অতীতে এত স্বচ্ছতার সঙ্গে ইসি গঠিত হয়নি: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, অতীতে এত স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন গঠিত হয়নি। সংবিধানের ১৫২(১) ধারা অনুযায়ী প্রজ্ঞাপনও আইন বলে সংজ্ঞায়িত। সার্চ কমিটি সাংবিধানিকভাবেই হয়েছে। সার্চ কমিটি নিরপেক্ষভাবে তালিকা দিয়েছে, তা থেকে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন।আজ শনিবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে ‘কার্যকর আইনগত সহায়তা ব্যবস্থাপনা’বিষয়ক এক কর্মশালার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।গতকাল শুক্রবার সাবেক আইনমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আইনজীবী মওদুদ আহমদ এক আলোচনা সভায় দাবি করেছিলেন, এবারের মতো অতীতে কখনোই এত অসাংবিধানিকভাবে নির্বাচন কমিশন গঠিত হয়নি।নির্বাচন কমিশন গঠনে আইন করা হবে কি না—এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে কেউ প্রয়োজন মনে করলে করবে। এই মুহূর্তে আইন করার প্রয়োজন আছে বলে মনে করি না।’ অপর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। এ পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে তা সুপ্রিম কোর্টের রায়ের বরখেলাপ হবে। সংবিধানে বলা আছে, নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার পরিচালিত হবে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে সর্বোচ্চ আদালত ওই বিধান বাতিল করেছে।’কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, দেশের বিভিন্ন আদালতে ২০ লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায় আছে। সরকারের আইনি সহায়তা কার্যক্রমের উদ্দেশ্য অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনগত সহায়তা প্রদান, বিচারের দীর্ঘসূত্রতা দূর করতে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা। মামলা দ্রুত নিষ্পত্তি হলে সুবিচার নিশ্চিত হয়। তিনি আরও বলেন, বিকল্প ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তি (এডিআর) হলে পক্ষদের মধ্যে সুসম্পর্ক থাকে। মামলা দ্রুত নিষ্পত্তিতে আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিচারকেরা দরদি মন নিয়ে কাজ করলে মামলার যে জট তা কমবে ও বিচারের দীর্ঘসূত্রতা থেকে বেরিয়ে আসা যাবে।আইনমন্ত্রী জানান, মামলাজট কমাতে এডিআর ব্যবস্থা বাধ্যতামূলক অনুসরণের বিধান, দুই সপ্তাহের মধ্যে সমন জারি, মামলার প্রতিটি স্তরে সময় সুনির্দিষ্ট করা এবং তা অতিক্রম হলে পরিণতির বিধান রেখে দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি সংশোধনের কাজ শেষ পর্যায়ে।জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও বাংলাদেশ লিগ্যাল রিফর্ম প্রজেক্ট পার্ট-বি যৌথভাবে ওই কর্মশালার আয়োজন করে। আইন ও বিচার বিভাগের সচিব আশীষ রঞ্জন দাসের সভাপতিত্বে কর্মশালায় আইনগত সহায়তা সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম বক্তব্য দেন। কর্মশালায় ২৫টি নন-পাইলট জেলার জেলা জজ ও প্রকল্প পরিচালকসহ প্রমুখ অংশ নেন।