১৯৮৫-৮৬ সালে হার্ভার্ডে ‘চার্লস এলিয়ট নর্টন লেকচারস’ শিরোনামে ছয়টি বক্তৃতা দেওয়ার কথা ছিল ইতালির লেখক ইতালো কালভিনোর। দিয়ে যাওয়ার সময় পাননি। পাঁচটি বক্তৃতা লেখার পর শেষটি লেখার আগেই তাঁর মৃত্যু হয়। পাঁচটি লিখিত ও একটি অলিখিত বক্তৃতার সূচি নিয়ে মৃত্যুর পর বেরোয় তাঁর বই সিক্স মেমোজ ফর দ্য নেক্সট মিলেনিয়াম। বক্তৃতা ছয়টির বিষয় ছিল নতুন এই সহস্রাব্দের সাহিত্য-সংস্কৃতির অন্তর্নিহিত ছয়টি সম্ভাব্য মূল্যবোধ। একটির শিরোনাম ছিল ‘কুইকনেস’।নিজের ইতিহাসের গণ্ডি পেরোনো যে কারও পক্ষেই কঠিন। ভবিষ্যতের মধ্যেও মানুষ নিজের সময়ের মর্মকে আবিষ্কার করতে চায়। এ সহস্রাব্দের শেষে সংস্কৃতির চেহারা কেমন দাঁড়াবে, সেটি আগাম কল্পনা করা অসম্ভব। তবে সত্য এই যে গত এক শতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের গতি দ্রুত থেকে দ্রুততর হয়েছে। সংস্কৃতিও এর বাইরে ছিল না। নতুন চমক, নবতর আন্দোলন, অচেনা শৈলী নিয়ে পরীক্ষা-নিরীক্ষা একের পর এক সংস্কৃতিক্ষেত্রে আছড়ে পড়েছে। একটি ঢেউ ছাপিয়ে যেতে না-যেতে তার ওপর আছড়ে পড়েছে আরেকটি ঢেউ, তার ওপর উপর্যুপরি আরও। কিন্তু এত এত চাঞ্চল্যের ঢেউ কি কোথাও এসে থিতু হতে পেরেছে? সংস্কৃতির শেষ লক্ষ্য যে মানুষ—মানুষের মন ও তার পৃথিবী—সেখানে কি উর্বর কোনো পলি পড়েছে? সংস্কৃতির মাধ্যমে মানুষের চিত্তের যে উন্মেষ, ‘কুইকনেস’-এর বিপরীতে ‘ধীরতা’ই তো সেখানে প্রধান লক্ষণ। প্রতিটি সাংস্কৃতিক ঘটনার গুরুত্বই অপরিসীম। কিন্তু তার ফল পেতে লেগে যেতে পারে অনেক সময়। বরং যা ধীরে ধীরে মনকে জয় করে, সংস্কৃতিতে তাকেই দেখা যায় দীর্ঘস্থায়ী হয়ে টিকে যেতে। ফরাসি লেখক আঁদ্রে মালরো বলেছিলেন, ‘সংস্কৃতি হচ্ছে সব রকমের শিল্পকলা, ভালোবাসা আর চিন্তার সেই নির্যাস, যা শতকের পর শতক ধরে মানুষকে একটু একটু করে স্বাধীন হতে সক্ষম করে তোলে।’আমাদের সংস্কৃতিও এর ব্যতিক্রম নয়। কালের দীর্ঘ পটভূমিতে এ সংস্কৃতিও ধীরে ধীরে নানা রূপ পেয়েছে, জাতিকে গঠন করেছে এবং কোনো কোনো ব্রাহ্মমুহূর্তে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের মধ্যে বিস্ফোরিত হয়েছে। কোনো একটি বছরের বিশ্লেষণের মধ্যে এর তল পাওয়া কঠিন। আমাদের জাতীয় সংস্কৃতির হিসাব-নিকাশ আরও জটিল। শহুরে আর গ্রামীণ, ধনী আর গরিবের সংস্কৃতির মাঝখানে এখানে বিরাট খাদ। এই খাদে সেতু গড়ে তুলতে আমরা কখনো তাগিদ বোধ করিনি। ফলে আমাদের সংস্কৃতি গভীরভাবে বিভক্ত। একদিকে সচল পরিব্যাপ্ত গরিবের সংস্কৃতি, অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কতিপয়ের শহুরে সংস্কৃতি। আগামী দু-চার বছরে বড় কিছু না ঘটলে এদের মধ্যে যোগ গড়ে ওঠার তেমন কোনো সম্ভাবনা নেই।তারপরও জাতীয়তার নিজস্ব চিহ্ন খোঁজার তাগিদে, সামাজিক শক্তিগুলোর পরস্পরের ওপর ক্ষমতা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায়, যোগাযোগমাধ্যমের সহজলভ্যতাসহ আরও নানা কারণে গত কয়েক বছরে দুই পক্ষের সংস্কৃতিই পরস্পরের কিছু বাহ্যিক উপাদান আত্মস্থ করেছে। নাগরিক সংস্কৃতিতে লালন ক্রমাগত আইকন হয়ে উঠছেন। দেশের নানা স্থানে লালন মেলা হচ্ছে, করপোরেট হাউসগুলো সেসব স্পনসর করতে উত্সুক হয়ে উঠছে, দেশ-বিদেশ থেকে বেরোচ্ছে লালনের গানের অনুবাদ। শাহ আবদুল করিম, কুদ্দুস বয়াতি বা মমতাজের নাগরিক পুনর্বাসনে আছে এ লক্ষণেরই বিস্তার। এর বাণিজ্যিক স্ফুরণ ঘটছে টেলিভিশনের ‘তিন চাকার তারকা’ বা ‘নির্মাণের তারকা’ জাতীয় জনপ্রিয় অনুষ্ঠানগুলোয়। অন্যদিকে হিন্দি বা বাংলা চলচ্চিত্রের গানও চুইয়ে নামছে গ্রামের কোণে কোণে। দুই শ্রেণীর মধ্যে ভাবুকতাহীন এই সাংস্কৃতিক প্রশ্রয় আগামী দিনেও বাড়বে। কারণ, এর ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনার সুযোগ উদ্গ্রীব করপোরেট হাউসগুলো হাতছাড়া করবে কেন?