অটিস্টিক শিশুদের প্রিয় ঠিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা, তো-ম-কে ভালো বাসি, আই লা লাভ উ মা।’ চার বছরের ছোট্ট সুনেহরা যেদিন প্রথম ভেঙে ভেঙে এই কথাগুলো বলল, সেদিন আনন্দে কেঁদে ফেলেছিলেন মা শাম্মী আক্তার। অটিস্টিক সুনেহরার মুখে কথা ফোটাতে এই মা প্রাণান্ত চেষ্টা করেছেন। আজকাল টুকরো টুকরো কথা বলছে সুনেহরা।সুনেহরার মতোই একটু একটু কথা বলছে জাহিন, সানাই, আনা। এরা সবাই অটিস্টিক শিশু। তাদের বিকাশে কাজ করে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন’-এর বহির্বিভাগে প্রতিদিন গড়ে এ রকম ৬০টি শিশু সেবা পাচ্ছে। আর ঢাকায় থাকেন এমন বাবা-মায়েরা তাঁদের বাচ্চাদের নিয়ে আসছেন সেখানকার দিবাযত্ন কেন্দ্রে।ওই কেন্দ্রের কর্মসূচি সমন্বয়ক ও পরিচালক এবং বিএসএমএমইউর শিশু নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক শাহীন আক্তার জানান, বিশ্ববিদ্যালয় ১৯৯৯ সাল থেকে অটিস্টিক শিশুদের জন্য কাজ করে আসছে। সমস্যার ব্যাপকতা এবং বাবা-মায়েদের কষ্টের কথা ভেবেই বড় পরিসরে কেন্দ্রটি পুরোদমে চলছে গত মে মাস থেকে। বিএসএমএমইউর ওই কেন্দ্রটি এখন অটিস্টিক শিশুদের প্রিয় ঠিকানা। শিশু সানাইর মা দীপু হাজারি প্রথম আলোকে বলেন, সানাইর অস্বাভাবিকতা তিনি ধরতে পেরেছিলেন ওর তিন বছর বয়সেই। শিশুটি কথা বলত না, কখনো চোখে চোখ রাখত না। তিনি এক শিশু বিশেষজ্ঞের কাছ থেকে ছুটেছেন অন্যের কাছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। শেষ পর্যন্ত খোঁজ পান এই কেন্দ্রটির। এরপর চট্টগ্রাম থেকে সপরিবারে চলে এসেছেন ঢাকায়। সানাই এখন নিজের নাম বলতে শিখেছে।কেন্দ্রে ঠিক কী ধরনের সেবা দেওয়া হয় জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, অটিস্টিক শিশুদের সাধারণত তিন ধরনের সমস্যা হয়। তারা সামাজিক যোগাযোগে পারদর্শী হয় না, কেউ হাসলে জবাবে হাসে না, কিংবা ডাকলে সাড়া দেয় না। অন্যদিকে তাকিয়ে থাকে। যারা কথা বলতে শিখেছে, তাদের প্রশ্ন করলে উত্তর না দিয়ে প্রশ্নের পুনরাবৃত্তি করে। এ ছাড়া নিজের মনে বারবার একা একা একই ধরনের খেলা করে। অটিস্টিক শিশুদের সেবা দিতে গেলে আগে তার সমস্যাটা খুঁজে বের করতে হবে। প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের কাজটাই করে থাকেন তাঁরা। বাবা-মায়েদের বলে দেওয়া হয়, শিশুদের বিকাশে তাঁদের কী করতে হবে। কেন্দ্রটিতে তিন থেকে আট বছর বয়সী শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্রের সুবিধা আছে। সেখানে শিশুরা লেখাপড়া ও খেলাধুলার সুযোগ পায়। অটিস্টিক শিশুরা সাধারণভাবে একে অন্যের সঙ্গে মিশতে চায় না। কিন্তু ওই কেন্দ্রে একসঙ্গে গোল হয়ে বসে। কাগজে রং করে, ছড়া শেখে, নিজের কাজ নিজে করার চেষ্টা করে, একসঙ্গে খেলেও।