অতিরিক্ত বাসভাড়া নিলে খবর দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের পবিত্র ঈদুল আজহায় অতিরিক্ত বাসভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করলে যাত্রীদেরকে ভিজিল্যান্স টিম কিংবা মালিক সমিতিকে খবর দেওয়ার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। খবর বাসসের। আজ বৃহস্পতিবার সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা জানান। তিনি জানান, এর মধ্যে নগরের মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ টার্মিনালে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভিজিল্যান্স টিম কাজ শুরু করেছে। যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজধানীর মহাখালী বাস টার্মিনালের যানজট কমাতে টার্মিনাল সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। টার্মিনালের পেছনের সড়ক ও জনপথ অধিদপ্তর এবং ওয়াসার অব্যবহূত জমিতে টার্মিনাল সম্প্রসারণে আন্তমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। মন্ত্রী বলেন, ঈদ সামনে রেখে মহাখালী টার্মিনাল এলাকার যানজট কমাতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সাংসদ আসাদুজ্জামান খান, ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) প্রশাসক শাহজাহান আলী, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।