অতীতের চেয়ে বিদ্যুতের অবস্থা ভালো: তথ্যমন্ত্রী
তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, অতীতের যেকোনো সরকারের আমলের চেয়ে এখন দেশে বিদ্যুতের অবস্থা অনেক ভালো। তিনি বলেন, ফসল উৎপাদনের জন্য সেচের কাজে সরকার প্রয়োজনীয় বিদ্যুত্ সরবরাহ করছে। এ কারণে গ্রামে গ্রামে বিদ্যুত্ দিতে হচ্ছে। সেচের সময়টি পার হলেই নগরে আর লোডশেডিং থাকবে না। ১৬ কোটি মানুষের খাদ্য উত্পাদনের এ বিষয়টি সবাইকে উপলব্ধি করতে হবে।আজ শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ লেখিকা সংঘের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লেখিকা সংঘ সাহিত্যপদক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস, বাংলাদেশের অধ্যাপক ইমেরিটাস রফিকুল ইসলাম। লেখিকা সংঘের সভাপতি বেগম রাহিজা হোসাইনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা নয়ন রহমান, কথাসাহিত্যিক মকবুলা মনজুর প্রমুখ। খবর বাসস। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ বছর লেখিকা সংঘ সাহিত্যপদক ২০১১ পেয়েছেন কবি মহাদেব সাহা ও কবি নাসরীন নঈম। সংবর্ধনাপ্রাপ্ত গুণীজন হলেন সাহিত্যিক সংগঠক রাশেদা খালেদ ও শামসুজ জাহান নূর। তাঁদের হাতে সাহিত্যপদক ও সংবর্ধনা ক্রেস্ট এবং সদন তুলে দেন অতিথিরা।তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার সীমিত বিদ্যুৎসম্পদ নিয়েই দেশের খাদ্য উৎপাদনসহ সব সমস্যা সমাধানের চেষ্টা করে চলেছে। আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। আগামীতে বিদ্যুতের এই সমস্যাও আর থাকবে না।’আবুল কালাম আজাদ আরও বলেন, ‘নারী চিরকালই কল্যাণকামী, মমতাময়ী ও সৃষ্টিশীল। বহির্বিশ্বের মতো আমাদের নারীরাও এখন এগিয়ে চলেছে। নারীশক্তির উন্মেষ জাতির জন্য সব সময়ই কল্যাণকর। বর্তমান সরকারও নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বিশ্বাস করে বলেই বিচার বিভাগ ও পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে নারীদের কাজের ক্ষেত্র তৈরি করছে। তা ছাড়া নারীদের মূল স্রোতধারায় নিয়ে আসতে সরকার ডিগ্রি পর্যন্ত নারীশিক্ষা অবৈতনিক করেছে।’ রফিকুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পরও আমরা প্রমিত বাংলায় কথা বলতে পারছি না। নানা আঞ্চলিকতা ও বিদেশি ভাষা প্রভাব বিস্তার করছে। ফলে আঞ্চলিকতা ও ইংরেজি মিশিয়ে যেভাবে আমরা কথা বলছি, তাতে মনে হয় আমরা একটি অশিক্ষিত জাতি। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না প্রায় ১০০ বছর আগে এ ভাষাতেই সাহিত্য চর্চা করে নোবেল পেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।’রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের দেশের মিডিয়া ভাষাকে সবচেয়ে বেশি বিকৃত করছে। টক শো ও নানা সিরিয়ালে যাচ্ছেতাই ভাবে ভাষাকে উপস্থাপন করে বাংলা ভাষাকে জগাখিচুড়ি-মার্কা ভাষা বানানো হয়েছে।’ মিডিয়াকে এ প্রবণতা পরিহার করার আহ্বান জানান তিনি।