অটিস্টিক শিশুরা কোনোভাবেই বোঝা নয়: প্রধানমন্ত্রী (ভিডিও)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শারীরিকভাবে প্রতিবন্ধী, বিশেষ করে অটিস্টিক শিশুরা কোনোভাবেই বোঝা নয়; বরং তারা দেশের মূল্যবান সম্পদ। এ জন্য তাদের সুপ্ত প্রতিভা বিকাশে তাঁর সরকার যা কিছু প্রয়োজন তা করবে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৩ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষণকালে এ কথা বলেন। খবর বাসসের। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজসেবা অধিদপ্তর, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।শেখ হাসিনা শারীরিক প্রতিবন্ধীদের প্রতি সবার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিবন্ধীদের প্রতি আমাদের আরও মনোযোগী ও সহানুভূতিশীল হতে হবে। শারীরিক প্রতিবন্ধীরা এ সমাজেরই অংশ। এ জন্য তাদের আরও স্নেহ-ভালোবাসার মাধ্যমে লালন-পালন করতে হবে।’ প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের সমান অধিকার এবং তাদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের সভাপতিত্বে আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং একই মন্ত্রণালয়ের সচিব রণজিত্ কুমার বিশ্বাস বক্তব্য দেন।