষ মেশানো চকলেট বিক্রি করেন। ওই চকলেট ক্রেতা যে বাসে ওঠেন, সেই বাসে চক্রের দু-তিনজন উঠে পড়েন। এরপর সময়মতো শিকারের সর্বস্ব নিয়ে সটকে পড়েন তাঁরা।পুলিশ জানায়, সালামের বাড়ি গাজীপুরে। তবে তিনি টঙ্গীতেই থাকেন। ঢাকার প্রতারক চক্রগুলোর মধ্যে সালামের চক্র অন্যতম। ঢাকায় তাঁর অনেক অনুসারী আছে। সালাম একজন পেশাদার প্রতারক। অজ্ঞান করার অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁকে তিন বছরের দণ্ড দিয়েছিলেন আদালত। জেল খেটে বের হয়েই আবারও এ কাজে নেমেছেন তিনি। সালাম অজ্ঞানকারী প্রতারকদের কাছে ‘গুরু’ হিসেবে স্বীকৃত। সংবাদ সম্মেলনে সালাম জানান, তিনি মোট ১০ বার গ্রেপ্তার হয়েছেন। এ পর্যন্ত তিনি অন্তত ৪০০ মানুষকে অজ্ঞান করে মালামাল লুটে নিয়েছেন। বিভিন্ন সময় গ্রেপ্তারের পর জামিনে ছাড়া পেয়েছেন। তবে মাস দুয়েক আগে তিনি তিন বছর জেল খেটে বের হয়েছেন। এটিই তাঁর সর্বোচ্চ কারাবাস।পুলিশ জানায়, সালামের মতো অজ্ঞানকারী চক্রের সদস্যরা বিভিন্ন ওষুধের দোকান থেকে কড়া ঘুমের ওষুধ বিশেষ করে, এটিভেন সংগ্রহ করেন। এ ছাড়া কবিরাজি বা গাছগাছড়ার গুণাগুণ জানেন এমন কিছু লোকও তাঁদের চক্রে রয়েছেন।