অতীতে স্বাধীনতাবিরোধীদের তালিকা করাটাই উচিত ছিল: সাজেদা চৌধুরী
১৯৭২ সালে মুক্তিযোদ্ধার তালিকা করাটা ঠিক হয়নি, তখন বরং রাজাকার, আল-বদর ও স্বাধীনতাবিরোধীদের তালিকা করাটাই উচিত ছিল। জাতীয় সংসদে সরকারদলীয় উপনেতা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম সাজেদা চৌধুরী আজ শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধার তালিকায় অনেক গলদ আছে। তখন অনেকে রাতারাতি ভোল পাল্টে মুক্তিযোদ্ধা হয়ে যান। সাজেদা প্রশ্ন তোলেন, যাঁরা বাঙালি জাতীয়তাবাদ মানেন না, যাঁরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না, তাঁরা কীভাবে মুক্তিযোদ্ধা হন? যুদ্ধাপরাধীদের বিচার কবে শুরু হবে, এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে সাজেদা চৌধুরী বলেন, স্বাধীনতাবিরোধী নিজামীরা আজও ‘নোচকা’ দিয়ে বেড়াচ্ছে। তাদের নোচকা আর শুনতে পারি না।তিনি আরও বলেন, কাউকে ধর্ম নিয়ে মারামারি বা বাড়াবাড়ি করতে দেওয়া হবে না।মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করে বলেন, শেখ হাসিনাসহ আমাদের সবাইকে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে, যাতে আবার ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে মাঠে নামা যায়।