অটোরিকশাচালক লিটনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
মৌলভীবাজারের কুলাউড়ায় নিহত অটোরিকশাচালক লিটনের স্মরণে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৮ আগস্ট বিকেলে শোকসভা করেছে। সভায় বক্তারা লিটনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ওই দিন বিকেল সাড়ে পাঁচটায় পৌর শহরের শহীদ মিনার চত্বরে হাবিবুর রহমানের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য দেন অটোরিকশা শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, পরিবহন শ্রমিক ইউনিয়নের কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুস শহীদ, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উপজেলা কমিটির সভাপতি লিয়াকত আলী, শাহজাহান তালুকদার, আকবর আলী, ইসলাম উদ্দিন প্রমুখ।সভায় বক্তারা ক্ষোভের সঙ্গে বলেন, ‘কুলাউড়ায় অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। এতে চালকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। যাত্রীবেশী ছিনতাইকারীরা প্রায়ই চালকদের সর্বস্ব লুটে নেয়। লিটনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’ সভা শেষে একটি শোকযাত্রা শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়ার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের রাকেশ মালাকারের ছেলে রথীন্দ্র মালাকার ওরফে লিটন (২৫) পাশের বনগাঁও গ্রামের বিশ্বজিৎ নাইডুর মালিকানাধীন একটি সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। গত ২৮ জুলাই অটোরিকশা নিয়ে বেরিয়ে যাওয়ার পর লিটন আর ফেরেননি। গত ৩১ জুলাই বিকেল চারটার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি সেতুর নিচ থেকে পুলিশ লিটনের লাশ উদ্ধার করে।সূত্র জানায়, ১ আগস্ট রাতে কুমিল্লা শহরে ছিনতাই করা অটোরিকশাটি বিক্রির চেষ্টাকালে পুলিশ কালাম মিয়া (২৫), আলিম উদ্দিন (২২) ও নিমার আলী (২৩) নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁদের বাড়ি কুলাউড়ার বরমচাল ইউনিয়নের শ্রীপুর গ্রামে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে ছিনতাইকারীরা অটোরিকশাটি ভাড়া করে। পরে চালককে হত্যা করে তারা অটোরিকশাটি নিয়ে পালায়। কুমিল্লায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের রিমান্ডে আনার প্রক্রিয়া চলছে।’