অতিথির জায়গা ফুটপাতে!
ঘরে অতিথি এলে তাঁর আপ্যায়নের কোনো কমতি হয় না। শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। অতিথি যাতে কোনোভাবেই মনঃক্ষুণ্ন না হন, সেদিকেই খেয়াল থাকে সবার। কিন্তু এই শহরের কোনো গাড়িওয়ালা অতিথিদের ক্ষেত্রে অবশ্য এটা হয় না। ঘুরতে এসে বাড়িতে ঢুকতেই হোঁচট খেতে হয় তাঁদের। কেননা, বাড়ির ফটকে একটা ছোট সাইনবোর্ড টাঙানো—‘অতিথিদের গাড়ি বাইরে রাখুন’।নগরের বেশির ভাগ ফ্ল্যাট বাড়ির ফটকে এই সাইনবোর্ড লাগানো রয়েছে। তাই অতিথিরা তাঁদের গাড়িটা বাড়ির সামনের সড়কের ওপরই পার্কিং করেন। আর এতে সাধারণের চলাচলে যেমন অসুবিধা হয়, তেমনি কখনো কখনো বেঁধে যায় যানজট।নগরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, ফ্ল্যাট বাড়ির ফটকে অতিথিদের গাড়ি ভেতরে না ঢোকানোর নিষেধাজ্ঞা। বাড়ির সামনে গাড়ি পার্কিং করতে বলা হয়েছে। বনানীর বীর উত্তম আবদুল হক সড়কের দুই পাশের প্রতিটি বাড়ির সামনেই গাড়ি পার্কিং করতে দেখা গেছে। এতে সড়ক সরু হয়ে এসেছে। সাধারণ পথচারীদের সড়কের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে। রিকশা ও অন্যান্য গাড়ি চলাচলে তখন বেঁধে যাচ্ছে যানজট। এই সড়ক ছাড়াও বনানীর অন্যান্য সড়কের চিত্রও একই।সড়কের ওপর পার্কিং করা একটি গাড়ির চালক ওসমান মিয়া পাশের ভবন দেখিয়ে বলেন, ‘স্যার এই বাড়িতে ঘুরতে এসেছেন। ভেতরে পার্কিং করা নিষেধ, তাই এখানেই গাড়ি রাখছি।’ সড়কের ওপর গাড়ি পার্কিং করে গাড়ি থেকে বের হচ্ছিলেন ব্যবসায়ী আসলাম হোসেন। তিনি বলেন, ‘আসলে ফ্ল্যাটওয়ালাদের আর কী দোষ দেবেন। আমি গুলশানে থাকি, সেখানেও একই অবস্থা। কোনো অতিথির গাড়ি ভেতরে ঢোকানো যাবে না। একজন অতিথি এলে গাড়ি রাখার ব্যাপারটা তো মাথায় রেখেই বাড়ি বানানো উচিত। আর এ জন্য রাজউক তো বাড়িওয়ালাদের সতর্ক করতে পারে।’ তিনি জানান, কোনো ফ্ল্যাট কিনলেই নিচে গাড়ি রাখার জায়গা কেনা হয়ে যায় না। গাড়ি পার্কিংয়ের জায়গাটা আবার আলাদাভাবে কিনতে হয়। নতুবা গাড়ি রাখতে হলে ভাড়ায় নিতে হয়। আবার কোনো কোনো ভবনের মালিকেরা শুধু ফ্ল্যাট বিক্রি করেন। এতে ফ্ল্যাটওয়ালাদের কাছে নিচে গাড়ি রাখার জায়গা সহজেই ভাড়া দেওয়া যায়। ধানমন্ডির বেশ কয়েকটি সড়কের ওপর গাড়ি পার্কিং করা হয়েছে। একজন চালককে বলতেই ইশারা করে দেখিয়ে দিলেন বাড়ির ফটক, যেখানে অতিথিদের গাড়ি বাইরে পার্কিং করতে বলা হয়েছে।