অতীতের ঐতিহ্য ভবিষ্যতের দায়
ঐতিহাসিক স্থাপনা কেবল ইতিহাসই সংরক্ষণ করে না, ভবিষ্যৎ নগরায়ণেরও দিকনির্দেশ দেয়। পৃথিবীর অনেক উন্নত দেশই তাদের নতুন শহর নির্মাণের ক্ষেত্রে ট্র্যাডিশনাল নেইবারহুড ডিজাইন (টিএনডি) বা ঐতিহ্যবাহী আবাসিক এলাকার ধারণাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করে। কারণ, তারা তাদের অতীত ঐতিহ্যের বস্তুগত গুরুত্বের পাশাপাশি সেই সময়ের মূল্যবোধ, সামাজিক সম্পর্ক আর গোষ্ঠীবদ্ধ জীবনযাপনের মধ্য থেকে খুঁজে নেয় নগরজীবনের অতি প্রয়োজনীয় উপকরণগুলো। এসব বিবেচনায় পুরান ঢাকাসহ রাজধানী শহরের ঐতিহ্যঘেঁষা সব স্থাপনা সংরক্ষণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতের শহর নির্মাণের ক্ষেত্রে তাই এসবের সংরক্ষণ আমাদের রাজধানীকে পৃথিবীর বুকে একটি অনন্য মাত্রা দিতে পারে। এসব স্থাপনা সংরক্ষণের জন্য সাধারণ নাগরিক থেকে শুরু করে সরকারের উচ্চ মহল পর্যন্ত সবাইকে নিজেদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে জানতে হবে।শহরের জমির লাগামহীন মূল্যবৃদ্ধি প্রত্নস্থান বা ঐতিহাসিক স্থাপনার জন্য মারাত্মক হুমকি হিসেবে কাজ করে। তাই যিনি সে-জাতীয় কোনো স্থাপনার মালিক, তাঁকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার মতো কোনো প্রকল্প হাতে নিলে লাভ হবে না। পুরান ঢাকার প্রসঙ্গে বলি, যে ভবনমালিক তাঁর প্রাচীন ঐতিহ্য-সংবলিত ভবনটি ভেঙে নতুন আবাসন প্রকল্প করতে চান, তাঁর চাহিদাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। দেখতে হবে, তিনি বর্তমান অর্থনৈতিক মানদণ্ডে কত অর্থ পেতে পারেন। সেটা না পেলে জোর করে তাঁকে সেই ভবন নষ্ট করা থেকে প্রতিহত করা যাবে না। একসময় তিনি অন্য সব জমির মালিকের মতো তাঁর জমিকেও বাজারদরে তুলবেন এবং কোনো নির্মাতা প্রতিষ্ঠানের হাতে সেটি তুলে দেবেন। প্রতিবছর ভর্তুকি দিয়ে সরকার একা সেই ভবন সংরক্ষণ করবে, তা আশা করাও বাস্তবসম্মত নয়। সে ক্ষেত্রে কিছু বিকল্প ভাবনা করা যেতে পারে: ১. দেশের জনগণকে মাথাপিছু অতি সামান্য কিছু করের আওতায় আনা যায়, যা ‘পুরাকীর্তি সংরক্ষণ কর’ নামে পরিচিত হবে। সেই সঙ্গে সরকার ওই পুরাভবনের খাজনা বা অন্যান্য কর মওকুফ করতে পারে। ২. ঐতিহাসিক ভবনগুলোর সুচারু সংরক্ষণের পর সেগুলোকে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিতে হবে। ভবনগুলোকে কেবল জাদুঘর হিসেবে রেখে না দিয়ে সেগুলোকে জনসম্পৃক্ত ও ব্যবহারোপযোগী করে তুলতে হবে; যেমন—চিত্রশালা, গ্রন্থাগার, আবাসিক হোটেল, রেস্তোরাঁ, সাংস্কৃতিক কেন্দ্র, ডাকঘর, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় ইত্যাদি—বিভিন্ন দেশে যে রকম হয়ে থাকে। সে ক্ষেত্রে এসব বিশেষায়িত ভবনের ভাড়া সাধারণ বাড়িগুলোর চেয়ে বেশি হবে। কেএফসি বা পিৎজা হাটের মতো আন্তর্জাতিক চেইন রেস্তোরাঁগুলোকে সেগুলো ভাড়া দেওয়া যেতে পারে। এভাবে নানাবিধ জনপ্রিয় এবং নিত্যপ্রয়োজনীয় ব্যবহারিক উপজীব্যকে আশ্রয় করে এসব স্থাপনা সংরক্ষণের পাশাপাশি জনগণের আরও কাছে নিয়ে আসা সম্ভব।