অটোরিকশা ছিনতাই করে চাঁদা দাবি, তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও এলাকা থেকে গত বুধবার একটি বস্তাসহ সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন ৫০ বছর বয়সী এক ব্যক্তি। চালককে বললেন, শংকরে যাবেন। শংকরে যাওয়ার পর তিনি চালককে বস্তাটি নামিয়ে দিতে অনুরোধ করেন। চালক অটোরিকশা থেকে নামামাত্র কয়েকজন যুবক এসে তাঁকে গামছা দিয়ে বেঁধে মারধর শুরু করে। এরপর তারা সবাই অটোরিকশা নিয়ে বেড়িবাঁধের দিকে পালিয়ে যায়। পুলিশ গত বুধ ও শুক্রবার অভিযান চালিয়ে ওই সিএনজিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামুন সিকদার ওরফে সিএনজি সিকদার (২৮), মামুন সরদার (২১) ও মো. আলমগীর ওরফে পিঠা আলমগীর (৫০)। এঁদের মধ্যে মামুন সিকদার চক্রের প্রধান। ঘটনার দিন মো. আলমগীর যাত্রীবেশে অটোরিকশায় উঠেছিলেন।হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন করিম জানান, উদ্ধার হওয়া অটোরিকশাচালকের নাম রাফিউল আলম। ঘটনার পরপর তিনি টহল পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ওয়্যারলেসের মাধ্যমে বেড়িবাঁধ এলাকায় টহল পুলিশকে জানায়। রাত তিনটার দিকে ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে বেড়িবাঁধের কোম্পানিঘাট এলাকায় এলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় ছিনতাইকারী চক্রের সদস্য মামুন সরদার অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। অন্যরা অটোরিকশা নিয়ে পালিয়ে যান।এসআই জানান, মামুন সরদারকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে হাজারীবাগ থানার বছিলা সড়ক এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। এরপর গতকাল শুক্রবার দুপুর একটার দিকে রায়েরবাজার এলাকার এক বাসায় অভিযান চালিয়ে অন্য দুই সদস্য মামুন সিকদার ও মোহাম্মদ আলমগীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তাঁরা সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন গাড়ি ছিনতাই করেন এবং গাড়ির পেছনে লেখা মুঠোফোনে ফোন করে চাঁদা দাবি করেন।যোগাযোগ করা হলে উদ্ধার হওয়া অটোরিকশার মালিক মোহাম্মদ আলী প্রথম আলোকে জানান, ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিল।থানা সূত্র জানায়, মামুন সিকদার শ্যামপুর থানার একটি ছিনতাই মামলার আসামি। সম্প্রতি এক মাস জেল খেটে তিনি জামিনে বের হয়ে আসেন। মামুন সরদারের বিরুদ্ধে উত্তরা থানায় একটি ছিনতাই মামলা আছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে আরও দুই সদস্যের নাম বলেছেন। চক্রটি পাঁচ-ছয় বছর ধরে এ ধরনের অপরাধ কর্মকাণ্ড করে যাচ্ছে।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।