অটোরিকশাকে ধাক্কা দিয়ে চলে গেল র্যা বের গাড়ি, আহত ৫
রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত চলে গেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) একটি গাড়ি। এতে অটোরিকশাটি উল্টে দুমড়েমুচড়ে গেছে এবং চালক, যাত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে পথচারীরা হাসপাতালে নিয়ে যায়।গতকাল রোববার বেলা আড়াইটার দিকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে বেইলি রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন: অটোরিকশাচালক সবুজ, অটোরিকশার যাত্রী হালিমা বেগম, তাঁর মেয়ে মরিয়ম, মেয়ের জামাই আবু কালাম ও রিকশার যাত্রী মাহবুব আলম। অটোরিকশায় মরিয়ম-কালাম দম্পতির দুই বছরের মেয়ে লামিয়াও ছিল। দুর্ঘটনার সময় মা তাকে বুকে জড়িয়ে ধরায় সে অক্ষত আছে। দুর্ঘটনার কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর ওই মোড় অতিক্রম করে বেইলি রোডের দিকে গেছে বলে জানা গেছে।বেইলি রোডে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন সবুজ প্রথম আলোকে জানান, মহাখালী থেকে যাত্রীদের নিয়ে তিনি গুলিস্তান যাচ্ছিলেন। মগবাজার থেকে বেইলি রোডের মুখে এলে সার্জেন্ট থামান। এরপর দ্রুতগতিতে র্যা বের দুটি গাড়ি ওই মোড় পার হয়। মিনিট খানেক পর সার্জেন্ট সংকেত দিলে তিনি এগোতে থাকেন। ঠিক এ সময় দ্রুতগতিতে র্যা বের লাল রঙের একটি গাড়ি তাঁর অটোরিকশাকে ধাক্কা দিয়ে বেইলি রোডের দিকে চলে যায়। এরপর কী হয়েছে, তা তিনি জানেন না। জ্ঞান ফেরার পর দেখেন, তিনিসহ যাত্রীরা হাসপাতালে।আহত যাত্রী আবু কালামও ঘটনার একই বর্ণনা দেন। তিনি জানান, তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। দুই বছরের মেয়ে লামিয়াকে নিয়ে তিনি মহাখালীর কলেরা হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে অটোরিকশায় গুলিস্তান যাচ্ছিলেন সোনারগাঁয়ের বাস ধরতে। পথে এই দুর্ঘটনা।প্রত্যক্ষদর্শী এবং সেখানে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশের সার্জেন্ট প্রথম আলোকে জানান, পর পর কয়েকটি র্যা বের গাড়ি চলে যাওয়ার পর হঠাৎ র্যা বের লাল রঙের একটি দ্রুতগামী গাড়ি অটোরিকশাকে ধাক্কা দিয়েই চলে যায়। গাড়িটিতে পোশাকধারী র্যা ব সদস্যরাও ছিলেন। দুর্ঘটনার পর র্যা বের গাড়িটি থেমেছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘না, থামেনি।’ তিনি জানান, কয়েকজন পথচারীর সহায়তায় তিনি আহতদের হাসপাতালে নেন।র্যা বের ওই গাড়ি স্বরাষ্ট্রমন্ত্রীর বহরে ছিল কি না, জানতে চাইলে ওই সার্জেন্ট বলেন, ‘মনে হয় না। কারণ, স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর চলে যাওয়ার কিছুক্ষণ পর এটি এসেছিল।’দুর্ঘটনার বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘আমরা ঘটনাটি জেনেছি। হাসপাতালে পুলিশও পাঠানো হয়েছে। আহতদের কথা রেকর্ড করা হয়েছে। তাঁরা যদি কেউ থানায় এসে অভিযোগ দেন, তাহলে মামলা হবে।’ গাড়িটি র্যা বের কোন ইউনিটের, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সেটি খোঁজার চেষ্টা করছি।’হাসপাতালে গিয়ে দেখা যায়, আহত আবু কালাম, তাঁর স্ত্রী ও শাশুড়িকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিৎকার করে কাঁদছে শিশু লামিয়া।কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল ফারাবি বলেন, ‘অটোরিকশার আহত তিন যাত্রী কোমরে ব্যথা পেয়েছেন। বিভিন্ন স্থানে কেটে গেছে। জরুরি চিকিৎসা দেওয়ার পর তাঁদের পঙ্গু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছি আমরা।’চিকিৎসাধীন আহত অপরজন মাহবুব আলম তিতুমীর সরকারি কলেজের ফিন্যান্স বিভাগের ছাত্র। তিনি বলেন, র্যা বের গাড়ির ধাক্কায় অটোরিকশাটি উল্টে তাঁর রিকশায় এসে পড়ে। এরপর তিনি জ্ঞান হারান।মাহবুবের বড় ভাই মোবারক হোসেন বলেন, ‘ভাই, দুর্ঘটনার পর যদি র্যা বের গাড়িটি থামত, আহতদের হাসপাতালে আনত, তাহলে আমরা স্বস্তি পেতাম। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই যদি আমরা নিরাপদ না হই, তাহলে কোথায় যাব?’র্যা ব-৩-এর অপস শাখার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার র্যা বের গাড়ির সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগার বিষয়টি স্বীকার করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।