ফুলপ্যান্ট কী, তা বুঝেছেন এসএসসি পরীক্ষা দেওয়ার সময়। ১৯৮৫ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে বাবা মকবুল হুদা একটা ফুলপ্যান্ট বানিয়ে দিয়েছিলেন।এর আগে মাহফুজ লুঙ্গি আর শার্ট অথবা পাঞ্জাবি পরেই স্কুল করেছেন। লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চলে মাহফুজের বাড়ি। বাবা চাকরি করতেন পাকিস্তান নৌবাহিনীতে। ছেলেমেয়ের কথা ভেবেই একসময় চাকরি ছেড়ে দিয়ে গ্রামের স্কুলের দায়িত্ব নেন। মাহফুজ আহমেদ সেই স্কুলেই পড়াশোনা করেছেন।এসএসসি পরীক্ষায় মাহফুজ প্রথম বিভাগে পাস করলেন। খুব ইচ্ছা, ঢাকা শহরে পড়াশোনা করবেন।বাবা রাজি হলেন। ঢাকায় এসে গ্রামের এই ছেলেটি দেখলেন, খুবই কঠিন কাজ ভালো কলেজে চান্স পাওয়া। বিষণ্ন মনেই বাড়ির উদ্দেশে রওনা হলেন। একটি কলেজেও তাঁর ভর্তির সুযোগ হয়নি। কুমিল্লায় গিয়ে মাহফুজ নামলেন। দুই চোখ দিয়ে তাঁর পানি ঝরছে। অঝোরে কান্না। বাড়িতে গিয়ে বাবাকে কী বলবেন?কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে গিয়ে ভর্তির ফরম নিলেন। পরীক্ষায় পাস করলেন। তারপর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে মাহফুজের নতুন জীবন শুরু হলো।এইচএসসি পরীক্ষায় পাস করলেন। এবার তাঁর মিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।বড় দুই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ঢাকায় এসে প্রথমে একটি মেসে উঠলেন। তারপর কোচিং শুরু করলেন। রামপুরার একটি মেসে থাকেন তিনি। সেখান থেকে হেঁটে হেঁটে ফার্মগেটে এসে একটি মেয়েকে পড়াতেন। একদিন মেয়েটিকে মাহফুজ খুব মেরেছিলেন। ‘মেয়েটি ঠিকমতো পড়ত না। তাই মেরেছিলাম। এ জন্য মেয়ের মা ক্ষুব্ধ হয়ে আমাকে ওই মুহূর্তে তাঁর বাড়ি থেকে বেরে করে দেন। সে সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই হাঁটতে হাঁটতে মেসে চলে যাই। আর কখনো টিউশনি করি নাই।’ বলছিলেন মাহফুজ।নিয়তির খেলার কোনো শেষ নেই। বছর দুই আগে মাহফুজ গিয়েছিলেন কানাডাতে একটি শো করতে। সেখানে এক মেয়ে এসে বলল, স্যার আমাকে চিনতে পেরেছেন। সত্যি মাহফুজ মেয়েটিকে চিনতে পারেননি। মেয়েটি মাহফুজকে বললেন, ওই যে আমাকে পড়ার জন্য অনেক মেরেছিলেন। আমি আপনার সেই ছাত্রী। মাহফুজ বিস্মিত হয়ে তাকিয়ে থাকেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মুহসীন হলে থাকার সুযোগ হলো মাহফুেজর। একদিন বন্ধু আমিরুল ইসলাম মাহফুজকে বলেন, যাবি নাকি, আওয়ামী লীগের তোফায়েল আহমেদের বাসায়। মাহফুজ জানতে চাইলেন, কেন?আমিরুল জানান, তিনি বিচিন্তা কাগজে কাজ করছেন। তোফায়েল আহমেদের ইন্টারভিউ নেবেন। ‘তোফায়েল আহমেদের সাক্ষাৎকার নেওয়া শেষে বাড়ি থেকে বেরিয়ে এলাম। হঠাৎ আমিরুল বলল, জীবনেও তুই এ বাড়িতে আসতে পারতি না। শুধু আমার কারণে আসতে পারছিস, বুঝলি।’