অতীত দর্শন: ভবিষ্যৎ ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের জন্মলগ্ন থেকেই বাংলাদেশকে পর্যবেক্ষণ করতে পারাটা ছিল সৌভাগ্যের ব্যাপার। আসলে ১৯৭০ সালের জলোচ্ছ্বাস ও ১৯৭১ সালে ভারতের শরণার্থীশিবিরে বাঙালিদের অনাহারে হত্যা করার পাকিস্তানি প্রয়াস আমি প্রত্যক্ষ করেছি। অপুষ্টি ও ব্যাপকবিস্তৃত মৃত্যুর ভয়ংকর পরিবেশে শরণার্থীদের বেঁচে থাকার সংগ্রামে সহায়তা করেছি আমি। ১৯৭২ সালের গোড়ার দিকে দেশের অবকাঠামো ও অর্থনীতি কোন মাত্রায় বিধ্বস্ত অবস্থায় ছিল, তাও দেখেছি। আরও পরে, ১৯৭৪ সালে রৌমারী, কুড়িগ্রামের দুর্ভিক্ষাবস্থায় একবার ছয় হাজার স্থানীয় লোকজনকে দিনভর একটা বিশেষ লঙ্গরখানায় প্রতিদিন বানানো ৪০০ চাপাতির জন্য অপেক্ষা করতে দেখেছি।সত্তরের দশকের সেই সব কষ্টকর দিনের পর অনেক পরিবর্তন ঘটেছে—তার অনেকগুলোই ইতিবাচক। বর্তমানে দায়িত্ব আমাকে প্রায়ই রৌমারী নিয়ে যায়, এখনো সেটা আপেক্ষিকভাবে দরিদ্র ‘মঙ্গা’পীড়িত এলাকা হলেও আমি জানি, সব সম্প্রদায় একজন মানুষেরও অনাহারে মৃত্যুবরণ না করার বিষয়টি নিশ্চিত করেছে। বিশেষ করে শুষ্ক ‘মঙ্গা’ মাসগুলোতে অনেকেই হয়তো তিন বেলা খেতে পায় না। কিন্তু আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাদের অন্তত এক বেলা খাবারের নিশ্চয়তা দেয়। বাংলাদেশের জনসংখ্যা এখন হয়তো ১৯৭১ সালের সাড়ে সাত কোটির চেয়ে দ্বিগুণ, কিন্তু বর্তমানে দেশটি ১৬ কোটি মানুষকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দেওয়ার মতো স্বয়ংসম্পূর্ণ অবস্থায় রয়েছে। তবে এখনো সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি রয়ে গেছে সেটা হলো, অনেকেরই সেই খাবার সংগ্রহের প্রয়োজনীয় ক্রয়ক্ষমতা নেই। আমাকে প্রায়ই জিজ্ঞাসা করা হয়, সবচেয়ে বেশি পরিবর্তন ঘটেছে কোথায়। নিশ্চিতভাবেই খাদ্য উৎপাদন, তবে দেশের জন্য বিশাল অবদান রেখে চলা পোশাকশিল্পও আছে। রয়েছে যোগাযোগব্যবস্থাও—বিশেষ করে সড়ক ও টেলিযোগাযোগ—নাটকীয়ভাবে দেশের কর্মধারাকে পাল্টে দিয়েছে। এমনকি প্রত্যন্ত এলাকাতেও মোবাইল ফোন মানুষের জীবনযাত্রায় বিপ্লব নিয়ে এসেছে। ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থা ব্যবসার ধরন পাল্টে দেওয়ার পাশাপাশি এটাও সত্যি যে ঢাকার পক্ষে গণপরিবহন সুবিধার বিষয়টি একের পর সরকার কর্তৃক সম্পূর্ণভাবে অবহেলিত হয়েছে। ফলে এই বিশাল নগরটি যেন ক্রমেই স্তব্ধ হয়ে পড়ছে। এতে করে শেষ পর্যন্ত সারা দেশের ব্যবসা-বাণিজ্য ও জীবিকার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।