অতঃপর ছিনতাই এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন অধিকার পাতায় ১৬ অক্টোবর ‘অতঃপর ছিনতাই’ শীর্ষক প্রতিবেদনটি পড়ে আমার এক বন্ধুর ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা মনে পড়ে গেল। প্রতিবেদনে বর্ণিত পদ্ধতির মতোই ছিনতাইয়ের শিকার সে। ছেলেটির নাম মিরাজ। যথেষ্ট স্মার্ট আর সাহসী। বাড়ি থেকে ট্রেনে কমলাপুর স্টেশনে নেমেছে রাত ১০টায়। কমলাপুর ওভারব্রিজ পেরিয়ে যাত্রাবাড়ী রোডে দাঁড়িয়েছে তুরাগ বাসের অপেক্ষায়। বাস আসছে না দেখে একটু সামনে এগোয় কোনো রিকশা পাওয়ার আশায়। ঠিক তখনই চারজন ছিনতাইকারী তাকে আটকায়। মিরাজ তার সাহস দেখানোর আগেই বুঝতে পারে ছিনতাইকারী চক্রের সঙ্গে আরও দুজন নারী সদস্য আছে। তারা চাপা গলায় বলে, ‘কোনো কথা না বলে যা আছে দিয়ে যা। নইলে তোকে ফাঁসিয়ে দেব।’ নারীঘটিত ব্যাপারে মিরাজ সাহস দেখানোর দৃঢ়তা হারিয়ে ফেলে। সঙ্গে থাকা চার হাজার টাকা ও একটি মুঠোফোন ততক্ষণে তার পকেট থেকে হাওয়া। এই হলো রাজধানীতে ছিনতাইয়ের অভিনব পদ্ধতি। নগরের বেশ কিছু স্থান চিহ্নিত ছিনতাই স্পট হিসেবে পরিচিত। আবার কিছু স্থান আছে, যেখান দিয়ে ভাসমান যৌনকর্মীদের জন্য চলাফেরা করা দায়। কাকরাইলে রাজমণি সিনেমা হলের সামনেও তা লক্ষ করা যায়। এসব কারণে নগরের নাগরিকদের জীবনে নাভিশ্বাস উঠেছে। ছিনতাইয়ের আতঙ্কে নিরাপদে চলাচল করারও সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তাগিদ দেখা যায় না নগরে ছিনতাই প্রতিরোধে। যাদের হাতে নগরের বাসিন্দাদের নিরাপত্তা, তারাই যদি দায়িত্বে অবহেলা দেখায়, তখন আমাদের মতো সাধারণ নাগরিকের আর যাওয়ার জায়গা কোথায়?আতিউর রহমানশিক্ষার্থী, ঢাকা কলেজ।