অতিথি শিক্ষক দিয়ে চলে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজে এক বছর ধরে অতিথি শিক্ষক দিয়ে হিসাববিজ্ঞানের শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে।কলেজ সূত্রে জানা গেছে, হিসাববিজ্ঞান বিভাগ ছাড়া অন্যান্য বিভাগেও প্রয়োজনীয় শিক্ষকের অভাব রয়েছে। ১৯৮৪ সালে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি এলাকায় ছয় বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত এই কলেজের যাত্রা শুরু হয়। ১৯৯৭ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান। বর্তমানে কলেজে ৭৪৪ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬৮৪ এবং স্নাতক পর্যায়ের ৬০ জন। কলেজে স্নাতক পর্যায়ে শুধু বিএ ও বিএসএস পড়ানো হয়।হিসাববিজ্ঞানের শিক্ষক আবদুল ওয়াদুদ পদোন্নতিজনিত কারণে বদলি হয়ে যাওয়ার পর এক বছর ধরে পদটি শূন্য রয়েছে। সেখানে একজন অতিথি শিক্ষক দিয়ে প্রায় ১০০ শিক্ষার্থীর পাঠদান চলছে।বর্তমান বিষয় ও শ্রেণী অনুযায়ী কলেজে ৩০ জন শিক্ষকের পদ থাকলেও সেখানে আছেন ২৭ জন। তবে তৃতীয় শ্রেণীর কর্মচারীর সাতটি পদে আছে মাত্র দুজন। কলেজের অধ্যক্ষ ওয়াহেদ হোসেন চলতি বছরের ২৬ জানুয়ারি অবসরে যাওয়ার পর উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। কলেজের একমাত্র গ্রন্থাগারিক আঞ্জুমান আরা বেগম বদলি হয়ে যাওয়ার পর থেকে দুই বছর ধরে পদটি শূন্য রয়েছে। শরীরচর্চা শিক্ষক নাজনীন নাহার গ্রন্থাগারিকের বাড়তি দায়িত্ব পালন করছেন। গ্রন্থাগারের আলাদা পাঠকক্ষ নেই। গ্রন্থাগারের ভেতরে মাত্র ২০টি আসন হওয়ায় ছাত্রীদের দাঁড়িয়ে পড়তে হয়। ১৯৯৫ সালে বেসরকারি অনুদানে পাওয়া একমাত্র মাইক্রোবাসটি বর্তমানে বিকল হয়ে পড়েছে।কলেজের প্রথম বর্ষের ছাত্রী তানিয়া খাতুন বলেন, মাইক্রোবাসটি চালু থাকলে চলাচলের ক্ষেত্রে অনেক সুবিধা হতো। বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্রী আনোয়ারা খাতুন বলেন, কলেজের ছাত্রী হোস্টেলে মাত্র ৭২টি আসন আছে। সেখানে শতাধিক শিক্ষার্থী গাদাগাদি করে থাকছে। যেহেতু দূরদূরান্ত থেকে মেয়েরা এখানে পড়তে আসে, তাই ছাত্রী হোস্টেলে আসনসংখ্যা কমপক্ষে তিন শতে উন্নীত করা দরকার।কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, ‘কলেজে স্বাভাবিক পাঠদান অব্যাহত রাখতে হলে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, বিজ্ঞান ভবন, ছাত্রী হোস্টেল ও গ্রন্থাগার ভবনের সম্প্রসারণ আবশ্যিক হয়ে পড়েছে। সেই সঙ্গে অনার্স পাঠদানের অনুমতিসহ বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ সময়ের দাবি।’