তবে আমার দেখা সম্ভবত অন্যতম প্রধান পরিবর্তন হচ্ছে নারীদের অবস্থান, উপস্থিতি ও দৃশ্যমানতা। ১৯৭২ সালের জানুয়ারি মাসে যখন প্রথম ঢাকায় আসি, পথেঘাটে ও আমার দেখা বেশির ভাগ অফিসে নারীদের অনুপস্থিতির বিষয়টিই সবার আগে চোখে পড়েছিল। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে হয়তো, বিশেষ করে গ্রামাঞ্চলে, কিন্তু এই ইতিবাচক পরিবর্তন বেশ তাৎপর্যপূর্ণ।অবশ্য পরিবর্তন অনেক সময় বেশ চড়া মূল্যে আসে। কৃত্রিম বীজ ও রাসায়নিক কৃষিপণ্য দেশের কোনো কোনো এলাকার ভূমির একফসলি কৃষি সংস্কৃতির ওপর ধীরে ধীরে ক্ষতিকর প্রভাব রাখতে শুরু করেছে। প্রবীণ প্রজন্ম যেমন উল্লেখ করেছেন, মাটির উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন অধিকাংশ মানুষের খাবারই ৪০-৫০ বছর আগের তুলনায় কম ‘ভারসাম্যপূর্ণ’। দেশীয় ধানের বহু স্থানীয় রূপ হারিয়ে গেছে, এসব ধরন শত শত বছর ধরে স্থানীয় মাটি ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিল। সম্প্রতি প্রায় ২৫ বছর আগে সফর করা টাঙ্গাইলের এমনি এক এলাকায় গিয়েছিলাম। এই সময় গ্রাম, কৃষি ও লোকজনের জীবিকা পর্যবেক্ষণ করেছি। ২৫ বছর পরে লোকজন, বিশেষ করে কৃষকদের সঙ্গে কথার বলার অভিজ্ঞতা যুগপৎ কৌতূহলোদ্দীপক ও হতাশাব্যঞ্জক। তাঁরা বলেছেন, আকাশে চিলের মতো শিকারি পাখিদের অস্তিত্ব না থাকায় এটা পরিষ্কার যে ‘খাদ্যপরম্পরা’ নষ্ট হয়ে গেছে, আমরা এক ধরনের বিপর্যয়ের দিকে ধেয়ে যাচ্ছি! আগের দিনে, বলেছেন তাঁরা, ধানখেতে মাছ ও ব্যাঙ পোকামাকড় খেয়ে নিত, চিল খেত এই মাছ ও ইঁদুর। এখন ধানখেতে মাছের অস্তিত্ব নেই, ব্যাঙের সংখ্যাও অনেক কম। এসবই, বলেছেন তাঁরা, সার ও কীটনাশকে জমি বিষাক্ত করে তোলার পরিণতি। এই কৃষকেরা অশিক্ষিত হতে পারেন, তবে দারুণ জ্ঞানী; কিন্তু তাঁদের সব কথাই দেয়ালে মাথা কুটে মরে। সত্তরের দশকের গোড়ার দিকের তুলনায় বাংলাদেশ এখন প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় অনেকটাই সংহত। আমি ১৯৮৭, ১৯৮৮, ১৯৯৮ এবং ২০০৭ সালের বন্যার সঙ্গে সম্পর্কিত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে জড়িত ছিলাম, তেমনি ১৯৭০ ও ১৯৯১ সালের সাইক্লোনের সময়ও। সুতরাং বিপর্যয়ের প্রতি সরকার ও এনজিওগুলোর কার্যক্রম কতটা উন্নত হয়েছে দেখেছি। কিন্তু এখনো অনেক কাজ করার রয়েছে, কারণ ‘পরিবেশ পরিবর্তনের’ প্রভাব মৌসুম, বৃষ্টিপাতের ধরন আর সেই কারণে খাদ্য উৎপাদনকে প্রভাবিত করছে।