অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে যাত্রীরা বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পরেও বিভিন্ন জায়গায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত ভাড়া দিতে গিয়ে নিম্ন আয়ের বেশির ভাগ যাত্রী বিড়ম্বনায় পড়ছেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলা, সিরাজগঞ্জের রায়গঞ্জ আর মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় বলে অভিযোগ উঠেছে। আমাদের শিবগঞ্জ, রায়গঞ্জ ও মানিকগঞ্জ প্রতিনিধিদের পাঠানো খবর: শিবগঞ্জ: এলাকাবাসী জানান, বগুড়ার শিবগঞ্জ, কালাই, সোনাতলা, গাবতলী ও সাঘাটা উপজেলার প্রায় এক লাখ শ্রমিক ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন পোশাক তৈরির কারখানায় চাকরি করেন। অনেকে রিকশা চালান বা গৃহকর্মীর কাজ করেন। আজ বেলা ১১টায় মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, নিম্ন আয়ের হাজার হাজার নারী-পুরুষ সেখানে ভিড় করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন গন্তব্যে যেতে তাঁদের দ্বিগুণের বেশি ভাড়া গুনতে হচ্ছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা যাওয়ার জন্য বাসের আসন নিলে ৪০০ থেকে ৫০০ টাকা, দাঁড়িয়ে গেলে ২৫০ থেকে ৩০০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। আর কোনো কোনো বাস ছাদের ওপর যাত্রী তুলছে। সে ক্ষেত্রে ১০০ থেকে ১৫০ টাকা ভাড়া। আর ট্রাকে উঠলে ১৫০ থেকে ২০০ টাকা ভাড়া দিতে হচ্ছে। রায়গঞ্জ: আজ শনিবার রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড ও সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ডে খোঁজ নিয়ে জানা যায়, ধানগড়া-সিরাজগঞ্জ, ধানগড়া-চান্দাইকোনা সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও শ্যালোমেশিনচালিত নছিমনে ৫-১০ টাকা করে যাত্রীপ্রতি বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এসব যানবাহন নিয়ন্ত্রণকারী চেইন মাস্টার জানান, ঈদের আগে ও পরে কয়েক দিন ভাড়া বেশি নেওয়া হলেও আগামী দু-এক দিনের মধ্যে আগের ভাড়াই নেওয়া হবে।মানিকগঞ্জ ঃ যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাটুরিয়া থেকে গাবতলী এবং আরিচা থেকে গাবতলী পর্যন্ত লোকাল বাসের ভাড়া ৯০ টাকা। অথচ বাসমালিকেরা যাত্রীদের কাছ থেকে ১৫০ থেকে ২০০ টাকা ভাড়া আদায় করছেন। বিআরটিসির বাসের ভাড়া না বাড়লেও ঢাকা ছাড়া অন্য কোনো গন্তব্যের যাত্রী তুলছে না। ফলে পিকআপ ভ্যান, ম্যাক্সি (হিউম্যান হলার) ও টেম্পোতে করে দ্বিগুণের বেশি ভাড়া দিয়ে মানিকগঞ্জ, নবীনগর ও সাভারের যাত্রীরা গন্তব্যে যাচ্ছেন। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গতকাল শুক্রবার কয়েকজন বাসচালক ও সহকারীকে আটক করা হয়। এরপর মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে আবার খোঁজখবর নেওয়া হচ্ছে।’