অটোরিকশার বরাদ্দ নিয়ে বাণিজ্য
সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন নিয়ে এখন ‘বাণিজ্য’ চলছে। মেয়াদোত্তীর্ণ বাহন মিশুকের বদলে অটোরিকশার নিবন্ধন পাইয়ে দিতে মালিক ও শ্রমিক নেতাদের সমন্বয়ে গড়ে ওঠা একটি চক্র দুই লাখ টাকা করে কমিশন নিচ্ছে।অনুসন্ধানে জানা যায়, কিছু অটোরিকশা মালিক ও শ্রমিক নেতা ঢাকার বাইরে থেকে মেয়াদোত্তীর্ণ মিশুক কিনে রেখে দিয়েছেন। এখন এগুলোর বদলে অটোরিকশার নিবন্ধন পেতে আবেদন করা হয়েছে। প্রতিটি নিবন্ধন দুই লাখ টাকার বিনিময়ে বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। এ চক্রের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। তিনি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তাঁর সঙ্গে রয়েছেন সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির নেতা বরকত উল্লাহ, নাজমুল হাসান, শ্রমিক নেতা মোখলেছুর রহমানসহ ৩০-৪০ জনের একটি দল।ওই চক্র মধ্যস্বত্বভোগী হিসেবে ৫০-৬০ কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে। নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) তাদের এই অপকর্ম করার সুযোগ করে দিতে নতুন অটোরিকশা বরাদ্দের নীতিমালা শিথিল করেছে বলে অভিযোগ উঠেছে।২০০৩ সালেও ডিজেলচালিত অটোরিকশার বদলে সিএনজিচালিত অটোরিকশা বরাদ্দের ক্ষেত্রে প্রায় ২০০ কোটি টাকার বাণিজ্য হয়েছিল বলে অভিযোগ আছে। বর্তমান চক্রের নেতা মোখলেছুর রহমান ২০০৩ সালে অটোরিকশা কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারাভোগ করেন। বরকত উল্লাহ ও নাজমুল হাসানসহ অন্যরাও সেই সময় অনিয়মের মাধ্যমে ২০-৫০টি করে অটোরিকশা নেন। ঢাকায় বর্তমানে যে ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলছে, সেগুলোরও নিয়ন্ত্রণ করছে এই চক্র।গত ২২ জুলাই রাজধানীতে দুই হাজার ৬৯৬টি মেয়াদোত্তীর্ণ মিশুকের পরিবর্তে সমানসংখ্যক সিএনজিচালিত অটোরিকশা দেওয়ার সিদ্ধান্ত নেয় যোগাযোগ মন্ত্রণালয়। ২৫ অক্টোবর নতুন অটোরিকশার নিবন্ধনের জন্য আবেদন চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় বিআরটিএ। এতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ যেসব মিশুকের মালিক ঢাকায় বসবাস করেন, তাঁদের মধ্যেই নতুন অটোরিকশা বিতরণ করা হবে। তবে নথিপত্রে দেখা গেছে, দুই হাজার ৬৯৬টি মিশুকের মধ্যে মাত্র ১৭৭টি ঢাকায় আছে। বাকিগুলোর মেয়াদ দুই থেকে ১৬ বছর আগে শেষ হয়ে গেছে। মিশুকের মেয়াদ সরকার নয় বছর নির্ধারণ করে দিয়েছে। এরপর সেগুলো ঢাকার বাইরে চলে যাওয়ার কথা। বিআরটিএ সূত্র জানিয়েছে, প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে অটোরিকশা পেতে পারেন, সে জন্য বণ্টন নীতিমালায় কিছু শর্ত জুড়ে দিতে চেয়েছিল বিআরটিএ। এর মধ্যে ছিল, মেয়াদোত্তীর্ণ মিশুকের প্রকৃত মালিককে সশরীরে এসে আবেদনপত্র জমা দিতে হবে; প্রকৃত মালিক কি না, তা পরীক্ষা করে সত্যায়নের ব্যবস্থা করবে বিআরটিএ। কিন্তু ওসমান আলী চক্রের চাপে শর্ত বাদ দিয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি দেয় বিআরটিএ।গত বৃহস্পতিবার পর্যন্ত প্রায় এক হাজার ১০০টি আবেদন পড়েছে। বিআরটিএ সূত্র জানিয়েছে, এর সবগুলোই ঢাকার বাইরে থেকে কেনা। নীতিমালার শর্ত শিথিল করার কারণে প্রকৃত মালিকেরা আবেদন করেননি।জানতে চাইলে বিআরটিএর চেয়ারম্যান আয়ুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, আবেদন যেই করুক, প্রকৃত ক্ষতিগ্রস্ত ছাড়া কাউকে অটোরিকশা দেওয়া হবে না। পাঁচ সদস্যের একটি কমিটি যাচাই-বাছাই করেই সুপারিশ করবে। কমিশন বাণিজ্যের বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন। নীতিমালা সম্পর্কে তিনি জানান, এই নীতিমালা দিয়েই প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিত করা যাবে।মালিক-শ্রমিক চক্র: চক্রটি পুরোনো মিশুকের পরিবর্তে অটোরিকশার বরাদ্দ নিয়ে বাণিজ্য করার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু সুবিধা করতে পারেনি। একপর্যায়ে ওসমান আলীকে সম্পৃক্ত করা হয়। ওসমান আলী যে ফেডারেশনের সাধারণ সম্পাদক, সেই ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। পরিবহন খাতের সিদ্ধান্ত নেওয়ার জন্য যত বৈঠক হয়, তার প্রায় সবগুলোতেই নৌমন্ত্রীর উপস্থিতি অপরিহার্য। উপস্থিত থাকেন ওসমানও।