অটিস্টিক শিশুদের উন্নত জীবনের উপায় উদ্ভাবনে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিস্টিক শিশুদের উন্নত জীবনযাপনের উপায় উদ্ভাবনের জন্য চিকিত্সকসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে দুই দিনব্যাপী দক্ষিণ এশীয় অঞ্চলের প্রথম অটিজম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বে প্রতিদিন আনুমানিক তিন লাখ ৬০ হাজার শিশু জন্মগ্রহণ করে। এদের প্রতি ১১০ জনে একটি শিশু অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার (এএসডি) সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। এ হিসেবে প্রতিদিন তিন হাজারেরও বেশি শিশু অটিজম সমস্যা নিয়ে জন্মগ্রহণ করছে।প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এই সম্মেলনের মাধ্যমে অটিজম ও অন্যান্য ‘ডেভেলপমেন্ট ডিজঅর্ডার’ সম্পর্কে অনেক তথ্য জানা যাবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এ বিষয়ে সমসাময়িক গবেষণার ফলাফল ও চিকিত্সা সম্পর্কেও পরস্পরের মধ্যে তথ্য আদান-প্রদান এবং নিজেদের মধ্যে অভিজ্ঞতা-বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। এ ছাড়া নিজ নিজ দেশে সমন্বিত মানসিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলতে সহায়ক হবে, যা অটিজমে আক্রান্ত শিশুদের পারিপার্শ্বিকতার সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করবে।প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক দেশের মতোই বাংলাদেশেও মানসিক বিকাশজনিত সমস্যাকে অনেক সময় অবজ্ঞা করা হয়ে থাকে। ফলে গোড়াতেই রোগ নির্ণয় এবং যথাযথ চিকিত্সা হলে যে সুবিধা পাওয়ার কথা, তা থেকে আমরা বঞ্চিত হই। শিশুদের এক বছর বয়সের মধ্যেই রোগ চিহ্নিতকরণ ও চিকিত্সার উদ্যোগ নেওয়াটা অটিজমের মতো নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার প্রতিকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’শেখ হাসিনা বলেন, দরিদ্র পরিবারগুলোকে এমনিতেই প্রতিদিন বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে গিয়ে হিমশিম খেতে হয়। তার ওপর পরিবারের কোনো একজন সদস্য যখন অটিজমের মতো জটিল সমস্যায় ভোগে, তখন সে পরিবারের দুর্ভোগের আর সীমা থাকে না। তিনি বলেন, ‘উন্নয়নশীল দেশের একজন নেতা হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের বিশেষ করে দরিদ্র ও এএসডি সমস্যাগ্রস্ত পরিবারের চাহিদার ব্যাপারে আমি সব সময় সজাগ। এ জন্যই আমার কন্যা অটিজম বিশেষজ্ঞ স্কুল সাইকোলজিস্ট সায়মা হোসেনের অনুরোধে অটিজম স্পিকস উদ্ভাবিত গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানানো হয়েছে।’ তিনি একই সঙ্গে সাউথ এশিয়ান অটিজম নেটওয়ার্ক প্রতিষ্ঠার ব্যাপারেও সবার সক্রিয় সহায়তার আহ্বান জানান।প্রধান অতিথির ভাষণে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ক্ষুদ্রঋণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, শিশুমৃত্যুর হার হ্রাস, শিক্ষা ও জনস্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় বাংলাদেশের প্রশংসা করেন। উভয় দেশের আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে মিলের বিষয়টি উল্লেখ করে সোনিয়া গান্ধী অটিস্টিক শিশুদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন। তিনি এ ব্যাপারে সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেন। সুযোগ-সুবিধা পেলে এ শিশুরাও অন্য শিশুদের মতো বেড়ে ওঠতে পারে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক সংস্থা অটিজম স্পিকস বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের অন্যতম উদ্যোক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন।স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী এনডাং রাহাজু সেদিয়ানগিশ, ভুটানের স্বাস্থ্যমন্ত্রী লিয়নপো জাংলু দুকপা, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের স্ত্রী ইলহাম হোসেন ও শ্রীলঙ্কার ফার্স্টলেডি শিরানথি রাজাপাকসে। স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্ত।