এই কেন্দ্রে খরচও তুলনামূলকভাবে কম। অন্যত্র হাতেগোনা যে কটি কেন্দ্র আছে, সেখানে দিবাযত্ন কেন্দ্রে খরচ প্রতি মাসে পাঁচ-ছয় হাজার টাকা। বিএসএমএমইউতে খরচ মাসে এক হাজার টাকা।ওই কেন্দ্রের শিক্ষক মনিরা আক্তার প্রথম আলোকে বলেন, অটিস্টিক শিশুদের প্রত্যেকের ধরন একেবারে আলাদা। ওদের একটি নিয়মের মধ্যে আনা অনেক সাধনার কাজ। রুটিন অনুযায়ী শিশুদের ক্লাসে এসেই সারি বেঁধে জাতীয় সংগীত গাইবার কথা। প্রথম প্রথম এই কাজে তাদের ভীষণ আপত্তি ছিল। এখন নাম ডাকলে হাত তুলে বলে, ‘এসেছি’, যারা এখনো কথা শেখেনি তারা হাত তোলে। তিনি বলেন, ‘ওরা যখন একটা-দুটো কথা বলে, আমরা সৃষ্টির আনন্দ পাই।’ কেন্দ্রটির সুবাদে শিশুদের বাবা-মায়েরা নিজেদের মধ্যে কথা বলার সুযোগ পেয়েছেন। শিশু তূর্যের মা তাপসী কর্মকার বলেন, কথাবার্তা বললে তিনি অনেকটা হালকা হন। কে কীভাবে সন্তানের দেখাশোনা করেন সে সম্পর্কে জানতে পারেন। তবে, বিএসএমএমইউর কাছে তাঁদের দাবি, ওই কেন্দ্র থেকে যেন অভিভাবকদেরও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়। কারণ, কেন্দ্রে তিন-সাড়ে তিন ঘণ্টা কাটানোর পর তাঁদেরকেই বাচ্চার দেখাশোনা করতে হয়।কেন্দ্রের দিবাযত্ন কেন্দ্রে খুব বেশি শিশুকে ভর্তি করার মতো অবকাঠামো এখনো গড়ে ওঠেনি। বহির্বিভাগে সন্তানকে নিয়ে গতকাল রোববার বসে ছিলেন ফাতেমা আক্তার। তিনি সিরাজগঞ্জ থেকে এসেছেন। জানালেন, নানা জায়গা ঘুরে তবে পৌঁছেছেন এখানে। আবারও তাঁকে ফিরে যেতে হবে। কবে কখন ঢাকায় আসতে পারবেন, সন্তানের জন্য কতটা কী করতে পারবেন, তা নিয়ে তিনি শঙ্কিত। কেন্দ্রের পরিচালক শাহীন আক্তার বলেন, প্রাথমিকভাবে শিশু বিকাশ ক্লিনিকের চিকি ৎ সক ও স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই কর্মসূচি সফল করতে আরও অনেকটা পথ যেতে হবে। তাঁরা শিশুর মধ্যে অটিজম আছে কি না নির্ণয়ে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের সম্পৃক্ত করার সুপারিশ করেছেন। এতে প্রাথমিক পর্যায়েই আক্রান্ত শিশুকে খুঁজে বের করা সম্ভব হবে। এতে শিশুর অনেকটা উন্নতি করা সম্ভব হবে। এ ছাড়া অটিস্টিক শিশুদের লেখাপড়া, কর্মসংস্থানের জন্য একটা নীতিমালা করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।বিএসএমএমইউর কয়েকজন চিকি ৎ সক বলেন, অটিস্টিক শিশুরা বুদ্ধিহীন বলে যে ধারণা আছে, তা একেবারেই ভুল। পৃথিবীতে অনেক খ্যাতিমান মানুষ আছেন অটিস্টিক। ওই কেন্দ্রের শিশুরাও তা-ই প্রমাণ করুক—এটা সবারই কামনা।