অতীতের ছায়া, ভবিষ্যতের রূপরেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পররাষ্ট্রনীতির চার দশককে কয়েকটি ধাপে ভাগ করা যায়। পররাষ্ট্রনীতিতে কোন বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছিল, এখন কোন জায়গায় দাঁড়িয়ে আর ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে, তাকে একটি কাঠামোতে সাজানো যায়।একেবারে শুরুতে ছিল স্বীকৃতি পাওয়ার সর্বাত্মক কূটনীতি। পাকিস্তানে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়টিও যুক্ত ছিল। মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে বেরিয়ে এসে বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। শুরুতে বেশ কিছু দেশ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেয়নি। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র, চীন ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ বিপক্ষে ছিল। স্বাধীনতা অর্জনের পর সেটাকে পক্ষে নিয়ে আসার বড় তাগিদ ছিল।তখন আমরা স্নায়ুযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছিলাম। স্নায়ুযুদ্ধের মর্মবস্তু ছিল, তুমি যদি আমার সঙ্গে না থাকো, তাহলে তুমি আমার বিপক্ষে। এই চিন্তাধারা বাংলাদেশের জন্য তখন বেশ সমস্যাজনক ছিল। সেটিকে সামাল দেওয়ার জন্য বাংলাদেশ যথেষ্ট সচেষ্ট ছিল। আবার বাংলাদেশের অর্থনীতি যেহেতু পাকিস্তানের সময়ই গড়া, সেই অর্থনীতির মূল কাঠামোগুলো পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গেই সম্পর্কিত ছিল। রপ্তানি-আমদানির ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন বা পূর্ব ইউরোপের সঙ্গে ততটা সম্পর্ক ছিল না। চীনের সঙ্গেও কিছুটা ছিল। আমাদের ব্যবসায়ী সমাজ, আমলাতন্ত্র বা বুদ্ধিজীবী শ্রেণীরও পশ্চিমা বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ছিল। সে রকম একটি প্রেক্ষাপটে স্বীকৃতি পাওয়ার জন্য বাংলাদেশের একধরনের হাইপার-অ্যাক্টিজম ছিল।১৯৭৪ সালে একটি পরিবর্তন এল। সে বছর লাহোরে ইসলামি সম্মেলন সংস্থার বৈঠক হলো। বাংলাদেশ যেহেতু তখন দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ছিল, এটাকে বাদ দেওয়াও কঠিন ছিল। আইওসির সদস্যদেশগুলোর বেশ কয়েকজন নেতা তখন বাংলাদেশে এসে শেখ মুজিবুর রহমানের সঙ্গে কথা বলে তাঁকে সম্মেলনে নেওয়ারও ব্যবস্থা করলেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বীকৃতি আগেই পাওয়া গেছে। এবং আমরা স্বীকৃতির জন্য পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের দাবি থেকে সরে আসি। পাকিস্তানের স্বীকৃতি আদায় করেই বাংলাদেশ ওআইসির শীর্ষ সম্মেলনে যোগ দেয়। সমালোচকদের মতে, ভারত বিষয়টি ভালোভাবে নেয়নি।