অতিরিক্ত ভাড়া নিলে লঞ্চমালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহনমন্ত্রী
ঈদুল ফিতরের আগে লঞ্চে যাত্রীদের ভাড়া কোনোমতেই বাড়ানো হবে না। বিআইডব্লিউটিএ যে ভাড়া নির্ধারণ করবে, সে ভাড়াই যাত্রীরা প্রদান করবে। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে লঞ্চমালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আজ বৃহস্পতিবার সচিবালয়ে ঈদের আগে লঞ্চে যাত্রী পরিবহনসংক্রান্ত এক বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা জানান। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ গোলাম কিবরিয়া, নৌসচিব আবদুল মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান গোলাম মোস্তফা, লঞ্চ মালিক সমিতির সভাপতি কে এম মাহমুদ এবং যাত্রী পরিবহন সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বৈঠকে নৌমন্ত্রী বলেন, কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না এবং ছাদে কোনো যাত্রীও বহন করা যাবে না।বৈঠকে জানানো হয়, বিআইডব্লিউটিসি ঈদুল ফিতরের আগে অধিক যাত্রী পরিবহনে কিছু অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা করবে। ঈদের আগে ও পরে যাত্রীদের নিরাপত্তা জোরদার এবং কোস্টগার্ডের টহলও জোরদার করার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া সদরঘাটসহ সারা দেশের সব পন্টুনে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ জানানো হয়। বৈঠকে মাওয়া, আরিচা, কাওড়াকান্দি ও পাটুরিয়া ফেরিঘাটে চারটি রেকার রাখারও সিদ্ধান্ত হয়।এ ছাড়া ঈদের আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সদরঘাট পর্যন্ত যে রাস্তা রয়েছে, তা একমুখী রাখার সিদ্ধান্ত হয়েছে।