জানতে চাইলে ওসমান আলী প্রথম আলোকে বলেন, ‘মিশুকের পরিবর্তে সিএনজিচালিত অটোরিকশা বরাদ্দের জন্য মালিক-শ্রমিকেরা যে আন্দোলন করেছিলেন, আমি তার অংশ ছিলাম। সরকারকে চাপ দিয়ে এটা বন্দোবস্ত করেছি। কিন্তু আমার নাম বিক্রি করে কেউ টাকা নিলে দুঃখজনক। আমি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবাদ জানাব।’বাণিজ্য হচ্ছে যেভাবে: প্রতিটি সিএনজি পাইয়ে দেওয়ার নাম করে দুই লাখ টাকা করে দিয়েছেন পীরজঙ্গি মাজার এলাকার কালাম মোল্লা, আলী আকবর, জহির ও মাইনুল। ক্রেতা সেজে কথা বললে মাইনুল বলেন, ‘ঢাকা মহানগর সিএনজিচালিত অটোরিকশা ওনার্স অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মঈন খানকে দুই লাখ টাকা দিয়েছি একটি অটোরিকশার জন্য। তাঁর (মঈন) সঙ্গে ওসমান আলীসহ মন্ত্রীদের লাইন আছে। আপনি চাইলেও নিতে পারবেন এভাবে।’কালাম মোল্লাকে ক্রেতা সেজে মুঠোফোনে জিজ্ঞেস করলে বলেন, ‘আপনি পীরজঙ্গি মাজারের কাছে আসেন, ব্যবস্থা হবে।’জানতে চাইলে মঈন খান দাবি করেন, তিনি নিবন্ধন দেবেন তা বলেননি। দুই লাখ টাকায় পুরোনো মিশুক বিক্রি করেছেন। তিনি এসব মিশুক ঢাকার বাইরে থেকে কিনেছিলেন। আপনি বা যাঁর কাছে বিক্রি করলেন তাঁরা তো প্রকৃত মালিক না। তাহলে কীভাবে পাবেন? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সরকার যেহেতু বিজ্ঞপ্তি দিয়েছে, একটা ব্যবস্থা হবেই।প্রথম আলোর অনুসন্ধানে পাওয়া গেছে, মালিক-শ্রমিক নেতাদের এই চক্রটি রাজধানীর খিলগাঁও, সিপাহিবাগ, বাড্ডা, যাত্রাবাড়ী, ভাটারা, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় এ পর্যন্ত প্রায় দেড় হাজার মেয়াদোত্তীর্ণ মিশুক কিনে জমা করেছে। এগুলোর পরিবর্তে নতুন সিএনজিচালিত অটোরিকশার জন্য আবেদন করা হয়েছে। পেলে বরাদ্দ দেওয়া হবে—এই বলে কমিশন নেওয়া হচ্ছে।সিপাহিবাগ ঝিলপাড়ে এক বাসা এবং তার কাছেই খোলা জায়গায় অন্তত ৬০-৭০টি পুরোনো মিশুক ফেলে রাখতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এগুলো মোখলেছুর রহমানের। এর পাশের এক গ্যারেজে অনেকগুলো পুরোনো মিশুক রেখেছেন স্থানীয় অটোরিকশা ব্যবসায়ী মকবুল হোসেন।ক্রেতা সেজে মকবুলের গ্যারেজে গেলে তিনি জানান, এগুলো সব তাঁর নয়। স্থানীয় একাধিক ব্যক্তি কিনে রেখে দিয়েছেন। এখন এগুলোর পরিবর্তে কত টাকায় অটোরিকশা পাওয়া যাবে সে বিষয়ে দর-কষাকষি চলছে। ভাটারায় অনেক মিশুক রেখে দিয়েছেন ঢাকা মহানগর সিএনজিচালিত অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন।জানতে চাইলে মোশাররফ হোসেন জানান, তিনি ৩৩টি মিশুক কিনেছেন প্রতিটি ৯৩ হাজার টাকা দরে। তিনি দাবি করেন, বিআরটিএ নথিপত্রে তাঁর মালিকানার দলিল না থাকলেও ওকালতনামা দিয়ে তিনি আবেদন করছেন। আপনি তো নিজে মালিক নন, তাহলে কীভাবে পাবেন? এমন প্রশ্নের জবাবে মোশাররফ বলেন, ‘নেতারা বলেছেন আবেদন করতে। ঝুঁকি নিয়েছি।’ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, বিআরটিএ শর্ত শিথিল করে ২০০৩ সালের সিএনজিচালিক অটোরিকশা কেলেঙ্কারির নায়কদের বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে।আগের কেলেঙ্কারি: ২০০৩ সালে পরিবেশের কথা বলে সরকার ৩৫ হাজার বেবিট্যাক্সি তুলে দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে সময় তৎকালীন যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা, বিএনপির সাবেক সাংসদ জি এম সিরাজ, বিতর্কিত ব্যবসায়ী গিয়াস আল মামুনসহ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের একাধিক নেতার বিরুদ্ধে নিবন্ধন পাইয়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। আর নাজমুল হুদার বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি মাত্র কোম্পানি থেকে অটোরিকশা কেনার ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ ছিল। তখন পৌনে দুই লাখ টাকার অটোরিকশা চার থেকে পাঁচ লাখ টাকায় বিক্রি হয়। পরে যোগাযোগ মন্ত্রণালয়ের তদন্তে এর সত্যতা মেলে। ২০০৪ সালে অটোরিকশার নিবন্ধন বন্ধ করে দেওয়া হয়।