এই পরিবর্তন লক্ষণীয় এ কারণে, তার আগে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক তৈরি হয়েছিল, তার মধ্যে বেশ কয়েকটি চুক্তি হয়েছিল। মুজিব-ইন্দিরা চুক্তি বা ল্যান্ড বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট ছিল এর অন্যতম। দুই দেশের জন্যই এই চুক্তি অনুমোদন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সে বছরের ৩১ ডিসেম্বর। সেই অনুযায়ী, সংসদে অক্টোবর মাসেই আমরা চুক্তি অনুমোদন করি। অথচ বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার পাঁচ-ছয় দিন আগে দিল্লিতে আমাদের হাইকমিশনার এ আর মল্লিকের মাধ্যমে ভারত জানাল, তারা একটি সংশোধনী চাইছে। এমন সময় সংশোধনী চাওয়ার মানে হলো, আমাদের অনুমোদন করার বিষয়টি নষ্ট হয়ে যাওয়া। সর্বোচ্চ স্তরে একটা সমঝোতা হয়েছে, অথচ নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে ভারত বলল, তারা সংশোধনী চায়। এটা তো সন্তোষজনক নয়। শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ অনেকেই বলেন, এই ব্যাপারটিতে তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন। এ ব্যাপারে যথেষ্ট গবেষণা হয়নি, কিন্তু এর মাধ্যমে আমরা একটি মোড় পরিবর্তন দেখতে পাচ্ছি। এই মোড় পরিবর্তনের মধ্য দিয়েই আমাদের স্বীকৃতি পাওয়ার কূটনীতি একটা পর্যায়ে এসে থামল। চীন যদিও জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য হওয়ার পথে আমাদের বিরুদ্ধে ভেটোক্ষমতা প্রয়োগ করেছিল, ১৯৭৫-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর সবকিছুতেই চীনের স্বীকৃতি মেলে; যদিও বাণিজ্যিক সম্পর্ক সূচিত হয় আওয়ামী লীগের আমলেই।১৯৭৪ সালেই বাংলাদেশ বাধ্য হলো নতুন একটি কূটনীতি শুরু করতে, সেটাকে অর্থনৈতিক কূটনীতি বলা যায়। তখন পর পর দুটি বড় বন্যা হয়েছিল। আর বন্যার সঙ্গে দুর্ভিক্ষের একটা সম্পর্ক হয়েছিল। সেখানে যে ঘাপলাটা থাকল, তা কারও কারও মতে আমলাতান্ত্রিক জটিলতা তৈরি করেছিল। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা পিএল৪৮০ টাইটেল ১-এ চাল পেতাম। পিএল৪৮০-এ একটি শর্তই ছিল, যুক্তরাষ্ট্রের কোনো শত্রুরাষ্ট্রের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি করা যাবে না। তখন বাংলাদেশ কিউবার কাছে পাট বিক্রি করেছিল। সব মিলিয়ে ৬০ হাজার বেল পাট কিউবায় পাঠানো হয়েছিল। এই পরিমাণটি নিতান্ত কম। যুক্তরাষ্ট্র সঙ্গে সঙ্গে পিএল৪৮০-এ চাল বন্ধ করে দেয়। বন্যার কারণে তখন চাল আসার প্রয়োজন ছিল। সেটা আসতে যথেষ্ট সময় লেগেছে। পরে রাশিয়া থেকে চাল আসতে আসতে যে সময় লাগল, তাতে অনেক মানুষ মারা গেল। বন্যা, দুর্ভিক্ষ, চাল আসতে দেরি—এসব কারণে ১৯৭৫-এর আগেই বাংলাদেশ বাধ্য হলো পশ্চিমের দিকে ঝুঁকতে। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল যে কোনোভাবেই পশ্চিমা সাহায্য ছাড়া চলা যেত না। যেহেতু চাল পাওয়ার ও রপ্তানির ব্যাপার ছিল, তাই কোনোভাবেই সোভিয়েতপন্থী নীতিতে অনড় থাকা গেল না। ১৯৭৪-এর শেষ দিকে অর্থনৈতিক কূটনীতি চালু হলো। শুরু থেকেই অর্থনৈতিক কূটনীতি প্রচণ্ড পাশ্চাত্যকেন্দ্রিক হতে বাধ্য হলো। কারণ, সেখান থেকে সাহায্য আসার সম্ভাবনা ছিল। পঁচাত্তরে এসে এই অর্থনৈতিক কূটনীতি আরও জোরদার হলো এবং পাশ্চাত্যকেন্দ্রিক কূটনীতি আরও পরিষ্কার হয়ে উঠল। মোশতাকের শাসনামলে পাশ্চাত্যের প্রতি ঝোঁক বাড়ল। তারপর জিয়াউর রহমানও অর্থনৈতিক কূটনীতির মধ্যেই গেলেন। মূলত, বাংলাদেশ তখন অর্থনৈতিক কূটনীতি নিয়ে বড় একটা কাঠামো তৈরি করতে পেরেছে। যদিও এ বিষয়ে সমালোচনার সুযোগ আছে।