যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রতিকারমূলক ব্যবস্থা না নেওয়ায় আমাদের দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে।’ তিনি বলেন, ‘ওভার টেকিং, ওভার লোডিং, ওভার স্পিড, চালকের অদক্ষতা দুর্ঘটনার জন্য দায়ী।’আজ রোববার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে সাংসদ সাধনা হালদারের সম্পূরক এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ঢাকা-মাওয়া সড়কে ৩০ কিলোমিটারে ৪৪টি গতি নিরোধক (স্পিড ব্রেকার) রয়েছে। স্পিড ব্রেকার যেভাবে দেওয়া হয়, তাতে দুর্ঘটনা আরও বাড়ে। তিনি বলেন, কুমিল্লা লাকসাম সড়কে স্পিড ব্রেকার অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। ঢাকা মাওয়া সড়কেও স্পিড ব্রেকার কমানো হচ্ছে। তবে স্পিড ব্রেকার ভাঙতে গেলে এলাকাবাসী বাধা দেয়।যোগাযোগমন্ত্রী আরও বলেন, রাস্তা চার লেন করলে সড়ক দুর্ঘটনা কমবে না। চালকের অদক্ষতা, ট্রাফিক আইন মেনে চলা এসব বিষয় দেখতে হবে। তিনি বলেন, ‘দুর্ঘটনা রোধে অনেক পদক্ষেপ নিয়েছি। রাতারাতি এর ফলাফল আসবে না। আশা করি, আগামী বছরের মাঝামাঝি সময়ে সড়ক দুর্ঘটনা, যানজট টলারেবল পর্যায়ে আসবে।’