অতিদারিদ্র্য নিরসনে নীতিনির্ধারকদের সহায়তা করতে পারে গণমাধ্যম। এ জন্য অতিদরিদ্রদের প্রকৃত অবস্থা তুলে ধরে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে হবে। পাশাপাশি এলাকাভিত্তিক দারিদ্র্যের ধরন চিহ্নিত করাও উচিত।গতকাল মঙ্গলবার প্রথম আলো আয়োজিত ‘অতিদারিদ্র্য নিরসনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। এ সময় কয়েকজন বক্তা দারিদ্র্যের সংজ্ঞা নিয়েও প্রশ্ন তোলেন এবং বিশেষায়িত গণমাধ্যম প্রতিষ্ঠার তাগিদ দেন।গোলটেবিল বৈঠক আয়োজনে সহায়তা করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। আলোচনায় অংশ নেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহাবুব হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুরুল আহসান বুলবুল, বার্তা সংস্থা এপির ব্যুরো-প্রধান ফরিদ হোসেন, এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুন, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ কর্মসূচির সমন্বয়ক এলিসন সুব্রত বাড়ৈ প্রমুখ। বৈঠকে সঞ্চালক ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সূচনা বক্তব্য দেন।তথ্যমন্ত্রী বলেন, ক্ষুধা ও দারিদ্র্যবৈষম্য নিরসনে সমন্বিত প্রচেষ্টা দরকার। সরকারের একার পক্ষে তা সম্ভব নয়। সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যম পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে কাজ করলে দারিদ্র্য কমিয়ে আনা সম্ভব।তথ্যমন্ত্রী গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোথাও কোনো অতিদরিদ্র মানুষ বিপন্ন অবস্থায় আছে জানালে আমরা ব্যবস্থা নেব।’ দারিদ্র্য নিরসনে ইতিবাচক সংবাদ গণমাধ্যমে প্রকাশ করা হলে অনুপ্রেরণা তৈরি হবে বলে তিনি মনে করেন। গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকারের গঠনমূলক সমালোচনা করুন, এতে অনেক কিছু বেরিয়ে আসবে।’স্বাগত বক্তব্যে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, এ দেশের গণমাধ্যমে দারিদ্র্য বিষয়টি খুব একটা গুরুত্ব পায় না। সমীক্ষায় এসেছে, পাঠকেরা রাজনীতি, সংঘাতের সংবাদই বেশি পড়তে পছন্দ করেন। এরপর বিনোদন সংবাদ পড়তে পছন্দ করেন তাঁরা। এসবের ভিড়ে ও ভারে গণমাধ্যমে দারিদ্র্যবিষয়ক প্রতিবেদন তেমন গুরুত্ব পায় না। বিষয়টিতে নজর দেওয়া জরুরি।গণমাধ্যমের ভূমিকা: গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে বক্তারা বলেন, দারিদ্র্য নিরসনে সরকারের নীতিনির্ধারণে সহায়তা করতে পারে গণমাধ্যম। এ ছাড়া দারিদ্র্যের ধরন নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের ওপর গুরুত্ব আরোপ করেন তাঁরা।রিয়াজউদ্দিন আহমেদ বলেন, আগে দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন নিয়ে পত্রিকায় ব্যাপক লেখালেখি হতো। এখান সেগুলো ‘সাইড লাইনে’ চলে গেছে।দারিদ্র্য নিরসনে গণমাধ্যম পাঁচটি ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারে বলে মনে করেন মতিউর রহমান চৌধুরী। এগুলো হলো: দারিদ্র্য জনগোষ্ঠীর মাঝে অধিকার বোধ তৈরি, প্রাপ্য অধিকার আদায়ে সচেষ্ট করা, বিভিন্ন কাজের খবর দেওয়া, কর্ম-উদ্যোগের খবর দেওয়া ও স্বাবলম্বী করা।মনজুরুল আহসান বুলবুল বলেন, দরিদ্র বা হতদরিদ্রদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন নেই বললেই চলে। জলবায়ু পরিবর্তনের কারণে অতিদারিদ্র্য-প্রবণতা এখন দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে ধাবিত হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন হতে পারে।শাইখ সিরাজ বলেন, ‘গণমাধ্যমে লাগসই তথ্য দিতে পারলে জাদুর মতো কাজ করে। তিনি বিশেষায়িত চ্যানেল প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেন।মাহাবুব হোসেন বলেন, অতিদরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে সরকার তার ব্যয়ের প্রায় ১৭ শতাংশ খরচ করে। কিন্তু রাজনৈতিক বিবেচনায় (যারা ভোটব্যাংক হিসেবে পরিচিত) সুবিধাভোগী চিহ্নিত করা হয়। সামাজিক নিরাপত্তার অর্থ প্রকৃত সুবিধাভোগীর জন্য খরচ হচ্ছে না। তিনি পরামর্শ দিয়ে বলেন, সরকার ত্রাণ হিসেবে অতিদরিদ্রদের সহায়তা না করে সম্পদ হস্তান্তর করতে পারে। এতে অতিদরিদ্রদের অবস্থার পরিবর্তন হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে ভূমিকা রাখতে পারে।এম এম আকাশ বলেন, সমাজ, অর্থনীতি ও রাজনীতি—প্রতিটি ক্ষেত্রেই অতিদরিদ্রদের ক্ষমতায়ন করতে হবে। এসব কাজে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে পারে গণমাধ্যম।রাশেদা কে চৌধুরী বলেন, নারী নির্যাতনের বিষয়টি যেভাবে গণমাধ্যমে উঠে আসে, নারীর দারিদ্র্য নিয়ে সেভাবে আসে না। গ্রামীণ মানুষের সাফল্যের কাহিনি খুব বেশি উঠে আসে না। এতে নজরদারি পিছিয়ে যাচ্ছে।ফরিদ হোসেন বলেন, দারিদ্র্য নিরসনে গণমাধ্যম অনেক কাজ করেছে। কিন্তু যা করেছে তা যথেষ্ট নয়। দারিদ্র্য নিরসনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে, সচেতনতা বাড়াতে ও দুর্নীতি তুলে ধরতে গণমাধ্যমের নীতিনির্ধারকদের মধ্যে একটা পরিবর্তন আনা জরুরি।জ ই মামুন বলেন, রাজনীতি ও সরকারের মধ্যে মধ্যস্বত্বভোগী আছে। এ জন্য দরিদ্রদের জন্য বরাদ্দ করা সরকারি অনুদানের পুরো টাকাটা তাদের হাতে যায় না। এর প্রধান কারণ দুর্নীতি।আনিসুল হক বলেন, সবাই মিলে লিখলে অনেক কিছুই হতে পারে। যেমন—মঙ্গা নিয়ে একসময় সবাই লেখার ফলে সরকারের নীতিনির্ধারকদের নজরে বিষয়টি আসে। পরে মঙ্গা নিরসনে সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প হাতে নেয়। সেই ধারাবাহিকতায় আজ উত্তরবঙ্গে কোনো মঙ্গা নেই।দারিদ্র্যের ধরন ও চ্যালেঞ্জ: দারিদ্র্যের সংজ্ঞা নিয়ে বৈঠকে নানা মত এসেছে। মানবাধিকারের আঙ্গিকে দারিদ্র্যকে দেখার প্রস্তাব করা হয়েছে।কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, মানবাধিকারের আঙ্গিকে দারিদ্র্যকে দেখতে হবে। প্রান্তিক জনগোষ্ঠী মানবমর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারছে কি না, সেটাই বিবেচ্য বিষয়। টেকসই দারিদ্র্য নিরসনে শিক্ষার বিকল্প নেই।এম এম আকাশের মতে, দারিদ্র্য একটি আপেক্ষিক বিষয়। কোনো দেশের গড় মাথাপিছু আয়ের মধ্যে কেউ যদি এক-তৃতীয়াংশ আয় করেন, তাহলে তিনি দরিদ্র হিসেবে চিহ্নিত হবেন। বৈষম্যের কারণে তিনি নিজেকে দরিদ্র ভাবেন। আর এই এক-তৃতীয়াংশের অর্ধেক আয় হলে একজন ব্যক্তি অতিদরিদ্র হিসেবে চিহ্নিত হবেন।গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে উল্লেখ করে মাহাবুব হোসেন বলেন, এখন বর্গা চাষের জমির পরিমাণ বেড়েছে। একটু সচ্ছল পরিবার যাদের জমি আছে, তারা এখন সরাসরি কৃষি উৎপাদন থেকে বেরিয়ে অন্য পেশায় ঝুঁকেছে। আর তাদের জমি বর্গাচাষিদের কাছে দিচ্ছে। তবে বর্গার জন্য নির্ধারিত মূল্য বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে সরকার নীতি-সহায়তা দিতে পারে। তাঁর মতে, জনসংখ্যা বৃদ্ধিই দারিদ্র্য নিরসন-প্রক্রিয়াকে পেছনে টেনে ধরে।আনিসুল হক নোবেল বিজয়ী অমর্ত্য সেনের একটি উদ্ধৃতি দিয়ে বলেন, ‘যে দেশে গণমাধ্যম আছে, সে দেশে দুর্ভিক্ষ হতে পারে না। যদি দেশে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র থাকে এবং আমরা আমাদের কাজ করি, তবে দারিদ্র্য দূর করা সম্ভব।’এলিসন সুব্রত বাড়ৈ বলেন, দারিদ্র্য বিমোচনে দক্ষ ও আধা দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। এতে উৎপাদন বাড়বে, তাদের ক্ষমতায়ন হবে।আব্দুল কাইয়ুম বলেন, গরিব মানুষ শুধু ভাতে মরে না, পানিতেও মরে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে আর্সেনিকে আক্রান্ত এলাকায় নলকূপ ব্যবহার নিষিদ্ধ করা হলে সেই এলাকার মানুষ খালবিলের পানি পান করে। এতে সংশ্লিষ্ট এলাকার জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ে।