এমন এক সময় বাংলাদেশ অর্থনৈতিক কূটনীতিতে প্রবেশ করল, যখন বিশ্বায়নের মতো একটি বিষয় আন্তর্জাতিক সম্পর্কে চলে এল। এই বিশ্বায়নের একটি বড় ঘটনা উন্নত পশ্চিমা দেশগুলোর আউটসোর্সিং শুরু করা। উৎপাদন ক্রমশ ব্যয়বহুল হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে তারা সস্তা শ্রমের সন্ধান শুরু করল। ফলে আমাদের দেশে বড় আকারে পোশাকশিল্প গড়ে উঠল। অন্যদিকে সত্তরের দশকে আন্তর্জাতিক পর্যায়ে আরেকটি বড় পরিবর্তন নিয়ে এল পেট্রোডলারের উত্থান। বাংলাদেশ সেই অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবেই মধ্যপ্রাচ্যে বিপুলসংখ্যক লোক পাঠানো শুরু করল। বিশ্বায়নের কারণে সেখানেও প্রচুর বিনিয়োগ হতে থাকল। আর মধ্যপ্রাচ্যে যেহেতু অদক্ষ ও অল্প দক্ষ লোকের অভাব ছিল, তাই রাস্তা বানানো থেকে শুরু করে সবখানেই লোকের প্রয়োজন ছিল। পেট্রোডলারের কারণে বিশাল এক ডায়াসপোরা তৈরি হলো। পঁচাত্তরের পর তা বহুগুণ বাড়ল, বিশেষত পঁচাত্তরের পর সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দিলে অভিবাসী শ্রমিকদের এই কাঠামোটি বড় আকারে রূপ নেয়। বলা যায়, বিশ্বায়নের কারণেই বাংলাদেশ রেমিট্যান্স ও পোশাকশিল্পের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়ল। দুটোই আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে জড়িত। এ ক্ষেত্রে বাংলাদেশের বৈদেশিক নীতি যে খুব চিন্তাভাবনা করে তৈরি করা হয়েছে তা নয়, বিশ্বায়নই ঠিক করে দিয়েছে, এটি কোন দিকে যাবে। অবশ্য স্বাধীনভাবে ভাবার বিশেষ সুযোগও পায়নি। আর এভাবেই আমরা দেখলাম, আমাদের পররাষ্ট্রনীতি পাশ্চাত্য ও মধ্যপ্রাচ্যের দিকে ঘুরে গেল।আবার স্বাধীনতার পর বাংলাদেশ যখন কৃষি থেকে শিল্পায়নের ওপর জোর দিতে যাচ্ছে, তখন তেলের প্রয়োজন পড়ল। এ জন্য মধ্যপ্রাচ্যের সঙ্গে একটি বিশেষ সম্পর্ক তৈরি করতে হলো। রেমিট্যান্স ও পোশাকশিল্পকে কেন্দ্র করে এখনো আমাদের অর্থনৈতিক কূটনীতি এগিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে আমরা খুব খারাপ করছি না। সবচেয়ে বেশি পোশাক উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চীন ও তুরস্কের পরই। এ খাতে আমরা ভারতকেও ছাড়িয়ে যেতে পেরেছি। তবে অভিবাসী শ্রমিকদের আয় নিয়ে আমরা কিছু সমস্যায় আছি। বাংলাদেশের ইতিহাসে কখনো এত অদক্ষ, অল্প দক্ষ শ্রমিক মধ্যপ্রাচ্যে থাকেনি। এ কারণে তারা ওখানে যা দেখেছে, সেটাকেই খাঁটি মনে করছে, এমনকি ধর্মের ব্যাপারেও। স্বাভাবিকভাবেই তারা সেসব চিন্তাভাবনাও দেশে নিয়ে আসার চেষ্টা করেছে। বাংলাদেশে এতকাল ইসলামের যে চিন্তাভাবনার প্রাধান্য ছিল তা থেকে ভিন্ন, বিশেষ করে হানাফি মাজহাব