নারীনীতির পক্ষে-বিপক্ষে আমরা অনেকেই অনেক কিছু বলি। কিন্তু একটি মেয়ে যখন তাঁর সন্তানসহ একা হয়ে যান, তাঁর স্বামী তাঁকে ফেলে চলে যান তখন সেই মেয়েটির অবস্থা কতখানি কঠিন হতে পারে তা নিয়ে আমরা কেউ মাথা ঘামাই না। আমাদের সমাজে কারণে-অকারণে মেয়েদের দোষারোপ করা হয়। কিন্তু পুরুষের বিভিন্ন রকম অত্যাচার-নির্যাতনের শিকার এই অসহায় মেয়েরা অনেক সময় নিজের অজান্তেই বিরাট বিপদে পড়ে যান। আমার এক আত্মীয়া পোশাক কারখানায় চাকরি করতে করতে সেখানকারই এক সহকর্মীকে বিয়ে করেন। পরে সন্তান হলে চাকরি ছেড়ে দেন। স্বামীর ওপর অগাধ বিশ্বাসে চলতে থাকে সংসার। বাচ্চার বয়স এখন মাত্র দেড় বছর, হঠাৎ কিছু না বলে স্বামী চলে যান অজানা গন্তব্যে। হয়তো অন্য কোনো সহকর্মীকে নিয়ে। আর মেয়েটির অবস্থা? অবুঝ শিশুসন্তান, হাজার ছয়েক টাকা ঋণের বোঝা আর একেবারেই অনিশ্চিত একটি ভবিষ্যৎ মেয়েটির সামনে। কেউ কি দিতে পারে ওর সমস্যার সমাধান? আমাদের এই দেশের হাজারো সমস্যার ভিড়ে এসবের প্রতিকার কে করবে? আইন-আদালত, সমাজ, নাকি রাষ্ট্র? নাজমা ইয়াসমীন, গাজীপুর।