অতীত উদ্ঘাটনের চাবিকাঠি
‘প্রাচীনকালের কোনো মমি বা হাড় থেকে সেই জীবের ডিএনএ উদ্ধার করা যায়। আর সেটি বিশ্লেষণ করার মাধ্যমে জীবতাত্ত্বিক অতীত উদ্ঘাটনের একটি চমৎকার উপায় উন্মোচিত হয়েছে।’ বলছিলেন ড. মুহাম্মদ ইব্রাহীম তাঁর বিজ্ঞান বক্তব্যে। গত ২ সেপ্টেম্বর ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে এই বিজ্ঞান বক্তব্য অনুষ্ঠিত হয়। এটি ছিল ‘উদ্ঘাটিত ডিএনএ উৎসারিত সম্ভাবনা’ বিষয়ে ধারাবাহিক বক্তব্যের অংশ। ইব্রাহিম বলেন, ডিএনএতে জীবনের নিয়ামক হিসেবে যে তথ্য কোডবদ্ধ থাকে, জীবটি মরে গেলেও তাতে এই তথ্য অক্ষুণ্ন থাকে। অবশ্য এ জন্য ওই মরদেহের টিস্যু, হাড় ইত্যাদির মধ্যে মোটামুটি অবিকৃত ডিএনএ থাকতে হবে। সম্প্রতি মৃত কোনো জীবে এটি থাকা স্বাভাবিক। কিন্তু পরে আবিষ্কার হয়েছে, মৃত্যুর পর ডিএনএর যেটুকু বিকৃতি ঘটার তা কিছুদিনের মধ্যেই ঘটে। এরপর এটির অবক্ষয় ঘটে খুব ধীরে। তাই বহু বছর, এমনকি বহু হাজার বছরের পুরোনো মমি, হাড় ইত্যাদি থেকেও ব্যবহারযোগ্য ডিএনএ নিষ্কাশন সম্ভব হয়েছে এবং যথারীতি এর বেইস-পরম্পরায় নির্ণয়ও (সিকোয়েন্সিং) সম্ভব হয়েছে। ফলে একটি বিরাট সম্ভাবনার দ্বার খুলেছে। এর সঙ্গে তুলনা সম্ভব হচ্ছে ওই জীবের আজকের বংশধরদের ডিএনএর। ওই জীব যদি ইতিমধ্যে বিলুপ্ত হয়ে থাকে, তাহলে তার কাছাকাছি আজকের যেসব জীব তাদের ডিএনএর তুলনা করা যাচ্ছে। এভাবে আমরা বুঝতে পারছি বিবর্তনের ধারা কোন পথে প্রবাহিত হয়েছে, কালক্রমে কীভাবে পরিবর্তনে আজকের প্রজাতি, উপ-প্রজাতি বা গোষ্ঠীগুলো গঠিত হয়েছে, অতীতের কোনো জীবের সঙ্গে আজকের কোনটির কী রকম সম্পর্ক। বিবর্তনকে একেবারে আণবিক পর্যায়ে প্রত্যক্ষ করার উপায় এটি আমাদের হাতে তুলে দিয়েছে।কাজটি অবশ্য খুব সহজ নয়। অধিকাংশ ক্ষেত্রে এ রকম প্রাচীন ডিএনএ খুব বিরল। যাও বা পাওয়া যায়, তার মধ্যে অনেক অংশ বিকৃত হয়, রাসায়নিকভাবে পরিবর্তিত হয় কালের প্রভাবে। ওইভাবে যৎসামান্য ডিএনএ আবার ঢাকা পড়ে যায় পরবর্তীকালে তার সঙ্গে মাখামাখি হওয়া অন্য জীবের ডিএনএর দ্বারা। এমনকি যে মানুষ তা নিষ্কাশন করছে, তার দ্বারাও ওই প্রাচীন ডিএনএ ‘দূষিত’ হতে পারে। এসব নানা বড় প্রতিকূলতাকে অতিক্রম করেই প্রাচীন ডিএনএর বিশ্লেষণ সম্ভব হয়েছে। এ সম্পর্কে ইব্রাহীম আরও চমকপ্রদ একটি বিষয়ের অবতারণা করেন। এ নিয়ে বিজ্ঞানীদের আশাবাদ এতটা