ও সুফিদের চিন্তাভাবনার সঙ্গে তখন একধরনের দ্বন্দ্ব তৈরি হলো। মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরব ও কুয়েতে হাম্বলি দর্শন, ওহাবি বা সালাফি মতবাদের প্রাধান্য দেখা যায়। এর প্রভাব শুধু বাংলাদেশেই নয়, পাকিস্তান ও ভারতেও লক্ষ করা গেছে। আমাদের দেশে আগে বিভিন্ন মাজহাবের মধ্যে যে গণতান্ত্রিক সম্পর্ক ছিল, একধরনের আদান-প্রদান ছিল, তখন তাতে ছেদ পড়ল। এক মাজহাব চাইল অন্য মাজহাবের ওপর আধিপত্য বিস্তার করতে। তার একটা টেনশন আমরা দেখেছি সন্ত্রাসীদের মধ্যে চলে এসেছে। এটি শুরু হয়েছে যখন ডায়াসপোরা স্থায়ী হতে থাকে। ধর্মীয় রাজনীতি আবার চালু হলো। পঁচাত্তরের পর দেশের রাজনীতিতে সৌদি আরবের একটা ভূমিকা দৃশ্যমান।অর্থনৈতিক কূটনীতির এ দুটো প্রপঞ্চ বাংলাদেশে একধরনের চাকরির ক্ষেত্র তৈরি করে দিয়েছে। নব্বইয়ের পরে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে সরকারি নীতিনির্ধারকদের খুব একটা ভূমিকা ছিল এমনটা বলা কঠিন। এখানে একধরনের উদ্যোক্তা তৈরি হয়েছে, ব্যবসায়ী-সমাজ তৈরি হয়েছে। সরকার যে খুব পরিকল্পনা করে ব্যবসায়ী-সমাজ তৈরি করেছে তা নয়, অনেকটাই পরিস্থিতির কারণে হয়েছে। মূলত, রেমিট্যান্স ও পোশাকশিল্পের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ যখন ৬ শতাংশ প্রবৃদ্ধি করতে শুরু করল, তখন কিসিঞ্জার-কথিত ‘বাস্কেট কেস’ আর থাকল না।তবে লক্ষণীয় ব্যাপার হলো, বাংলাদেশে নারী ও পোশাক খাতকে আলাদা করে দেখা ঠিক হবে না। স্বাধীনতার পর থেকে বেসরকারি সংস্থাগুলো নারীদের লক্ষ করে কিছু কর্মসূচি নিয়েছিল। প্রথম থেকেই এনজিওগুলোর আন্তর্জাতিক যোগাযোগ ছিল। তাই যখন পোশাকশিল্পে নারীরা ঢুকল, তখন দেখা যাচ্ছে, তাদের অনেকে নিরক্ষর ছিল, কিন্তু অদক্ষ ছিল না। আগের একটা কাঠামো ছিল বলেই তারা সহজে পোশাকশিল্পে যেতে পেরেছে। এ কারণে আমাদের বৈদেশিক নীতি কিংবা কূটনীতিতে এনজিওগুলোরও ভূমিকাও স্বীকার করতে হবে।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাইরের কোনো দেশের সঙ্গে সংঘর্ষে জড়ায়নি। ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ স্থিত ছিল। এর ফলে সুযোগ তৈরি হলো জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষার মাধ্যমে। আশির দশকে শুরু হলো, নব্বইয়ের দশকে আমাদের অংশগ্রহণ বাড়ল আর বর্তমানে আমরা প্রথম বা দ্বিতীয় স্থানের জন্য লড়াই করছি। আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকা দেশের ভাবমূর্তি যথেষ্ট উজ্জ্বল করেছে। বড় ব্যাপার হলো, অভ্যন্তরীণ রাজনীতিতে সামরিক বাহিনী হস্তক্ষেপ করবে কি করবে না, তার সঙ্গে জড়িত হয়ে পড়ল আন্তর্জাতিক শান্তিরক্ষা। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম আমাদের জন্য একটি বৈদেশিক প্রপঞ্চ, কিন্তু এর প্রভাব পরিলক্ষিত হয়েছে দেশের ভেতরে রাজনীতির গতিপথ নির্ধারণেও।সত্তর বা আশির দশকে চিন্তা করা না গেলেও এই শতাব্দীতে এসে দেখা গেল, বিশ্বায়নের কারণে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য-অংশীদার হয়ে গেল চীন। