অটিজম ও মূলধারা স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক কালে একটি বিষয় বেশ নজর কেড়েছে আমার। দেখা যাচ্ছে আমাদের দেশের পত্রিকা ও গণমাধ্যম অটিজম সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করছে। শিশুর বিভিন্ন আচার-আচরণ সম্পর্কে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে অটিজম শনাক্তকরণে এ উদ্যোগ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখছে। কেননা প্রাথমিক পর্যায়ে অটিজম শনাক্তকরণ ও যথাযথ শিক্ষাব্যবস্থা একটি শিশুকে অনেক দূর এগিয়ে নিতে পারে। কিছু শিশুর ক্ষেত্রে যথাযথ উদ্দীপনা প্রদান করতে পারলে মূলধারার স্কুলগুলোতে অন্য শিশুদের সঙ্গে ক্লাস করাও সম্ভব হয়।বাংলাদেশে বিশেষ করে ঢাকায় অটিজম আক্রান্ত শিশুদের জন্য কিছু বিশেষ স্কুল রয়েছে। অটিজমে আক্রান্ত শিশু বা ব্যক্তির সামগ্রিক বিকাশে সহায়তা করাই এসব বিশেষ স্কুলের মূল লক্ষ্য। একটি অটিস্টিক শিশু যখন বিশেষ স্কুল থেকে মূলধারার স্কুলে যাওয়ার উপযুক্ত হয়, তখন প্রথমে দরকার হয় যথাযথ পরিবেশ, গ্রহণযোগ্যতা ও অবকাঠামো। এই সন্ধিক্ষণে উন্নত দেশগুলোতে বিশেষ স্কুল ও মূলধারার স্কুল সমন্বিতভাবে কাজ করে থাকে।পশ্চিমা দেশগুলোর কোনো কোনোটিতে মূলধারার স্কুল ও বিশেষ স্কুল একসঙ্গে শিশুর মূল্যায়ন করে থাকে। সে অনুযায়ী ক্রমে ক্রমে মূলধারার স্কুলে শিশুর সময় বাড়ানো হয়। অর্থাৎ প্রথমে শিশু অল্প কিছু সময় মূলধারার স্কুলে থাকে এবং বাকি সময় সে বিশেষ স্কুলে থাকে। মূলধারার স্কুলে থাকাকালে শিশুর সঙ্গে দেওয়া হয় একজন সাহায্যকারী শিক্ষক। শিশুর বিকাশ অনুযায়ী এই সহায়তা ধীরে ধীরে কমিয়ে আনা হয় ও শিশুর মূলধারার স্কুলে থাকার সময় বাড়ানো হয়।কিছু কিছু দেশে আবার সন্ধিক্ষণের শুরু থেকেই এই শিশুরা একজন সাহায্যকারীর সহায়তা নিয়ে পুরো সময়টুকুই মূলধারার স্কুলে ক্লাস করে। মূলধারার স্কুলের সময়টুকুতে শিশুর প্রয়োজনীয় উপকরণ এবং কাঠামো সব নির্ধারিত হয় মূলধারার স্কুল ও বিশেষ স্কুলের সমন্বিত মূল্যায়নের ভিত্তিতে।কিন্তু আমাদের দেশে যখন কোনো শিশুকে বিশেষ স্কুল থেকে মূলধারার স্কুলে পাঠানো হয়, তখন শিশুসহ পুরো পরিবারকে এক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এর কারণ, মূলধারার স্কুলগুলোতে যথাযথ প্রশিক্ষণের অভাব, বিশেষ শিশুদের জন্য নির্ধারিত আসন এবং বিশেষ স্কুলের সঙ্গে সমন্বয়ের অভাব। প্রথমত, মূলধারার স্কুলগুলোতে এই শিশুদের জন্য বসার জায়গা পাওয়া যায় না। অভিভাবকদের হন্যে হয়ে খুঁজে বের করতে হয় একটি স্কুল, যেখানে শিশুটি ক্লাসে বসার সুযোগ পাবে। সাহায্যকারী শিক্ষকের জন্য অতিরিক্ত অর্থ প্রদান করা সত্ত্বেও বাবা-মা এই স্কুলগুলোতে শিশুর জন্য যথাযথ সাধারণ সহযোগিতা পান না। যথাযথ প্রশিক্ষণ না থাকায় এই শিশুদের সঙ্গে কীভাবে কাজ করতে হবে তা বুঝে উঠতে পারেন না শিক্ষকেরা।প্রতিনিয়ত অভিভাবকদের শিশু সম্বন্ধে বিভিন্ন অভিযোগ দেওয়া হয়। পাশাপাশি যথাযথ গ্রহণযোগ্যতার অভাবে শিশুর মধ্যে শুরু হতে পারে বিভিন্ন আচরণগত সমস্যা। কিছু শিশুকে দেখেছি পরিপূর্ণ বিকাশের পরও গ্রহণযোগ্যতার অভাবে তাদের মধ্যে দেখা দিয়েছে ভীতি।বিভিন্ন সরকারি-বেসরকারি, দাতাগোষ্ঠীর আর্থিক সহায়তায় ও সরকারি উদ্যোগে প্রাপ্ত প্রশিক্ষণ এবং মূলধারার ও বিশেষ স্কুলের সমন্বয়ই পারবে এই শিশুদের যথাযথ বিকাশের পরিবেশ করে দিতে। পাশাপাশি প্রতিটি মূলধারার স্কুলে নির্দিষ্ট সংখ্যক বসার জায়গা এই শিশুদের জন্য রাখতে হবে। আর তা যদি না পারি, তাহলে আমার প্রশ্ন, মূলধারায় স্থান করে নিতে না পারলে কোথায় যাবে এই কিছু সংখ্যক শিশু?