অট্টহাসি হেসে গেলেন ফেঁসে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হা হা করে অট্টহাসিতে ফেটে পড়েন রবার্ট শিয়াভেলি নামের একজন মার্কিন নাগরিক। কিন্তু সে হাসি বিরক্তিকর ঠেকে প্রতিবেশী ড্যানিয়েল ও’হ্যানিয়নের কাছে। তিনি এতই ক্ষিপ্ত হন যে, পুলিশের কাছে অভিযোগ করেন শিয়াভেলির বিরুদ্ধে। তদন্তে ফেঁসে যান তিনি। দোষী সাব্যস্ত হওয়ায় এখন ৩০ দিনের কারাভোগের দণ্ডাদেশ ঝুলছে তাঁর কাঁধে। একই সঙ্গে ৫০০ ডলার জরিমানাও করা হয়েছে।রয়টার্সের খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে নিউইয়র্কের লং আইল্যান্ডে, রকভিল সেন্টারে। শিয়াভেলি (৪১) সেখানে মায়ের সঙ্গে নিজ বাড়িতে থাকেন। গত মঙ্গলবার স্থানীয় এক আদালতে শুনানির পর বিচারক এ রায় দেন।শিয়াভেলির আইনজীবী অ্যান্ড্রু ক্যাম্পানেলি বলেন, শিয়াভেলি স্নায়বিক সমস্যায় ভুগছেন। তবে তাঁর হাসির শব্দ এতটা বিকট হয়নি যে, তা বিরক্তির কারণ হতে পারে। শিয়াভেলির অভিযোগ, হ্যানিয়ন প্রতিনিয়ত তাঁকে ব্যঙ্গ-বিদ্রূপ করে আসছেন। এর পাল্টা জবাব দিতে গিয়েই তিনি হো হো করে হেসেছেন। প্রতিবেশী হ্যানিয়নের বাড়ি ও তাঁর বাড়ির মধ্যবর্তী দূরত্ব ২০ ফুটের মতো।রকভিল সেন্টার পুলিশ বিভাগ জানায়, ১২ ও ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিয়াভেলির অট্টহাসির বিষয়ে তারা অভিযোগ পেয়েছে। তদন্তের পর শিয়াভেলির দোষ প্রমাণিত হওয়ায় প্রচলিত আইনে তাঁকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।