ঐতিহাসিক স্থান সম্পর্কে আমাদের প্রথাগত ধারণা বদলাতে হবে। একটি প্রাচীন স্থাপনা বা প্রত্নতাত্ত্বিক সম্পদ কখনোই মৃত বিষয় নয়। নানাবিধ পরিকল্পনার মাধ্যমে তাকে বর্তমান ও সুদূর ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত করতে হবে। বর্তমান সময়ের ব্যস্ত নগরজীবনে অবকাশ কাটানোর জন্য প্রত্নস্থানকে বেছে নিতে অনেকেই উৎসাহিত হবেন। পুরান ঢাকার কিছু স্থানের বিন্যাস এমন হতে পারে, যেখানে পায়ে হাঁটা পথ ও ঘোড়ার গাড়ির ব্যবহার প্রাধান্য পাবে। শাঁখারীবাজারের মতো কোনো একটি রাস্তা ধরে প্রাচীন শহরের আদল ধরে রাখা যেতে পারে, দেশি-বিদেশি পর্যটক ছাড়াও নগরের অধিবাসীরা যেখানে অবকাশ উদ্যাপন করবে। বিভিন্ন সময়ে উৎসব আয়োজনের মধ্য দিয়ে তা আমাদের যুগ-যুগব্যাপী পালা-পার্বণের দিনগুলো ফিরিয়ে নিয়ে আসবে।শুধু ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণই একমাত্র বিষয় নয়। নতুন শহরের বিভিন্ন এলাকা নির্মাণের সময়েও আমরা এসব প্রাচীন স্থাপনা থেকে শিক্ষা নিতে পারি, যেখানে পায়ে হাঁটা পথ ও ধীরগতির যানবাহনকে প্রাধান্য দেওয়া হয়েছে। দু-তিন তলা উচ্চতার বাড়িগুলো গড়ে উঠেছিল তাদের উঠান, সামনের রক, ঝুলবারান্দা ও নানাবিধ অলংকরণের মাধ্যমে আমাদের নিজস্ব মানসিক গড়ন আর প্রতিবেশীর সঙ্গে নিবিড় সম্পর্ককে আত্মস্থ করে। সেসব স্থাপনা এবং স্থাপনার পেছনের ধারণা ও মূল্যবোধকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। এ ক্ষেত্রে পেশাজীবীদের ভূমিকা অনেক বেশি।প্রত্নস্থান সংরক্ষণের জন্য প্রায়ই বিদেশি অনুদানের প্রস্তাব আসে। সেসব প্রকল্পের কার্যকর প্রয়োগ অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ থাকে। জনস্বার্থের সঙ্গে যুক্ত সব প্রকল্পই স্বচ্ছ থাকতে হবে। পেশাজীবী ও উদ্যোক্তার সঙ্গে নগরবাসীর নিবিড় যোগাযোগের মাধ্যমে কার্যকর প্রকল্প হাতে নিতে হবে।আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হলো প্রত্নস্থান ও ইতিহাস-সংক্রান্ত সঠিক প্রায়োগিক শিক্ষা। শুধু ইতিহাস বা প্রত্নতত্ত্ব নয়; সংস্কৃতি, সাহিত্য, ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, সমাজ ও রাষ্ট্র, প্রকৌশল, স্থাপত্য, এমনকি ভূতত্ত্ব সম্পর্কেও পেশাজীবীদের সম্যক ধারণা থাকা দরকার। বিভিন্ন পেশাজীবীর সমন্বিত মতামত নিয়ে প্রকল্প প্রস্তাব করলে তা শুধু সবার কাছে গ্রহণযোগ্যই হবে না, প্রকৃত অর্থেই কার্যকর হবে। ঐতিহ্যবাহী স্থাপনা নির্মাণ ও সংরক্ষণে এর প্রায়োগিক দিক নিয়ে সবশেষে অংশ নেবেন নগরবিদ, স্থপতি ও প্রকৌশলীরা। অসম্ভব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো, বর্তমান ডিটেইল এরিয়া প্ল্যানে এসব অঞ্চলের ভূমির ব্যবহার ও নীতিমালা সম্পর্কে বিশেষ অনুচ্ছেদ সংযোজন করা প্রয়োজন। তা না হলে শুরুতেই সবকিছু বিনষ্ট হয়ে যাবে। সরকারের সদিচ্ছা, দৃঢ় রাজনৈতিক সিদ্ধান্ত, পেশাজীবীদের মেধা ও নগরবাসীর সমর্থনে আমরা নিশ্চয় আমাদের অমূল্য সব ঐতিহাসিক সম্পদ সংরক্ষণ করতে এবং সেগুলোকে ভবিষ্যৎ রাজধানীর সঙ্গে কার্যকর সহাবস্থানে নিয়ে যেতে সক্ষম হব। মনে রাখতে হবে, ভবিষ্যতের শহর কেবল তথাকথিত আধুনিক স্থাপনার রীতিরই অনুকরণ করবে না। সেটি হবে আমাদের ঐতিহ্য ও কৃষ্টিসমন্বিত ঐতিহাসিক স্থাপনা এবং ভবিষ্যদ্মুখী নগর-পরিকল্পনার সমাহারে অনুপম এক শহর; যা আমাদের মধ্যে জাগিয়ে তুলবে মানবিকতা, সহনশীলতা ও উদার জীবনবোধ।[email protected]মোহাম্মদ মোজাম্মেল হক: অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।