অটিস্টিক শিশুদের কল্যাণে পারস্পরিক সহযোগিতার আহ্বান
অটিস্টিক শিশুদের কল্যাণে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। অটিস্টিক শিশুদের মেধার বিকাশ ঘটিয়ে তাদের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। আজ মঙ্গলবার শেষ হয়েছে ‘কনফারেন্স অন অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারস অ্যান্ড ডেভেলপমেন্ট ডিজ্যাবিলিটিস ইন বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া’। বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রভিত্তিক অটিজম স্পিকস যৌথভাবে হোটেল রূপসী বাংলায় এই সম্মেলনের আয়োজন করে। অটিজম নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে বক্তারা এসব কথা বলেন।সম্মেলন উপলক্ষে গঠিত জাতীয় কমিটির চেয়ারম্যান সায়মা হোসেন বলেন, অটিস্টিক শিশুরা একা নয়। গোটা বিশ্ব তাদের পাশে রয়েছে। এই সম্মেলনের অভূতপূর্ব সাড়া দেখে বোঝা যায়, অটিজম নিয়ে বিশ্ববাসী কতটা উদ্বিগ্ন। তিনি বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে দক্ষিণ এশীয় অটিজম নেটওয়ার্ক গঠনের ভিত্তি রচিত হলো।গতকাল অটিজম-বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের কংগ্রেস পার্টির সভাপতি সোনিয়া গান্ধী, শ্রীলঙ্কার ফার্স্ট লেডি শিরানথি রাজাপক্ষে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের স্ত্রী ইলহাম হোসেন প্রমুখ। গবেষণা প্যানেলের আলোচনায় বক্তারা বলেন, দেশে অটিস্টিক শিশুদের প্রকৃত সংখ্যা জানা নেই। তাঁরা দেশের অটিস্টিকদের প্রকৃত সংখ্যা নির্ণয়ের ওপর গুরুত্ব দিয়েছেন।