অঞ্চল পরিকল্পনা ছাড়াই উঠছে ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগে আমরা এখানে বসে আড্ডা দিতাম। ছোট ছোট গাছ দিয়ে ঘেরা শালিক চত্বরে জমে উঠত আমাদের আড্ডা। ক্লাস শেষ করেই আমরা বন্ধুরা দলবেঁধে এখানে এসে গল্পগুজব করতাম।’ নির্মাণাধীন সামাজিক বিজ্ঞান ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্র তাঁর স্ত্রী ও ছেলেকে বলছিলেন কথাটি।শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাদের জন্য ক্যাম্পাসে গড়ে উঠছে কয়েকটি বহুতল ভবন। কিন্তু এর ফলে ক্যাম্পাস হারাচ্ছে তার চিরচেনা শান্ত স্নিগ্ধ রূপ। ক্যাম্পাসের সবুজে জায়গা করে নিচ্ছে ইট-কাঠ আর পাথরের দালান। অবশেষে সরকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি মাস্টারপ্লান প্রণয়নের নির্দেশ দিয়েছে। কিন্তু অঞ্চল পরিকল্পনা ছাড়াই বিশ্ববিদ্যালয়ে বহুতল ভবনগুলো গড়ে ওঠায় ১৫ বছর মেয়াদি এই ‘মাস্টারপ্লান’ কোনো কাজে আসবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়।ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবন সূত্র থেকে জানা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ছয়টি বহুতল ভবন নির্মাণের কাজ চলছে বা শুরু হচ্ছে। ফজলুল হক হলের বিপরীত দিকে ছাত্রীদের জন্য নির্মিত হচ্ছে টুইন হল। সূর্য সেন হল ও জিয়াউর রহমান হলের মধ্যবর্তী ফাঁকা জায়গায় এক হাজার ছাত্রের আবাসন ক্ষমতাসম্পন্ন ১০ তলা ভবনের কাজ শুরু হয়েছে। জগন্নাথ হলের বর্ধিত অংশের কাজ চলছে বেশ ক বছর ধরে। মেয়েদের আরেকটি হলের স্থান নির্ধারণ না হলেও রোকেয়া হল ও শামসুন্নাহার হলের কাছাকাছি কোনো স্থানে অথবা জহুরুল হক হলের পাশে এই হলটি নির্মিত হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিকল্পনাবিদ মো. জহিরুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য ৬৬ ফ্ল্যাটবিশিষ্ট টাওয়ার ভবনের কাজ জোরেশোরেই চলছে ব্রিটিশ কাউন্সিলের সামনের অংশে। নির্মাণের অপেক্ষায় রয়েছে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য ২০ তলা ভিতবিশিষ্ট ১০ তলা আবাসিক ভবন। এ ভবনটির জন্যও এখনো কোনো স্থান নির্ধারণ করা হয়নি। জানা গেছে, টিনশেড আবাসিক এলাকা ভেঙে এই বহুতল ভবনটির নির্মাণকাজ চলতে পারে।‘বিশ্ববিদ্যালয়ের আবাসনসংকট সমাধানের জন্য আবাসিক হল নির্মাণ করা অবশ্যই প্রয়োজন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের যত্রতত্র ভবন নির্মাণের কারণে বিশ্ববিদ্যালয়ের ফাঁকা জায়গাগুলো ক্রমশ ভরে যাচ্ছে’ বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবুল কাশেম। বিশ্ববিদ্যালয়ের ধারণার সঙ্গে এই আকাশছোঁয়া বহুতল ভবনগুলো যায় কি না, সেই প্রশ্নও তুললেন অনেক শিক্ষার্থীই।বিশ্ববিদ্যালয় এলাকায় একের পর এক বহুতল ভবন নির্মাণকাজ চললেও সেগুলো নির্মাণের জন্য নেই কোনো সমন্বিত পরিকল্পনা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ভৌত উন্নয়ন সম্পর্কিত একটি ১৫ বছর মেয়াদি মাস্টারপ্লান চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে মহাপরিকল্পনাটি তৈরি করা হবে। গত মে মাসে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে প্রধান করে ১৮ সদস্যবিশিষ্ট মাস্টারপ্লানিং কমিটি গঠিত হয়েছে। কমিটিতে অন্যান্যের মধ্যে রয়েছেন ঢাবির সহ-উপাচার্য হারুন-অর-রশিদ. কোষাধ্যক্ষ মিজানুর রহমান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের তিনজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রধান প্রকৌশলী, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং প্লানিং কমিশনের প্রতিনিধি। এ কমিটিকে পরামর্শ দেওয়ার জন্য আবার ঢাবি কোষাধ্যক্ষের নেতৃত্বে আরও ১৪ সদস্যবিশিষ্ট সাবকমিটি করা হয়েছে। সাবকমিটির তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের এলাকাভিত্তিক জরিপের কাজ শুরু হয়েছে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মিজানুর রহমান। ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের তিনজন শিক্ষকের তত্ত্বাবধানে ‘ডিজিটাল জরিপ’-এর কাজ চলছে বলে তিনি জানান।বিশ্ববিদ্যালয় এলাকার ভৌত অবকাঠামোর ওপর একটি ‘ইঞ্জিনিয়ারিং সার্ভে’ চালানো হচ্ছে জানিয়ে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক নূরুল ইসলাম নাজিম বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার ভবনের কাঠামো এবং স্থানের ওপর জোর দিয়ে এই জরিপ চালানো হচ্ছে। ভবনগুলোর আদল বা নকশার পাশাপাশি ভবনের বিদ্যুৎ লাইন, পানির লাইন, ভবনের অবস্থান—এসব কিছুর ওপরই একটি জরিপ চালানো হচ্ছে। এক মাসের মধ্যেই জরিপের কাজ শেষ হবে বলে জানান তিনি।কিন্তু মাস্টারপ্লানের আগেভাগেই নির্মাণকাজের ভিত স্থাপন করে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। ভবন নির্মাণের পর মাস্টারপ্লান আদৌ কাজে আসবে কি না, এ প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, মাস্টারপ্লানের কাজ মাস্টারপ্লানের মতো চলবে। ভবন নির্মাণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব মাস্টারপ্লান থাকা দরকার বলে জানালেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান সারোয়ার জাহান। তিনি বলেন, পরিকল্পনা ছাড়া বহুতল ভবন নির্মাণ করা হলে ৫০ বছর পর এই অবকাঠামো কতটা কাজে আসবে, তা এখনই ভাবা উচিত।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্মীয়মাণ ভবনগুলোর জন্য কোনো মাস্টারপ্লান বা এলাকাভিত্তিক পরিকল্পনা করা আছে কি না, জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সাইট নির্ধারণী কমিটি ভবন নির্মাণের জায়গা চিহ্নিত করেছে। মাস্টারপ্লানের কাজ কেবল শুরু হয়েছে। ভবনগুলো মাস্টারপ্ল্যানের অন্তভূক্ত করা হবে।