তবু গানই একমাত্র ক্ষেত্র, যেখানে সামাজিক শ্রেণীগুলোর মধ্যে ক্ষীণতম হলেও কিছু যোগাযোগ আছে। আমাদের সাহিত্য, চারুকলা, চলচ্চিত্র বা নাটকে সে যোগ প্রায় ছিন্ন। এসবের চর্চা নাগরিক পরিমণ্ডলের একেবারে ভেতরে সীমিত। অথচ আমাদের সাংস্কৃতিক পথিকৃতেরা—যেমন আব্বাসউদ্দীন আহ্মদ, জসীমউদ্দীন, জয়নুল আবেদিন, কামরুল হাসান বা জহির রায়হানদের চর্চার মধ্যে নিজেদের জাতীয় সংস্কৃতি আত্তীকরণের একটি প্রবল তৃষ্ণা ছিল। আমাদের জনসংস্কৃতিকে তাঁরা গভীরভাবে স্পর্শও করেছেন। নাগরিকায়নের পথে আমরা সেখান থেকে চ্যুত হয়েছি। তবু কালো মেঘের রুপালি পাড় না দেখে আর উপায় কী?আমাদের প্রকাশনার পরিসর বেড়েছে। বইয়ের সংখ্যার পাশাপাশি বাড়ছে বিষয়েরও বৈচিত্র্য। এ সময়ের প্রকাশনার প্রধান লক্ষণ আত্মজীবনী রচনা। বাঙালি মুসলমানের ইতিহাসচেতনা কি আরও তীক্ষ হয়ে উঠল, নাকি ব্যক্তিস্বাতন্ত্র্য? বিশেষজ্ঞরা তার কারণ খুঁজুন। গত কয়েক বছরে ছোটগল্পের বইয়ের সংখ্যা কমছে, বাড়ছে উপন্যাস। বিক্রির পরিমাণ কমলেও মুদ্রণযন্ত্রের সহজপ্রাপ্যতার কারণে বেড়েছে কবিতার বইয়ের সংখ্যা। এসব প্রবণতা আপাতত বদলে যাওয়ার সম্ভাবনা কম।গত এক দশকে বহুতল অ্যাপার্টমেন্টের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে চিত্রকলার বাজার। এক দশক আগে ও বর্তমানে আয়োজিত চিত্রপ্রদর্শনীর সংখ্যার ব্যবধান আকাশ-পাতাল। আমাদের চারুকলা বিচিত্র ভাষায় আত্মপ্রকাশও করার চেষ্টা করছে। উপকরণ ব্যবহারে শিল্পীরা এখন অনেক সাহসী। স্থাপনাশিল্প এখন সচল এক চর্চা। লক্ষ্যহীন দ্বিবার্ষিক এশীয় চারুকলা উত্সবের আয়োজকদেরও পিছু হটে তাঁদের জায়গা করে দিতে হয়েছে। হাঁটি-হাঁটি পা-পা করে শুরু হয়েছে স্থাননির্ভর শিল্প, এমনকি পারফরম্যান্স। আগামী দিনে এ ধরনের চর্চা ক্রমাগত বাড়বে।শহুরে পরিমণ্ডলে সবচেয়ে বড় পালাবদলটি ঘটাতে চলেছেন সম্ভবত তরুণেরা, আর সেটি চলচ্চিত্রে। তাঁরা বিদেশি চলচ্চিত্র উত্সবে অংশ নিতে শুরু করেছেন, আগামী দিনেও করবেন—এ কোনো বড় কথা নয়। সবচেয়ে বড় পরিবর্তনটি তাঁরা আনছেন আমাদের শহুরে জনসংস্কৃতিতে। যে বাংলা চলচ্চিত্র প্রায় মরতে বসেছিল, তাতে নতুন প্রাণ সঞ্চারের লক্ষণ দেখা যাচ্ছে। কোনো কোনো ছবি দেখতে মধ্যবিত্ত দর্শক ঝাঁক বেঁধে হলে আসছে। বাড়ছে চলচ্চিত্রের কারিগরি মান। অতীতে তরুণতর গোষ্ঠীর মনের সুতো ধরে রাখতেন শরত্চন্দ্র চট্টোপাধ্যায়, আকবর হোসেন, হুমায়ূন আহমেদের মতো সাহিত্যিকেরা। এই প্রথম সেটি হাতছাড়া হয়ে চলে গেছে তরুণ কোনো চলচ্চিত্রকারের হাতে। তাঁদের হাতে রূপায়িত হচ্ছে তরুণ প্রজন্মের নবতর মূল্যবোধ। আগামী দিনের জনসংস্কৃতিতে এসবের প্রভাব গভীরতর হবে।এত কিছুর পরও বলতে হবে, সংস্কৃতি এগোয় সব ভবিষ্যদ্বাণী তুচ্ছ করে। সেটিই তার সৌন্দর্য। আগামী বছরের সংস্কৃতি কেমন যাবে, তা নিয়ে আবার আলোচনা করা যাবে আগামী বছরের শেষে।