অতিমুনাফার লোভে শেয়ার বাজারে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিমুনাফার আশায় অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোও শেয়ারবাজারে বিনিয়োগে বেশি আগ্রহী হয়ে উঠেছে। কোনো কোনো প্রতিষ্ঠান মূলধনের শতভাগেরও বেশি অর্থ ফুলে-ফেঁপে ওঠা শেয়ারবাজারের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে খাটিয়ে রেখেছে।‘আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩’ লঙ্ঘন করে এসব বিনিয়োগ করা হয়েছে। এতে প্রতিনিয়তই এসব আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ-ঝুঁকি বাড়ছে।পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশ ব্যাংক অ-ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে আইন স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে শেয়ারবাজারে বিনিয়োগ আইনি সীমার মধ্যে নামিয়ে আনার নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার দেশের সবগুলো আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ বিষয়ে একটি সার্কুলার পাঠিয়েছে। এর আগে একই কারণে কিছু বাণিজ্যিক ব্যাংককেও সতর্ক করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শেয়ারবাজারে আর্থিক প্রতিষ্ঠানগুলোর এভাবে আর্থিক সংশ্লিষ্টতা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাদের উচিত বিনিয়োগ কেন্দ্রীভূত না করে বিভিন্ন খাতে তা ছড়িয়ে দেওয়া। তিনি কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রয়োজনে বাংলাদেশ ব্যাংককে আরও বেশি নজরদারি ও তদারকি করতে হবে।সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের শেয়ারবাজারে মূল্য-আয় অনুপাত (প্রাইস আর্নিং রেশিও বা পিই) অত্যধিক বেশি। জানামতে, আশপাশের এমনকি বিশ্বের নামীদামি শেয়ারবাজারের তুলনায়ও অনেক বেশি। ফলে বাজারে বড় ধরনের সমস্যা হলে বিনিয়োগ ফেরত পেতে বহু বছর অপেক্ষা করতে হবে। তিনি আরও বলেন, ‘আমি কোনো অর্থনৈতিক কারণ দেখছি না, যাতে শেয়ারবাজার এভাবে বাড়তে পারে।’আইনি বাধ্যবাধকতা ও লঙ্ঘন: আর্থিক প্রতিষ্ঠান আইনের ১৬ ধারায় অ-ব্যাংক প্রতিষ্ঠানগুলোর অন্য কোম্পানির শেয়ার ধারণ সম্পর্কে বিধিনিষেধ আরোপ করা রয়েছে। এতে বলা আছে, ‘আর্থিক, বাণিজ্যিক, কৃষি বা শিল্পবিষয়ক প্রতিষ্ঠানের বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের যেকোনো ধরনের শেয়ার অর্জন বা ধারণের লক্ষ্যে কোনো আর্থিক প্রতিষ্ঠান তার পরিশোধিত মূলধন ও রিজার্ভের ২৫ শতাংশের অতিরিক্ত অর্থ ব্যয় বা ব্যবহার করতে পারবে না এবং আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ঋণ আদায়ের স্বার্থে অর্জিত শেয়ার যথাশিগগির সম্ভব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিক্রি করে দেবে। তবে শর্ত থাকে যে তার আবেদন সাপেক্ষে এবং ব্যাংকের অনুমোদনক্রমে কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ও রিজার্ভের অনধিক ৫০ শতাংশ পর্যন্ত উপরিউক্ত ধরনের শেয়ার অর্জন বা ধারণের লক্ষ্যে ব্যয় বা ব্যবহার করা যাবে।’এই আইনের বিধান লঙ্ঘন করে দেশের মোট ২৯টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ১৮টি তাদের পরিশোধিত মূলধন ও সাধারণ মজুদের ২৫ শতাংশের বেশি অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করে ফেলেছে। আবার ১৫টি প্রতিষ্ঠানের বিনিয়োগ ৫০ শতাংশেরও বেশি। আর সাতটি প্রতিষ্ঠানের বিনিয়োগ গিয়ে ঠেকেছে পরিশোধিত মূলধন ও সাধারণ মজুদের শতভাগের বেশি।সাত প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ: গত জুনের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারবাজারে আর্থিক সংশ্লিষ্টতার হিসাব অনুযায়ী, সাতটি প্রতিষ্ঠান তাদের মূলধন ও সাধারণ মজুদের শতভাগের বেশি অর্থ বাজারে খাটিয়েছে। এর মধ্যে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ারবাজারে আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে মূলধন ও মজুদের ১৩৩ দশমিক ৫৭ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ১৩০ দশমিক ৭৭ শতাংশ, বিএফআইসির ১২২ দশমিক ৭৮ শতাংশ, ফিনিক্স লিজিংয়ের ১২০ দশমিক ৫২ শতাংশ, বিআইএফসির ১১৩ দশমিক ৭১ শতাংশ, বে লিজিংয়ের ১০৩ দশমিক ৪৫ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্সের ১০০ দশমিক ২৯ শতাংশ আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে।