খুব অতিথিপরায়ণ ছিলেন আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন। ছিলেন মিতাচার। ব্যক্তিগত সম্পদ বলতে যা ছিল, সবই তিনি অতিথি আপ্যায়ন ও তাঁর ঘোষিত জিহাদের পেছনে ব্যয় করেছেন।গতকাল রোববার অনলাইনে প্রচারিত আধা ঘণ্টার এক ভিডিওচিত্রে লাদেন সম্পর্কে এসব কথা বলেন আল-কায়েদার নতুন নেতা আয়মান আল-জাওয়াহিরি। আজ সোমবার এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। এক বছরের বেশি সময় আগে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে লাদেন নিহত হওয়ার পর আল-কায়েদার হাল ধরেন জাওয়াহিরি।‘ডেজ উইথ দ্য ইমাম, পার্ট টু’ শিরোনামে প্রচারিত আধা ঘণ্টার ওই ভিডিও টেপটিতে চশমাপরা জাওয়াহিরিকে তাঁর পূর্বসূরির (ওসামা বিন লাদেন) পরিমিত জীবনের স্মৃতিচারণা করতে দেখা যায়। সাদা পাগড়িপরা জাওয়াহিরি বলেন, ‘তাঁর বাড়িতে গেলে আপনি অবাক না হয়ে পারতেন না। খুব সাধারণ এক বাড়ি ছিল তা। কয়েকটা কাঠের খাট ছিল সেখানে। চাদর বলতে ছিল পাস্টিকের আচ্ছাদন। অন্যান্য আসবাবও ছিল সামন্য।’ভিডিওচিত্রে জাওয়াহিরিকে দেখে মনে হয়, তিনি কারও সঙ্গে আলাপ করার সময় ভিডিওচিত্রটি ধারণ করা হয়। শেখের (লাদেন) বাড়িতে নিমন্ত্রণে গেলে রুটি, সবজি, ভাত—যা-ই থাকত তাঁর কাছে, সব আমাদের তিনি খেতে দিতেন।’ জাওয়াহিরি বলেন, লাদেন তাঁর সব অর্থ ব্যয় করেছেন জিহাদের পেছনে। ১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলার পেছনে লাদেন ৫০ হাজার মার্কিন ডলার দেন। অথচ তাঁর কাছে তখন ৫৫ হাজার ডলারের বেশি অর্থ ছিল না। ওই বোমা হামলায় দুই শতাধিক লোক নিহত হয়।জাওয়াহিরি বলেন, ‘কঠোর ন্যায়পরায়ণ ও অনাড়ম্বর জীবনযাপন সত্ত্বেও বিন লাদেন ছিলেন বেশ অতিথিপরায়ণ। একবার আফগানিস্তানে অতিথি আপ্যায়নে তিনি গোটা এক পাল ভেড়াই কিনে নেন।’ অতিথিদের কাছে দিলখোলা লোক হিসেবে লাদেনের খ্যাতি ছিল। তাঁদের আপ্যায়নে বাড়ির গরু-ছাগল জবাই করা কোনো ব্যাপারই ছিল না তাঁর কাছে।