অতিরিক্ত গাড়ির চাপে দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল শুক্রবার ব্যাপক যানজট ছিল। সকাল থেকে গাজীপুর জেলার কালিয়াকৈরের চন্দ্রা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। আবার সেতুর পশ্চিম পাশ থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্তও ছিল যানজট।মহাসড়কে অতিরিক্ত যানবাহন, দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়া ও এলোপাতাড়ি গাড়ি চালানোর কারণেই এই যানজট হয় বলে মহাসড়ক পুলিশ জানিয়েছে। গতকাল রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ মহাসড়কে যানজট ছিল।মহাসড়ক পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে রওনা হয়। অনেক স্থানীয় রুটের গাড়ি বাড়তি পয়সার টানে দূরপাল্লার যাত্রী নিয়ে রওনা হয়। গতকাল ভোর থেকে গাড়ির চাপ আরও বাড়ে। এর মধ্যে রাজধানী অভিমুখী গরুবাহী অতিরিক্ত ট্রাকের কারণে যানজট তীব্র হয়। কোথাও কোথাও পুলিশের সহায়তায় জট ছাড়িয়ে গাড়ি চলাচল শুরু হলেও কিছুদূর এগোনোর পর আবার যান চলাচল থমকে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় একটি ট্রাক বিকল হয়। এতে সেখান দিয়ে যানগুলোকে ধীর গতিতে চলতে হয়। একাধিক গতিরোধকের কারণে সকাল থেকেই গাড়ির গতি ছিল অপেক্ষাকৃত ধীর। মির্জাপুর উপজেলার ধেরুয়া রেল ক্রসিংয়ের কারণেও যান চলাচলের গতি কমে যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহনের সংখ্যা অতিরিক্ত হারে বেড়ে যায়। তার ওপর চালকেরা নিয়ম না মেনে ইচ্ছেমতো গাড়ি চালানোয় যানজটের সৃষ্টি হয় বলে মহাসড়ক পুলিশ জানায়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে প্রায় ৬৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল রাত পর্যন্ত তা অব্যাহত ছিল। মহাসড়কে দায়িত্বপালনকারী মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা বলেন, অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকেরা নিয়ম না মেনে এলোপাতাড়ি গাড়ি চালানোয় যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ বলেন, ‘দুই লেনবিশিষ্ট এই রাস্তায় অতিরিক্ত যানবাহনের ফলে এই জটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে পুলিশ বিভাগ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।’বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা: বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে সেতুর ওপর চারটি ট্রাক পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে বিকল হয়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সেতুর পশ্চিম পার থেকে হাটিকুমরুল পর্যন্ত ২০ কিলোমিটার সংযোগ সড়কসহ দুই পারে হাজার হাজার গাড়ি আটকা পড়ে। ওসি আবুল কালাম বলেন, সেতু কর্তৃপক্ষ রেকার এনে ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো সরিয়ে নিলে গতকাল সকালের দিকে ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু হয়। তবে দুপুর পর্যন্ত এই সড়কে প্রকট যানজট ছিল। এই যানজটের কারণে গতকাল ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলে পৌঁছাতেও অনেক দেরি হয়। দুর্ভোগ: টাঙ্গাইলের করটিয়া বাইপাস এলাকায় মাইক্রোবাস আরোহী শাহ আলম বলেন, ঢাকা থেকে রোগী নিয়ে সকাল ছয়টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুরের উদ্দেশে রওনা হন। আট ঘণ্টায় তিনি মাত্র করটিয়া পর্যন্ত পৌঁছাতে পারেন। যানজটের দুর্ভোগে তাঁর রোগী আরও অসুস্থ হয়ে পড়েছেন। একই অবস্থা ধনবাড়ী উপজেলার ফরহাদ হোসেনের। সিঙ্গাপুর থেকে গতকাল ভোরে তিনি হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। ভোর পাঁচটায় বিমানবন্দর থেকে মাইক্রোবাসে রওনা হয়ে নয় ঘণ্টায় টাঙ্গাইল শহর বাইপাস পর্যন্ত পৌঁছাতে পারেন। যানজটে পড়ে পানি ও খাবার সংকটে যাত্রীরা চরম দুর্ভোগ পোহান। ঢাকা থেকে নওগাঁগামী বাসযাত্রী রেহানা বেগম বলেন, ‘বাড়ি ফেরার পথে যানজটে এই দুর্ভোগ ঈদের আনন্দ ম্লান করে দেয়।’ চন্দ্রা এলাকায় হানিফ পরিবহনের কর্মী মো. এনামুল বলেন, ‘ঢাকা থেকে চন্দ্রা আসতে এমনিতে সময় লাগে প্রায় দুই ঘণ্টা। কিন্তু আজ আসতে সময় লেগেছে চার ঘণ্টারও বেশি।’[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন এনামুল হক, সিরাজগঞ্জ; কামনাশীষ শেখর, টাঙ্গাইল; এস এম শিপন, মির্জাপুর (টাঙ্গাইল) ও মাসুদ রানা, কালিয়াকৈর (গাজীপুর)]