অতঃপর দুজন বাড়ি ফিরে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩ ফেব্রুয়ারি প্রথম আলোর নারীমঞ্চে ভিকটিম সাপোর্ট সেন্টার সেবার দরজা খোলা যেখানে’ নামক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে ছবিসহ তিনটি শিশু বৃষ্টি, সীমা ও সালমার কথা বলা হয়েছিল। ওরা বাড়ি ফিরে যেতে চেয়েছিল, কিন্তু ঠিকানা জানত না। প্রতিদিনের হতাশার খবরের মাঝে সুখের সংবাদ এই যে, দুইজনের ঠিকানা পাওয়া গেছে। বৃষ্টির বোন পত্রিকায় ছবি দেখে চিনতে পারে। ওর বাবা পত্রিকা নিয়ে আমাদের কাছে আসে। জানতে পারি বৃষ্টির বাড়ি লাকসাম। প্রায় দুমাস আগে ও হারিয়ে যায়। কিন্তু নিয়মানুযায়ী তাকে জাতীয় পরিচয়পত্র ও ইউনিয়ন পরিষদের সনদপত্র আনতে বলি। যাতায়াত ভাড়াও আমরা দিই। তিনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসেন। বাবাকে দেখেই বৃষ্টি কোলে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে সালমার ছবি দেখেন তার ফুফু। বাবা-মা না থাকায় সালমার অভিভাবক ওর কাকা। তিনিই সালমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। সালমার বাড়ি শেরপুরে। জানান ভিকটিম সার্পোট সেন্টারের সহকারী পুলিশ কমিশনার মিনা মাহমুদা। আরেক ভিকটিম সীমার খবরও তিনিই জানান। সীমা ঢাকার এক বাসায় কাজ করত। সেই বাসার গৃহকর্তাও পত্রিকায় প্রকাশিত ছবি দেখে ভিকটিম সাপোর্ট সেন্টারে আসেন। কিন্তু সীমা তার সঙ্গে যেতে চায় না। আর সেই গৃহকর্তার সীমার ঠিকানা জানা নেই। সে কারণে সীমাকে ভিকটিম সাপোর্ট সেন্টারের সঙ্গে জড়িত একটি এনজিওতে পাঠিয়ে দেওয়া হয়েছে।