অটিস্টিক শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় যত ঝামেলা
অটিস্টিক শিশুদের জন্য পরিচালিত বেশির ভাগ স্কুল ও প্রতিষ্ঠান মাসে এক হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত বেতন নিচ্ছে। তবে এ ধরনের প্রতিষ্ঠানে ভর্তি করে সন্তানের লেখাপড়া, আচার-ব্যবহারে কোনো উন্নতি হচ্ছে কি না, তা নিয়ে চিন্তিত অভিভাবকেরা।জানা যায়, নীতিমালা ছাড়াই সমাজসেবা অধিদপ্তর থেকে বেসরকারি সংস্থা বা সামাজিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নিবন্ধন নিয়েই চলছে এ ধরনের প্রতিষ্ঠানগুলো। ফলে বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোতে কতজন ছাত্র ও শিক্ষক আছেন, তার কোনো হিসাব নেই। অন্যদিকে এ ধরনের শিশুদের অগ্রগতি মাপার ব্যবস্থা নেই। ফলে অভিভাবকদের কাছে প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহি করতে হয় না। এ সুযোগ কাজে লাগিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে বেশির ভাগ স্কুল পরিচালিত হচ্ছে বলে একাধিক অভিভাবক অভিযোগ করেছেন।রাজধানীর কয়েকটি স্কুলে সরেজমিনে দেখা যায়, দু-একটি কক্ষ অথবা ঘুপচি বাড়িতে স্কুলগুলো পরিচালিত হচ্ছে। অথচ এ ধরনের শিশুদের খেলাধুলা করা জরুরি।এ প্রসঙ্গে স্কুল পরিচালনার সঙ্গে যুক্ত একাধিক উদ্যোক্তা জানান, এ ধরনের স্কুলের জন্য কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। তবে অভিভাবকেরা বলছেন, স্কুলের অবস্থা যা-ই হোক, বেতন-ফি ঠিকই নেওয়া হচ্ছে।সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাকুঞ্জের বিপরীত পাশে পাঁচ একর জায়গায় পরিচালিত হচ্ছে ‘প্রয়াস’ নামে একটি স্কুল। সেখানে বেতন-ফি বেশি মনে হলেও অভিভাবকদের মতে, শিশুরা ওই প্রতিষ্ঠানে অন্তত খেলাধুলার সুযোগ পাচ্ছে।সরকারি উদ্যোগে মিরপুরে অবস্থিত জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রের একটি কর্নারে অটিস্টিক শিশুদের সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন’ কেন্দ্র পরিচালিত মডেল স্কুলে শিশুরা বিশেষ পরিচর্যার সুযোগ পাচ্ছে।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. নূরুল কবীর জানান, ঢাকায় অটিস্টিক শিশুদের জন্য পরিচালিত প্রতিষ্ঠান ২২টি। তবে এগুলোর ওপর সরকারের সরাসরি তদারকি নেই। লাগামহীন খরচ: মর্জিনা ইয়াসমিনের ছেলে পড়ছে শ্যামলীর সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেনে। তাঁর সাড়ে আট বছরের ছেলের মাসিক বেতন আড়াই হাজার টাকা। বছরে ফি দিতে হয় ১৫ হাজার টাকা। এর বাইরে রয়েছে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানের খরচ। বাসায় ছেলের জন্য আলাদা শিক্ষককে দিতে হচ্ছে দুই হাজার টাকা। তিনি জানালেন, ছেলে যত বড় হবে, ততই বাড়বে খরচ।নগরের অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে শিশুদের মাসিক বেতন তিন হাজার ৩০০ টাকা। ভর্তি ফি ১৫ হাজার টাকা। সেনাবাহিনী পরিচালিত ‘প্রয়াস’ স্কুলে বেসামরিক অভিভাবকদের সন্তানদের ভর্তি ফি ২০ হাজার টাকা, বার্ষিক ফি আরও ২০ হাজার টাকা। মাসে বেতন পাঁচ হাজার টাকা। ভর্তির আগে শিশু কোন পর্যায়ের প্রতিবন্ধী, তা নির্ণয়ে ফি লাগে দেড় হাজার টাকা। প্রয়াসের অধ্যক্ষ লে. কর্নেল মো. ফখরুল আহ্সান বলেন, ‘সরকার যত দিন এসব শিশুর দায়িত্ব না নেবে, তত দিন প্রতিষ্ঠানের পক্ষে খরচ কমানো সম্ভব নয়।’