অতিরিক্ত যাত্রী নিয়েই যাত্রা লঞ্চের
‘এত যাত্রী নেওয়া হয়েছে যে কেবিনের দরজা খুলতে পারছি না। কারণ কেবিনের দরজা ঘেঁষে করিডরেও যাত্রীরা বসেছেন। ছাদেও যাত্রী নেওয়া হয়েছে।’ কথাগুলো বললেন বরগুনাগামী এমভি পাতারহাট লঞ্চের কেবিনের যাত্রী ফজলুল হালিম। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক।এ লঞ্চটির মতো গতকাল মঙ্গলবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে ঈদে ঘরমুখো লোকজনকে নিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়া প্রায় সব লঞ্চেই ছিল অতিরিক্ত যাত্রীবোঝাই। এ ছাড়া অতিরিক্ত ভাড়া নেওয়া এবং নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে লঞ্চ ছাড়া হয়েছে। অথচ নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীন সংস্থাগুলোর পক্ষ থেকে অতিরিক্ত যাত্রীবোঝাই না করার ও অতিরিক্ত ভাড়া না নেওয়ার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। অতিরিক্ত যাত্রীবোঝাই করায় লঞ্চকে জরিমানাও করা হয়েছে। সদরঘাট টার্মিনালে গিয়ে দেখা যায়, সরকারি ছুটি থাকায় গতকাল সকাল থেকেই টার্মিনালে ছিল ঈদে বাড়িমুখো যাত্রীদের ভিড়। বিভিন্ন লঞ্চের ছাদেও অনেক যাত্রী। দুপুরে ছাদেও অনেক যাত্রী নিয়ে ঘাট ছেড়েছে অনেক লঞ্চ। ঘাট ছাড়ার পরও খেয়া নৌকায় করে অনেক যাত্রী লঞ্চে উঠে ছাদে আশ্রয় নেন। এভাবে অতিরিক্ত যাত্রীবোঝাই করেই গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে লঞ্চগুলো।এদিকে জায়গা না পাওয়ার আশঙ্কায় অনেকে লঞ্চ ছাড়ার বেশ কয়েক ঘণ্টা আগে, কেউ কেউ সকালেই পরিবারসহ টার্মিনালে এসে লঞ্চে ওঠেন। আরামে যাওয়ার জন্য চাদর বিছিয়ে বসে পড়েন। এ কারণে সন্ধ্যায় যে লঞ্চ ছাড়ার কথা তা দুপুরের মধ্যেই যাত্রীতে ভরে যায়। কয়েকজন যাত্রী অভিযোগ করেন, কয়েক ঘণ্টা আগে লঞ্চে উঠেও তাঁরা দেখেন এর আগেই ডেকে চাদর বিছিয়ে জায়গা দখল করা হয়েছে। এসব জায়গা পরে যাত্রীদের কাছে বিক্রি করা হয়। এ ছাড়া যাত্রীদের জন্য নির্ধারিত জায়গায় মালামাল রেখে সমস্যা সৃষ্টি করা হয়। এগুলোর সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় তো আছেই। এত সব দুর্ভোগ সহ্য করে মানুষ বাড়ি গেছেন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।টার্মিনালে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পুলিশ, আনসার ও কোস্টগার্ডের সদস্যরা ছিলেন। ছিলেন ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত যাত্রী বহন করায় বিকেলে পটুয়াখালীগামী এমভি সুন্দরবন-৫ নামের লঞ্চকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। এই আদালতের নেতৃত্ব দেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। অনেক লঞ্চের মতো এই লঞ্চের ছাদেও ছিল অতিরিক্ত যাত্রী। তবে লঞ্চটির কর্মচারী মো. আবুল কালাম দাবি করেন, লঞ্চে তেমন যাত্রী ছিল না, অহেতুক জরিমানা করা হয়েছে।ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে বলেন, অতিরিক্ত যাত্রী বহন ও অনিয়ম করলে লঞ্চগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে।যাত্রীতে পূর্ণ হলেও আরও যাত্রী নিতে পন্টুনের কাছে ভিড়ে থাকা কয়েকটি লঞ্চকে নির্ধারিত সময়ের আগেই যাত্রা শুরু করতে বাধ্য করেন আদালত। এগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালীগামী সৈকত-২, বরগুনাগামী নাজমা খান, লালমোহনগামী গ্লোরি অব শ্রীনগর ইত্যাদি।নৌপরিবহন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও এমভি টিপু লঞ্চের মালিক গোলাম কিবরিয়া গতকাল সদরঘাট টার্মিনালে ছিলেন। তিনিও বলেন, ‘কোনো অবস্থাতেই লঞ্চের ছাদে যাত্রী বহন করা চলবে না।’তবে দুপুরে অনেক লঞ্চই অতিরিক্ত যাত্রী বহন করে টার্মিনাল ছেড়েছে। এগুলোর মধ্যে ছিল ভাণ্ডারিয়াগামী রাজদূত-৭, পটুয়াখালীগামী পূবালী, সৈকত-৮।আছে বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফজলুল হালিম অভিযোগ করেন, দুপুর ১২টায় ছাড়ার সময় নির্ধারিত থাকলেও এখন বিকেল তিনটায়ও লঞ্চ ছাড়ছে না। জানতে চাইলে লঞ্চটির কর্মচারী দুলাল মিয়া প্রথম আলোকে বলেন, ‘যাত্রী হলে লঞ্চ ছেড়ে দিব।’নাম প্রকাশে অনিচ্ছুক সমুদ্র পরিবহন অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, লঞ্চের ছাদে ওঠার সিঁড়ি কেটে ফেলা হয়েছিল। কিন্তু কিছু লঞ্চে আবার সিঁড়ি লাগানো হয়েছে।এমভি পারাবতের কর্মচারী রহমান বলেন, সিঁড়ি কেটে দিলেও যাত্রীরা ছাদে ওঠেন। বিশেষ করে লঞ্চ ঘাট ছেড়ে কিছু দূর গেলে যাত্রীরা একজন আরেকজনের কাঁধে পা দিয়ে ছাদে ওঠেন, বারণ করলেও তাঁরা শোনেন না।অতিরিক্ত ভাড়া: মাদারীপুরগামী এমভি দ্বীপরাজ-৪ লঞ্চের যাত্রী আবদুল কুদ্দুস জানান, গত সপ্তাহে তিনি ঢাকায় আসতে লঞ্চের ডেকের ভাড়া দিয়েছিলেন ৮০ টাকা। কিন্তু এখন ভাড়া নেওয়া হয়েছে ১৬০ টাকা। এ অভিযোগের বিষয়ে লঞ্চটির মাস্টার মো. নজরুল ইসলাম বলেন, ‘সরকারের নির্ধারিত হারেই ভাড়া আদায় করা হচ্ছে।’ অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন আরও অনেক যাত্রী।চাদরবাহিনী: প্রতি ঈদের মতো এবারও প্রতিটি লঞ্চে সক্রিয় ছিল ‘চাদরবাহিনী’। যেসব যাত্রী ২ ও ৩ নম্বর ঘাটে নোঙর করা লঞ্চে উঠেছেন, তাঁদের অনেকে নির্বিঘ্নে জায়গা পাননি। কারণ এর আগেই একদল লোক যাত্রীবেশে নৌকায় করে লঞ্চগুলোতে উঠে ডেকে চাদর বিছিয়ে জায়গা দখল করেন। পরে এসব জায়গা যাত্রীদের কাছে বিক্রি করা হয়।এদিকে পন্টুনের পাশে মাচা বাঁধা অবৈধ ফলের দোকানের কারণে যাত্রীদের চলাচলে সমস্যা হয়। একপর্যায়ে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন) মাহবুবুল আলমের নির্দেশে দোকানগুলো ভেঙে দেওয়া হয়। এর আগেও দোকানগুলো ভাঙা হয়েছিল।