অতিথিদের গাড়ি বাইরে কেন রাখা হচ্ছে? এমন প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক বনানীর এক বাড়ির মালিক বলেন, ‘ফ্ল্যাট বাড়ি ভাড়া নিলেই তো নিচের গ্যারেজ ভাড়া নেওয়া হয় না। গ্যারেজের জন্য আলাদা ভাড়া দিতে হয়। তাই ভাড়াটিয়ার অতিথি এলে তো গাড়ি বাইরেই রাখতে হবে। অবশ্য কোনো কোনো ভাড়াটিয়া গ্যারেজ ভাড়া নিলেও তাঁর অতিথির গাড়ি রাখার কোনো জায়গা নেই। কেননা, এমন ভাড়াটিয়ার নিজেরই গাড়ি আছে।’নগরের প্রায় সব বাড়ির সামনের ফটকে ‘ভেতরে অতিথিদের গাড়ি পার্কিং নিষেধ’ কিংবা ‘অতিথিদের গাড়ি বাইরে পার্কিং করুন’ লেখাসংবলিত ছোট সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে। বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক আর অতিথিদের সঙ্গে কথা বলে জানা যায়, বাড়ির যে জায়গা গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত, তা ফ্ল্যাটের মালিকদের আলাদাভাবে কিনতে হয়। না হলে ভাড়া নিতে হয়। আর ফ্ল্যাটওয়ালাদের গাড়ি না থাকলে তখন বাড়ির মালিক পার্কিংয়ের জায়গা অন্য কারও কাছে ভাড়া দেন। এ জন্যই পার্কিংয়ের জায়গায় অতিরিক্ত গাড়ি রাখা নিষেধ।এ প্রসঙ্গে ধানমন্ডি আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি সরকার ফিরোজ বলেন, ‘একটা বাড়িতে তো আর দলবেঁধে অতিথি আসে না। সারা দিনে দু-তিন ঘণ্টার জন্য হয়তো দু-একজন আসে। তখন কিন্তু ভেতরে অতিথিদের গাড়ি রাখা যায়। কেননা, বাড়ির মালিকেরাও তো গাড়ি নিয়ে বাইরে যায়। ফেরে সেই সন্ধ্যার পর। এটা আসলে একটা বাড়ির সব ফ্ল্যাট-মালিকদের মানসিকতার ব্যাপার। ইচ্ছে করলেই অতিথির গাড়িটা ভেতরে রাখা যায়।’ইস্কাটন রোডের ফ্ল্যাট-মালিক নেয়ামুল ইসলাম বলেন, ‘বাড়ির মালিকেরা অতিথিদের জন্য কয়েকটা গাড়ির জায়গা ইচ্ছে করলেই রাখতে পারেন। কিংবা এই রকম নিয়ম সরকার থেকেই করে দেওয়া দরকার। তাহলে এই সমস্যা অনেক কমে যাবে। অতিথিদের সম্মানটাও বজায় থাকবে।’বাড়ির ভেতরে অতিথিদের গাড়ি পার্কিংয়ের ব্যাপারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান বলেন, ‘বাসার সামনে গাড়ি পার্কিং করা তো অনুচিত। একই বাড়ির মালিক একাধিক থাকায় কেউ কেউ ভেতরে গাড়ি পার্কিং করতে দেন না। এমন অনেক বাড়ি আছে, ভেতরে পার্কিংয়ের জায়গা খালি থাকার পরও অতিথিদের গাড়ি ভেতরে ঢুকতে দেওয়া হয় না।’ এ জন্য কী করা যায়? এমন প্রশ্নে তিনি বলেন, ‘ডিএমপি যদি অভিযান চালায় যে কোনো বাড়ির সামনে গাড়ি পার্কিং করা যাবে না। তাহলেই সব ঠিক হয়ে যাবে। এতে আমাদের কিছু করার নেই। আমরা বাড়ির পার্কিংয়ের জায়গা নিশ্চিত করে থাকি।’