অন্যান্য পরিবর্তন সম্পর্কে কী বলা যায়? স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ও দৃশ্যমান পরিবর্তন ঘটেছে, এখানে স্বাধীনতার পর থেকে গজিয়ে ওঠা অসংখ্য এনজিওর কিছুসংখ্যকের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। তবে পর্যায়ক্রমিক সরকারগুলোর এ ক্ষেত্রে সাফল্য খুবই কম। সবকিছুই অগ্রসর হয়েছে অত্যন্ত শ্লথগতিতে। বর্তমানে আমার কর্মক্ষেত্র, চর এলাকার মতো প্রত্যন্ত অঞ্চলের সম্প্রদায়গুলো এখনো বঞ্চিত, অধিকাংশই মৌলিক সেবা থেকে দূরে। এমনকি বৃহৎ এনজিওগুলোও এসব প্রত্যন্ত এলাকায় তৎপরতা চালানো ব্যয়সংকুলানমূলক মনে করেনি, অন্যদিকে সরকারি উন্নয়ন কর্মসূচির এমনি কঠিন এলাকায় অগ্রসর হওয়ার মতো বাজেট নেই। আশির দশকে আমরা যারা পল্লি উন্নয়নের কাজে ব্যস্ত ছিলাম, তখন ভূমি সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশে বেশ অনুপ্রাণিত বোধ করেছি: সব খাসজমি (সরকারি জমি, যার ওপর কারও মালিকানা নেই) যত দ্রুত সম্ভব ভূমিহীনদের মধ্যে বণ্টন করে দিতে হবে। বর্গাচাষিদের আইনি প্রতিরক্ষা ও তাদের কর্ষিত জমির ফসলের ন্যায্য হিস্যা দিতে হবে। সরকারকে কৃষিতে নিয়োজিত শ্রমিকদের ন্যূনতম মজুরি বেঁধে দিতে হবে।পরিবারপিছু ১০ একর জমির সীমা বেঁধে দেওয়ার অন্য একটি প্রস্তাব বাস্তবায়নে ভূমির পুনর্বণ্টনের প্রয়োজন হতো। কিন্তু কমিটির পরবর্তী পর্যায়ে তা নাকচ হয়ে যায়।১৯৮৪ সালে দুটি আইন জারি করা হয়। একটি আইনের মাধ্যমে কৃষি মজুরির পরিমাণ ৩ দশমিক ৫ কিলো ধান বা সমপরিমাণ অর্থে নির্ধারণ করে দেওয়া হয় এবং অন্যটির মাধ্যমে সরকারি জমি ভূমিহীনদের মধ্যে বিলি করার কথা বলা হয়। অবশ্য ২৫ বছরেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পর এটা পরিষ্কার যে সরকারগুলোর এসব প্রস্তাবিত সুবিধা দরিদ্রতম, বিশেষ করে চরম দরিদ্রদের কাছে পৌঁছানোর উপযোগী আইন তৈরি করার সাহস বা রাজনৈতিক সদিচ্ছা নেই। খাসজমি মূলত নিবন্ধনহীন অবস্থায় থাকে এবং সেগুলো শক্তিশালী স্থানীয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাস্তান বা লাঠিয়ালেরা নিয়ন্ত্রণ করে। সরকারগুলো আদৌ চরম দরিদ্রদের দারিদ্র্যসীমার ওপরে উঠে আসতে সাহায্য করার ব্যাপারে আন্তরিক হলে তাদের আরও একাগ্র হতে হবে ও জরুরি ভিত্তিতে খাসজমি ভূমিহীনদের মধ্যে বণ্টন করে দিতে হবে। বাংলাদেশের জনগণের সফল হওয়ার মতো শক্তি রয়েছে, কিন্তু এ জন্য প্রয়োজন একটি শক্তিশালী ও সাহসী সরকারের সমর্থন।সব উন্নয়ন কার্যক্রমকে ক্ষতিগ্রস্তকারী চুরি বা দুর্নীতি হ্রাস করার জন্যও একটি শক্তিশালী ও সাহসী সরকার দরকার। ১৯৭৪-৭৫ সালে রৌমারীর দুর্ভিক্ষকালীন সেই সন্ধ্যার কথা আমার মনে আছে: এক স্থানীয় সমবায় সমিতির চেয়ারম্যান কায়দা করে অমূল্য খাদ্যসামগ্রী সীমানার ওপারে ভারতে পাচার করে যাচ্ছিলেন। দুঃখজনকভাবে একটি নির্দিষ্ট অংশ মেরে দেওয়াই রীতি হয়ে গেছে, এটার খুব একটা ব্যতিক্রম হয় না। উদাহরণস্বরূপ, আমাকে বলা হয়েছিল যে পিডব্লিউডির এক ঠিকাদার নাকি সাধারণভাবে প্রত্যেক কন্ট্রাক্টের ৩০ শতাংশ ঘুষ হিসেবে মিটিয়ে থাকেন। সুতরাং বেশির ভাগ ঠিকাদারই তাঁদের দরপত্রে ৩০ শতাংশ বেশি মূল্য দেখান। এ থেকে উত্তরণের জন্য আমাদের কাজের ধারায় ‘ব্যাপক পরিবর্তন’ আনতে হবে।