বেড়ে গিয়েছে যে তাঁদের কেউ কেউ এমন একটি সম্ভাবনার কথা বলছেন, যা এত দিন শুধু কল্পকাহিনিতেই দেখা গেছে। একেবারে বিলুপ্ত হয়ে যাওয়া কোনো প্রাণীর হাড় বা সংরক্ষিত মরদেহ থেকে ডিএনএ নিয়ে এবং তা আজকের তার কাছাকাছি প্রজাতির কোনো প্রাণীর ভ্রূণকোষে প্রতিস্থাপিত করে ওই প্রাণীকে কার্যত ফিরিয়ে আনার স্বপ্ন তাঁরা দেখছেন। তবে অন্যদের মতে, নানা কারণে এতে সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তা ছাড়া কত প্রাচীন জীবের ডিএনএ আমরা ব্যবহারযোগ্য অবস্থায় নিষ্কাশন করতে পারব তার একটি সীমা রয়েছে। এ পর্যন্ত প্রাচীনতম—যার ক্ষেত্রে এটি সম্ভব হয়েছে তা হলো—৫০ হাজার বছর আগে মৃত একটি গুহা-ভালুক। তার আরও খানিকটা পেছনে হয়তো আমরা যেতে পারব, তবে খুব বেশি পেছনে নয়। কিন্তু এর থেকেই জীবতাত্ত্বিক ইতিহাস উদ্ঘাটনের ক্ষেত্রে ডিএনএর অনেক সাফল্য এসেছে, যার কিছু কিছু বক্তা তুলে ধরেন। যেমন, নিউজিল্যান্ডের উটপাখিসদৃশ বিলুপ্ত প্রাণী মোয়ার ডিএনএর সঙ্গে আজকের সেখানকার অনুরূপ পাখি কিউইর ডিএনএর এবং নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার উটপাখি গোষ্ঠীর অন্যান্যের ডিএনএর তুলনা করে এখন বোঝা যাচ্ছে, সেদিনের মোয়ার সঙ্গে আজকের কিউইর সরাসরি সম্পর্ক নেই। বরং কিউই এসেছে উটপাখির অন্য ধারা থেকে, যার মূল রয়ে গেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সংলগ্ন থাকার দিনগুলোয়। আরও গুরুত্বপূর্ণ উদাহরণ হলো, ৩০ হাজার বছর আগের মানুষ (হোমো সেপিয়েন্স) এবং একই জায়গায় বসবাসকারী নিয়ানডার্থাল নামের ভিন্ন প্রজাতির মানুষের (যারা এর পরপরই বিলুপ্ত হয়েছে) ডিএনএ তুলনা করা যাচ্ছে। তা ছাড়া এদের সঙ্গে তুলনা করা যাচ্ছে আজকের দিনের মানুষের ডিএনএকেও। গভীর আগ্রহের সঙ্গে বিজ্ঞানীরা এখানে লক্ষ করছেন, নিয়ানডার্থালদের এমন কোনো জেনেটিক বৈশিষ্ট্য আজকের মানুষের জিনবৈচিত্র্যের মধ্যে দেখা যাচ্ছে কি না, যা সে যুগের মানুষে ছিল না। তাহলে নিয়ানডার্থালদের সঙ্গে সেদিনের মানুষের প্রজননগত সম্পর্কের প্রশ্নটি এসে পড়ে, যা মানব বিবর্তনে একটি বড় কৌতূহলের জন্ম দিয়েছে।‘সবার জন্য সর্বশেষ বিজ্ঞান’ শিরোনামে এই বক্তৃতামালার আয়োজক সিএমইএস ও ব্রিটিশ কাউন্সিল। বক্তব্য শেষে মুহম্মদ ইব্রাহিম শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বিজ্ঞান প্রজন্ম প্রতিবেদক