৫০ শতাংশের বেশি আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে আরও সাত কোম্পানির। এগুলো হলো প্রাইম ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, পিপলস লিজিং, ইসলামিক ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, আইডিএলসি ও ডিবিএইচ ফাইন্যান্স। সব মিলিয়ে মোট ১৫টি প্রতিষ্ঠান ৫০ শতাংশের বেশি আর্থিক সংশ্লিষ্টতা তৈরি করেছে শেয়ারবাজারে।সূত্র জানায়, আইনে ৫০ শতাংশ পর্যন্ত সংশ্লিষ্টতার সুযোগ দেওয়া হলেও ২৫ শতাংশের ওপরে সংশ্লিষ্টতার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে বলা হয়েছে। কিন্তু কেউ তা করেনি।এ বিষয়ে লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বাংলাদেশ লিজিং ও ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর সমিতির সভাপতি মফিজউদ্দিন সরকার বলেন, তাঁদের বিনিয়োগ কোনোভাবেই শতভাগের বেশি নয়। তবে ৫০ শতাংশের বেশি হতে পারে। আর কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারটি তিনি গতকাল পাননি বলে এর ওপর কোনো মন্তব্য করতে চাননি। তবে মফিজউদ্দিন সরকার বলেন, আইনে যা বলা আছে তা হলো, কোনো একক কোম্পানিতে আর্থিক প্রতিষ্ঠানে পরিশোধিত মূলধন ও সাধারণ মজুদের ২৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ। সেই বিনিয়োগ লংকাবাংলার কোনোভাবেই বেশি নেই।তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের ব্যাখ্যা হচ্ছে, আইনে কোনো একক কোম্পানির বিনিয়োগের সীমার কথা বলা হয়নি। কোম্পানির শেয়ারে মোট বিনিয়োগের কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে সমিতির সঙ্গে বৈঠকও করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষের যুক্তি হচ্ছে, আইনে একক কোম্পানির শেয়ারে বিনিয়োগসীমা নির্ধারণ করা হতো, তবে তা মোট হিসাবে অযৌক্তিক অঙ্কে গিয়ে ঠেকত। আবার যেহেতু ঝুঁকি কমাতে এ ধরনের বিধিবিধান করা হয়, তাই কোনোভাবেই কেবল একক কোম্পানির সীমা আরোপ হয় না। সেটা হলে সামগ্রিক বা মোট বিনিয়োগের সীমাও উল্লেখ করা থাকত।এদিকে আইডিএলসির এমডি সেলিম আর এফ হোসেন বলেন, শেয়ারবাজারে তাঁদের আর্থিক সংশ্লিষ্টতা ২৫ শতাংশের মধ্যেই রয়েছে। ইতিপূর্বে জুনভিত্তিক যে তথ্য ছিল, তাতে তাঁদের গ্রাহকের হিসাবে দেওয়া প্রান্তিক ঋণ (মার্জিন লোন বা গ্রাহকের অর্থের বিপরীতে শেয়ারবাজারে বিনিয়োগের জন্য দেওয়া ঋণ) যুক্ত করা ছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক পরবর্তী সময়ে গ্রাহককে দেওয়া প্রান্তিক ঋণকে আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারবাজারে মোট আর্থিক সংশ্লিষ্টতার বাইরে রেখেছে। ফলে আইডিএলসির শেয়ারবাজারে আর্থিক সংশ্লিষ্টতা ২৫ শতাংশের মধ্যে রয়েছে।কলমানির অর্থ শেয়ারবাজারে: মুদ্রাবাজারের প্রতিদিনকার লেনদেনে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে স্বল্প সময়ের জন্য অর্থ ধার করে, যাকে কলমানি বলা হয়। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে আমানত নিয়ে সেই টাকা বিভিন্ন মেয়াদে ঋণ হিসেবে বিতরণ করে থাকে। তাই দৈনন্দিন কাজ সারতে অর্থের প্রয়োজন হলে মুদ্রাবাজার থেকে স্বল্প মেয়াদে এই ঋণ করে প্রতিষ্ঠানগুলো।বাংলাদেশ ব্যাংক গত জুন মাসের শেষ সাত কার্যদিবসে হিসাব করে দেখেছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো মুদ্রাবাজার থেকে প্রতিদিন ৭২৮ থেকে ৮৫৩ কোটি টাকা পর্যন্ত কলমানি নিয়েছে। একই সময়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারবাজারে বড় বিনিয়োগও ছিল। কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, কলমানিতে টাকা ধার করে সেই অর্থও শেয়ারবাজারে বিনিয়োগ করা হচ্ছে মুনাফার আশায়। তবে প্রতিদিন আর্থিক প্রতিষ্ঠানগুলো অনেক লেনদেন করে। ফলে কোথাকার টাকা কোথায় যায়, তা স্পষ্ট করে বোঝা দুরূহ। তা সত্ত্বেও সাধারণভাবে কেন্দ্রীয় ব্যাংকসহ মুদ্রাবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করেন, কলমানির অর্থও আর্থিক প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারে খাটাচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।