শিখতে অক্ষম এ রকম প্রতিবন্ধী একটি ভাই ও বোন থাকায় আমি সব সময়ই প্রতিবন্ধী ও প্রতিবন্ধীসংক্রান্ত বিভিন্ন ইস্যুর সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত ছিলাম। ১৯৭১ সাল থেকেই অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে আরও বেশি করে সরকার ও দাতাদেশগুলো এ খাতে অনেক বেশি দৃষ্টি দিচ্ছে—অবশ্য সেটা কখনোই যথেষ্ট নয়—এবং বহু নিবেদিতপ্রাণ এনজিও নিত্যনতুন সাফল্য অর্জন করছে। এটা উৎসাহব্যঞ্জক, দীর্ঘদিন অব্যাহত থাকুক। সামান্য একটু সুযোগ দিলেই প্রতিবন্ধীরা দেশের সম্পদ হতে পারে, কিন্তু এখানে এখনো আরও অনেক কিছু করার বাকি আছে!বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমার স্বপ্ন কী? ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানে এরশাদকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের ঘটনা আরও অনেকের সঙ্গে উত্তেজনা নিয়ে প্রত্যক্ষ করেছি, কিন্তু জাতীয় সংসদের কখনোই ঠিকমতো কাজ করতে না পারায় আমি দারুণভাবে হতাশ। পূর্ণাঙ্গ গণতন্ত্রের জন্য গঠনমূলক সমালোচনাকারী একটি বিরোধী দল ‘আবশ্যক’। অনায়াসে সমাধানযোগ্য বিভিন্ন ইস্যুতে একের পর এক বিরোধী দল সংসদ বয়কট করেছে। সংসদকে কার্যকর করে তোলায় অবদান না রাখায় এমপিদের তাঁদের নির্বাচিতকারী জনগণের সঙ্গে প্রতারণা করার দায়ে অভিযুক্ত করা যেতে পারে। এমনি পরিস্থিতি অনেককেই বিষণ্ন করে। আমি জানি না, কার হাতে এই গুরুতর সমস্যা সমাধানের চাবিকাঠি রয়েছে। তবে দেশের স্বার্থে এ সমস্যার সমাধান করতেই হবে। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতি বেশ ভালোভাবে অগ্রসর হচ্ছে, কিন্তু সংঘাতপূর্ণ রাজনীতি থেকে বের হয়ে আসতে পারলেই কেবল ‘সোনার বাংলা’ সত্যিকার অর্থে সোনালি ভবিষ্যৎ লাভ করবে। বাংলাদেশের সঙ্গে পরিচিত হওয়ার পর কেটে যাওয়া বছরগুলো নিয়ে যখন ভাবি, আরও শান্তিপূর্ণ ও সফল ভবিষ্যতের স্বপ্ন দেখার সাহস করি, তখন এই সামান্য ভাবনাগুলোই মাথায় আসে। সবশেষে এমনি উষ্ণ, অঙ্গীকারবদ্ধ ও আবেগময় জাতির মধ্যে বসবাস করতে পারাটা আমার পক্ষে ভাগ্যের বিষয়, যাদের নিশ্চিতভাবেই সফল হওয়ার ইচ্ছা ও শক্তি রয়েছে এবং আমি নিশ্চিত, সফল তারা হবেই। ভাষান্তর: শওকত হোসেন জুলিয়ান ফ্রান্সিস: মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত। বর্তমানে ডিএফআইডির অর্থায়নে পরিচালিত বাংলাদেশ সরকারের ‘চরাঞ্চলের জীবিকা কর্মসূচি’র সঙ্গে জড়িত।