‘বন্ধুর এ কথা আমার মনে ভীষণ দাগ কাটল। সিদ্ধান্ত নিলাম আমি সাংবাদিক হব। লেখালেখি শুরু করলাম। স্বদেশ কাগজ নামে এক কাগজে গিয়ে কাজ শুরু করলাম। বিভিন্ন বিষয়ে লেখালেখি করি। সেখানেই পরিচয় হলো ওবায়দুল কাদেরের সঙ্গে। তিনি নোয়াখালীর সন্তান। আমার বাড়ি লক্ষ্মীপুরে জেনে তিনি খুশি হলেন। আমাকে নানাভাবে সহযোগিতা করলেন। তিনি নিজে তখন ওই কাগজের সাংবাদিক। আজ তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য।তাঁর মাধ্যমে আরও কাগজে কাজ করার সুযোগ পেলাম। একদিন খবর পেলাম পূর্ণিমা কাগজে লেখালেখির সুযোগ আছে। সেখানে গেলাম। তিন হাজার ৭০০ টাকা বেতনে চাকরির সুযোগ পেলাম। ১৯৮৯ সালের কথা। সে সময় তিন হাজার ৭০০ টাকা মানে অনেক টাকা আমার কাছে। মনোযোগ দিয়ে পড়াশোনা আর সাংবাদিকতা শুরু করলাম।‘রামপুরার টেলিভিশন ভবনে একদিন ইমদাদুল হক মিলনের সঙ্গে আমার পরিচয় হলো। তিনি একদিন বললেন, “এই ছেলে তুমি অভিনয় করবে নাকি?” আমি তো থ হয়ে গেলাম। মিনমিন করে বললাম, ঠিক আছে।একটি মাত্র দৃশ্য। কয়েক সেকেন্ড উপস্থিতি আমার। কোন কাননের ফুল নাটক। কাজটা করলাম। নাটক প্রচার হবে যেদিন, পুরো মুহসীন হলজুড়ে উত্তেজনা। আমার নাটক টিভিতে দেখাবে, সবাই টিভির সামনে বসে আছে। আমার দৃশ্যটা আর আসে না। যখন এল, তখন সবার চিৎকার। তারপর আমি যেন মিলিয়ে গেলাম।’ মাহফুজের মাথায় আস্তে আস্তে নাটকের পোকা ঢুকতে থাকে। টুকটাক করে একটি-দুটি নাটকের নানা ধরনের চরিত্রে অভিনয় শুরু করেন। একদিন পূর্ণিমা কাগজ থেকে হুমায়ূন আহমেদের কাছে পাঠানো হলো মাহফুজকে। ঈদসংখ্যার লেখা নিয়ে আসার জন্য। মাহফুজ সে দিন তিক্ত এক অভিজ্ঞতা নিয়ে অফিসে এসে বললেন, ‘আমার পক্ষে সম্ভব নয়। তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।’ বিকেল বেলা হুমায়ূন আহমেদের ফোন অফিসে। ‘সকালে যে ছেলেটি এসেছিল, তাঁর সঙ্গে আমরা খারাপ ব্যবহার করেছি। তাঁকে আবার পাঠাও। লেখাটা দিয়ে দিচ্ছি।’‘এর পর থেকেই হুমায়ূন আহমেদের অন্যতম পছন্দের একজন মানুষ বনে গেলাম আমি। তিনি আমাকে এর পর থেকে বইমেলায় নিয়ে যেতে লাগলেন। নাটকের শুটিংয়ে নিয়ে গেলেন। একদিন আমি পূর্ণিমার ভারপ্রাপ্ত সম্পাদক আতাহার খানকে বললাম, হুমায়ূন আহমেদের নাটকে কাজ করতে চাই। আতহার খান হুমায়ূন আহমেদকে বললেন, ছেলেটিকে দেখে রাইখেন।এর পরই আমি কোথাও কেউ নেই নাটকে সুযোগ পেয়ে গেলাম। আমি বলব যে, তিনি আমাকে নিজ হাতে তৈরি করলেন। সাংবাদিকতা থেকে তিনি অভিনেতা বানালেন। এরপর সাংবাদিকতা জীবনের ইতি টেনে অভিনেতা হয়ে গেলাম। আমার জীবন বদলে গেল পুরোপুরি। বিখ্যাত হয়ে গেলাম। ভাবি, একসময় আমি ছুটতাম মানুষের পেছনে পেছনে সাক্ষাৎকার নিতে, এখন উল্টোটা হচ্ছে। নানা পত্রিকার সাংবাদিক কেউ ছবি তোলেন, কেউ বা নানা প্রশ্ন করেন...সত্যি অতীতের সেসব দিন স্মরণ করে পুরোটাই কেমন অবিশ্বাস্য মনে হয়।’