চট্টগ্রামে গাড়িতে চালকের পরিচয়পত্র থাকে না
অটোরিকশার চালক সেজে মলম-অজ্ঞান পার্টি সক্রিয়
নৌবাহিনীর একজন লে. কমান্ডারের স্ত্রী তারান্নুম মেহের গত ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম নগরের আগ্রাবাদ থেকে সিএনজিচালিত অটো-রিকশায় আন্দরকিল্লায় যাচ্ছিলেন। ইস্পাহানী মোড়ে চালক গাড়ির গতি কমিয়ে দিলে দুই পাশ দিয়ে তিন সন্ত্রাসী অটোরিকশায় ওঠে। এরপর চালক অটোরিকশা নিয়ে আউটার স্টেডিয়ামের রাস্তা ঘুরতে থাকে। এই ফাঁকে তিন সন্ত্রাসী তারান্নুমের কাছ থেকে স্বর্ণের চেইন, একটি মোবাইল ফোনসেট ও ৬০০ টাকা ছিনিয়ে চোখে মলম দিয়ে নামিয়ে দেয়। একই কায়দায় কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা এরশাদ মিয়া ও চিকিৎসক দীনেশ চন্দ্র শীল সিএনজিতে উঠে মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারান। এভাবে প্রায় প্রতিদিনই নগরে মলম পার্টি ও অজ্ঞান পার্টির সদস্যরা অটোরিকশার চালক সেজে যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে। নগরে সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে তাদের তৎপরতা। তারান্নুমের ছিনতাই হওয়া মোবাইল ফোনসেটটি মলম পার্টির দলনেতা মিরাজের কাছ থেকে উদ্ধার হয়েছে। ১৯ মার্চ চান্দগাঁও থানার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি পুলিশকে তাঁর আরও ছয় সহযোগীর নাম বলেছেন। তাঁরা হলেন: হাশেম, আবদুল্লাহ, এমরান, আজাদ, আমির ও সাহাবউদ্দিন। কোতোয়ালি থানার পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মহসীন জানান, মলম পার্টির সাত সদস্যই অটোরিকশাচালক। অজ্ঞান পার্টি একই কায়দায় নগরে তৎপরতা চালাচ্ছে। মলম পার্টি চক্রের নেতা মিরাজ বহদ্দারহাট পাক্কার মাথার দেলোয়ার কোম্পানির সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। মলম পার্টির সদস্য জেনে দেলোয়ার কোম্পানি তিন মাসের মধ্যে তাঁকে বিদায় করে। এরপর মিরাজ অন্য অটোরিকশার বদলি চালক হয়ে ছিনতাই করতেন।নগর পুলিশ জানায়, তিন মাসে মলম পার্টির সন্ত্রাসীদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ১৬টি মামলা হয়েছে। এসব ঘটনার হোতা মিরাজ। এর বাইরে প্রতিদিন মলম বা অজ্ঞান পার্টির সদস্যরা অসংখ্য ঘটনা ঘটাচ্ছে। কিন্তু আইনি ঝামেলা ও হয়রানির কারণে বেশির ভাগ লোকই মামলা করতে চায় না। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৭ সালে প্রতিটি সিএনজিচালিত অটোরিকশায় চালকের ছবিসহ বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং মালিকের নাম-ঠিকানাসংবলিত পরিচয়পত্র গাড়ির মধ্যে টানানোর নিয়ম চালু হয়। এতে যাত্রীরা গাড়িতে উঠে সহজে চালক ও মালিকের পরিচয় পেত। কিন্তু এক বছর ধরে এ নিয়ম মানা হচ্ছে না। এ কারণে চালকদের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বেড়ে গেছে। মহানগর উপপুলিশ কমিশনার (যানবাহন) ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, ‘অটোরিকশায় চালক-মালিকের পরিচয়পত্র রাখার নিয়ম আবার মে মাস থেকে চালু করা হবে। এর আগে আমরা প্রতিটি অটোরিকশার দুই পাশে লোহার বেড়া লাগানো বাধ্যতামূলক করেছি।’পুলিশ সূত্র জানায়, নগরে সিএনজিচালিত অটোরিকশা ১৩ হাজার বলা হলেও এর সংখ্যা ১৪ হাজারের বেশি। আর চালকের সংখ্যা ২৪-২৫ হাজার। প্রতিটি গাড়ির প্রকৃত চালক একজন করে। প্রকৃত চালকেরা অসুস্থ থাকলে বদলি চালক গাড়ি চালায়। এ বদলি চালকেরা অপরাধে জড়িয়ে পড়ছে।নগরে অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রায় প্রতিদিনই কেউ না কেউ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে। পুলিশ জানায়, তাঁদের কাছে তথ্য আছে, নগরে অজ্ঞান পার্টির ১৬ সদস্যের একটি চক্র আছে। এ চক্রের সদস্যদের মধ্যে মিলন, নুরু, জসিম, আলমগীর, শাহজাহান, সেলিম ও জাহিদ অন্তত তিনবার গ্রেপ্তার হন। পরে আবার তাঁরা জামিনে বেরিয়ে যান। নগরের প্রবেশপথ অলংকার ও বহদ্দারহাট ছাড়াও কয়েকটি কর্মব্যস্ত সড়কে তারা সক্রিয়। তারা সাধারণ মানুষকে অজ্ঞান করে মালামাল ও টাকা ছিনিয়ে নেয়। এ ক্ষেত্রে আবার মৃত্যুর ঘটনাও ঘটছে।সম্প্রতি দেওয়ানহাট মোড়ে সিটি সার্ভিসের একটি বাস থেকে ২২ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবককে উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন বলে পুলিশ নিশ্চিত করেছে। একইভাবে কিছুদিন আগে বটতলী রেলস্টেশন থেকে উদ্ধার তুহিন রেজাও (৩৫) অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মারা যান। কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন বলেন, অজ্ঞান পার্টির সদস্য নুরুর বাঁ হাত ভাঙা। ডান হাত দিয়ে অটোরিকশা চালান তিনি। তাঁর সঙ্গে গাড়ি চালানো প্রতিযোগিতায় অন্য চালক পারবে কি না সন্দেহ আছে। চট্টগ্রাম মহানগর বেবিট্যাক্সি ও অটোরিকশা সিএনজি মালিক সমিতির সভাপতি বাবুল দত্ত বলেন, ‘বদলি চালকেরা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। মালিকের অগোচরে আসল চালক বদলি চালককে কয়েক ঘণ্টার জন্য গাড়ি ভাড়া দেয়। ওই সময় গাড়ি ব্যবহার করে অপরাধী চক্র কাজ করে।’