অটোরিকশা ছিনতাইকারী আটক
রাজধানীর মতিঝিল এলাকায় গতকাল রোববার চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে সিএনজি অটোরিকশা ছিনতাইকালে গ্রেপ্তার হয়েছেন অজ্ঞান পার্টির এক সদস্য। অচেতন অবস্থায় চালক খোকন মোল্লাকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, গতকাল রাত নয়টার দিকে অজ্ঞান পার্টির তিন সদস্য মতিঝিলের নটর ডেম কলেজের সামনে কৌশলে অটোরিকশাচালক খোকন মোল্লাকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ালে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় অটোরিকশাটি নিয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত এসআই মফিজুর বিষয়টি টের পেয়ে অজ্ঞান পার্টির সদস্য রিপন মৃধাকে (২৬) জাপটে ধরেন। অন্য দুজন ফজলুর রহমান ও মাওলা পালিয়ে যান। আটক রিপনের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়। খোকন মোল্লাকে পরে ওই হাসপাতালে নেওয়া হয়।হাসপাতালে জ্ঞান ফেরার পর অটোরিকশাচালক খোকন জানান, ফজলু যাত্রাবাড়ী থেকে তাঁর অটোরিকশায় মতিঝিলে যান। সেখানে বাকি দুজনের সহযোগিতায় তাঁর অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা চালান। অজ্ঞান পার্টির সদস্যরা কী খাইয়েছিলেন, তা জানাতে পারেননি খোকন।এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা হয়েছে।