লাল শাপলায় ভরে আছে ক্যাম্পাসের জলাশয়গুলো। এর ফাঁকে ফাঁকে ভেসে আছে জলচর পাখির ঝাঁক। মাঝেমধ্যেই তারা ডানা ঝাপটে উড়াল দিচ্ছে। খোলা আকাশে দু-এক চক্কর দিয়ে আবার নেমে আসছে। খুনসুটি করছে নিজেদের মধ্যে, দিচ্ছে ডুবসাঁতার, রোদ পোহাচ্ছে নিরুপদ্রবে। তাদের কলকাকলিতে মুখর হয়ে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শীতের এসব অতিথি পাখি দেখতে প্রতিদিন ক্যাম্পাসে আসছে অনেক দর্শনার্থী।সাধারণত, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলোতে অতিথি পাখি আসতে থাকে। তবে এ বছর এসেছে বেশ দেরিতে। গত কয়েক সপ্তাহে প্রায় তিন হাজার পাখি ক্যাম্পাসে এসেছে। তাদের আসা অব্যাহত রয়েছে। পাখির আসা-যাওয়াসেপ্টেম্বরে হিমালয়ের উত্তরে শীত নামতে শুরু করে। তখন তীব্র শীত থেকে বাঁচতে পাখিরা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমায়। বেশির ভাগ পাখিই আসে হিমালয়ের পাদদেশ এবং উঁচু এলাকার প্রাকৃতিক জলাশয় থেকে। তাদের স্থানীয় পরিযায়ী বলে। তারা ভারতের আসাম, মেঘালয় ও নাগাল্যান্ড থেকে আসে। এ ছাড়া পূর্ব এশিয়ার সুদূর সাইবেরিয়া ও মধ্য-পূর্ব এশিয়ার দেশ থেকেও কিছুসংখ্যক পাখি আসে। সাধারণত, নভেম্বরে বাংলাদেশে পরিযায়ী পাখিরা আসতে শুরু করে। মার্চে আবার সূর্য যখন বিষুব রেখা পার হয়ে উত্তরে কর্কটক্রান্তির দিকে যায়, তখন তুষার গলতে শুরু করে। গরম পরিবেশ ফিরে এলে আবার অতিথি পাখিরা সাইবেরিয়া, হিমালয়, ভারত ও চীনে ফিরে যায়। যেখানে বসে পাখিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছোট-বড় ১৩টি জলাশয়ের মধ্যে অতিথি পাখি নামে মাত্র তিনটিতে। এগুলো হলো: প্রশাসনিক ভবনের সামনে, প্রীতিলতা হলের পেছনে ও ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারের জলাশয়ে। এসব পাখি দিনের বেলায় তাদের বিশ্রামের স্থান হিসেবে জলাশয়গুলো ব্যবহার করে। রাতে তারা খাবারের খোঁজে উড়ে যায় নদীর তীরবর্তী এলাকায়। কত পাখিবিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিবছর জল ও স্থল মিলিয়ে ১৩০ থেকে ১৩৫ প্রজাতির পাখি এখানে আসে। এসব পাখির মধ্যে রয়েছে ছোট সরালি, বড় সরালি, লেঞ্জা হাঁস, গিরিয়া হাঁস, পাতারি হাঁস, কোম্বডাক, ফেরোজিনিয়াস পচার্ড, লালমুড়ি, মুরহেন, বামুনিয়া হাঁস, নর্দার্ন পিনটেইল, কাস্তেচরা, জলপিপি, সোনা জিরিয়া, হুড়হুড়, জলকুক্কুট, হলুদ খঞ্জনা, খঞ্জনা, কাদাখোঁচা, রঙ্গিলা চ্যাগা, কোকিল, সুইচোরা, বাদামি কসাই প্রভৃতি। পাখির সংখ্যা কমছেঅনুসন্ধানে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের জলাশয়গুলো শুকিয়ে যাওয়া, পানিদূষণ ও পাখির আবাস সংরক্ষণের অভাবে ক্যাম্পাসে অতিথি পাখির সংখ্যা শতকরা ১৫ থেকে ২০ ভাগ কমেছে। আবার কিছু কিছু ক্ষেত্রে কয়েকটি প্রজাতির পাখি আর দেখাও যাচ্ছে না। ২০০৭ সালে এক জোড়া বালিহাঁস ও ভুঁতিহাঁস এবং ২০০৮ সালে শোভেলার দেখা গেলেও এখন আর তাদের দেখা যায় না। ২০০৪ সালের পর হরিয়াল আর ক্যাম্পাসে আসেনি। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগ (বন্য প্রাণী শাখা) পরিচালিত বিভিন্ন বছরের জরিপের ফলাফলে দেখা যায়, ক্যাম্পাসে ১৮৪ প্রজাতির পাখির আগমন ঘটেছে। বিশেষজ্ঞরা যা বলেনপ্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মফিজুল কবির প্রথম আলোকে বলেন, ‘সাধারণত অক্টোবরের শেষের দিকে অতিথি পাখিরা ক্যাম্পাসে আসত। কিন্তু এখন নভেম্বর বা ডিসেম্বরের শেষের দিকে আসছে। নির্দিষ্ট সময় যদি আমরা পাখির আবাসস্থলগুলোকে তাদের সহায়ক হিসেবে গড়ে তুলতে পারি তাহলে যথাসময়েই তাদের আগমন ঘটবে।’ এ জন্য আগস্টের শেষের দিকে পাখি বিচরণের জলাশয়গুলো সংস্কার করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানান তিনি। প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘ক্যাম্পাসে আসা পাখিগুলোর মধ্যে রঙ্গিলা চ্যাগা জলাশয়ের কাছে কাদার মধ্যে ডিম পাড়ে। জলপিপি ডিম পাড়ে জলাশয়ের কচুরিপানার মধ্যে। সঠিকভাবে লেকগুলো রক্ষণাবেক্ষণ করা হলে তাদের এই প্রজননক্ষেত্রগুলো রক্ষা পাবে এবং পাখির সংখ্যাও বৃদ্ধি পাবে।’