খরচ দিয়েও অভিভাবকেরা সন্তুষ্ট নন: সেগুনবাগিচায় অর্গানাইজেশন ফর চিলড্রেনস কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টের (অর্কিড) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উম্মে কুলসুম প্রথম আলোকে জানান, প্রতিষ্ঠানে নিবিড় পরিচর্যাকেন্দ্র হিসেবে অটিস্টিক শিশুদের মনোবৈজ্ঞানিক চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুর সমস্যা অনুযায়ী এ চিকিৎসার পেছনে অভিভাবকদের খরচ সর্বোচ্চ এক লাখ টাকা। তাঁর দাবি, নিয়মিত চিকিৎসা নিলে অটিস্টিক শিশুরা ভালো হয়।জানা যায়, প্রতিষ্ঠানটিতে ৩০টি শিশুকে দেখভাল করেন ১০ জন। এর মধ্যে একমাত্র মনোবিজ্ঞানী উম্মে কুলসুম। কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন, এ প্রতিষ্ঠানে চিকিৎসার নামে শিশুদের পেটানো হয়। খাবার কম দেওয়া হয়। বাচ্চা সম্পর্কে জানতে চাইলে আলাদা ফি দিতে হয়। অভিভাবকদের এসব অভিযোগ অস্বীকার করে উম্মে কুলসুম জানান, নিজস্ব মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে তিনি শিশুদের চিকিৎসা দেন।স্কুল-বাণিজ্য: অটিস্টিক শিশু বা ব্যক্তির সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই। তবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস বলেন, মোট জনসংখ্যার ১০ শতাংশ প্রতিবন্ধী; এদের এক শতাংশ অটিস্টিক। সে হিসাবে দেশে অটিস্টিক ব্যক্তির সংখ্যা দেড় লাখ। জানা যায়, ভুক্তভোগী অভিভাবকদের অনেকেই নিজেরা উদ্যোগী হয়ে প্রতিষ্ঠান খুলছেন। ফলে এ ধরনের স্কুলের সংখ্যা বাড়লেও মান নিয়ে প্রশ্ন রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও অটিস্টিক শিশুর মা বাসনা মহুরী প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে অটিস্টিক শিশুদের জন্য অনেক স্কুল গড়ে উঠলেও তিনটি স্কুল ছাড়া বাকিগুলো চলছে স্রেফ বাণিজ্যিক উদ্দেশ্যে।’ ঢাকার কয়েকজন অভিভাবকও একই অভিযোগ করেন। মূলধারার স্কুলে ভর্তিযুদ্ধ: সব অভিভাবকই চান তাঁর সন্তান মূলধারার স্কুলে পড়বে। অন্তত প্রাথমিক পর্যায়ে অভিভাবকেরা সেই চেষ্টা করেন। শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিশু মনোবিজ্ঞানী নার্সিস রহমান প্রথম আলোকে বলেন, ‘অটিস্টিক শিশুদের কেউ কেউ একটু সহযোগিতা পেলে মূলধারার বিদ্যালয়ে পড়তে পারে।’ এ প্রসঙ্গে অভিভাবকদের কয়েকজন জানান, কেউ স্কুলে ভর্তি করতে চায় না। পীড়াপীড়ি বা চাপের মুখে ভর্তি করলেও কয়েক দিন পর বের করে দেয়। এ অবস্থা অভিভাবকদের জন্য অস্বস্তিকর।অটিস্টিক সন্তানের মা সাজিদা রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলের বয়স বর্তমানে ১৭। চিকিৎসক ছেলেকে মূলধারার বিদ্যালয়ে ভর্তি করতে বলেছিলেন। ৩০টিরও বেশি স্কুলে ছেলেকে নিয়ে ঘুরেছি। শিক্ষকদের সঙ্গে ঝগড়া করেছি। বর্তমানে ছেলে উত্তরায় একটি স্কুলে পড়ছে। সেই স্কুলে ছেলের জন্য আমিই আলাদা শিক্ষক রেখেছি।’