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালেরও প্রধান বাণিজ্য-অংশীদার এখন চীন। তা ছাড়া পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কার সবচেয়ে বড় উন্নয়ন-অংশীদারও চীন। এ কারণে দক্ষিণ এশিয়ায় চীনের একধরনের প্রভাব তৈরি হলো। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেও পরিবর্তন আসে।যদিও আশির দশকে সার্কের যাত্রা শুরু হয়েছিল, কিন্তু খুব একটা গতি নিয়ে এগোতে পারেনি। সার্ক নিয়ে আমাদের যতটা আশা ছিল, সেটা হয়নি। যদিও নতুন শতকে এসে সার্ক নিয়ে নতুন করে আগ্রহ দেখা যাচ্ছে। এর মূল কারণ বিশ্বায়ন। এখন ভারতও ভালো করে জানে, চীন যদি এতগুলো দেশের অংশীদার হয়ে যায়, তাহলে তারও তো একটা ভূমিকা নিতে হবে।বর্তমানের অর্থনৈতিক কাঠামোর মধ্যেই সুযোগ তৈরি হয়েছে চীন, বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্রসহ সবাই মিলে একটা উইন উইন অবস্থায় যাওয়া। ভারতের মাথাব্যথা উত্তর-পূর্বাঞ্চল নিয়ে। সীমানার ওপারে চীন ব্যাপক উন্নয়ন নিয়ে এসেছে। সেখানে ভারত যদি উত্তর-পূর্বাঞ্চলকে উন্নত না করতে পারে, তাহলে সামাল দেওয়া কঠিন হবে। তাই ভারত চিন্তা করছে, বাংলাদেশকে অংশীদার করে হলেও উত্তর-পূর্বাঞ্চলকে উন্নত করা দরকার। এ কারণেই সার্কের ব্যাপারে নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে। এ ছাড়া সন্ত্রাসের বিষয়টিও খেয়াল করা দরকার। সাম্প্রতিক কালে মধ্যপ্রাচ্যের চিন্তাভাবনার প্রভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সন্ত্রাসের বিস্তার ঘটেছে। ওই সন্ত্রাস থামাতে আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যে সার্ক টাস্কফোর্স করার কথা বলেছেন, যা অচিরেই আমাদের পররাষ্ট্রনীতির অংশ হিসেবে আমরা দেখব।বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন প্রপঞ্চ হলো জ্বালানি-কূটনীতি। যে আকারে পোশাকশিল্প কারখানা তৈরি হচ্ছে এবং বিভিন্ন ধরনের বিশেষায়িত শিল্পাঞ্চল ও শিল্পবলয় গড়ে ওঠার সুযোগ আছে, সেগুলোর জন্য স্বাভাবিকভাবেই জ্বালানি প্রয়োজন। কিন্তু এই জ্বালানি কোথা থেকে আসবে, সেটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও বাংলাদেশে কয়লা আছে, কিছুটা গ্যাস আছে, কিন্তু সমুদ্রবর্তী তেল বা অন্য জ্বালানি-সম্পদ এখনো বাংলাদেশ পুরোপুরি কাজে লাগাতে পারছে না। এ পর্যায়ে বাংলাদেশ প্রবেশ করতে চাইছে আগ্রাসী জ্বালানি-কূটনীতিতে। সেই জ্বালানি-কূটনীতির অংশ হিসেবেই আমরা এখন দেখতে পাচ্ছি, বাংলাদেশ ১. সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং ২. বেসামরিক পারমাণবিক জ্বালানির জন্য মস্কো গেছে; একটি সমঝোতা স্মারকও সই করেছে। এর পক্ষে-বিপক্ষে যুক্তি আছে। অনেকের মতে, চীনের সঙ্গে এ ধরনের চুক্তির চেয়ে মস্কোর সঙ্গে চুক্তি হলে ভারত নিরাপদ মনে করবে। কিন্তু চীন কম দামে দিতে পারবে, মস্কো সেটা পারবে না। কয়েকটি পশ্চিমা দেশও বাংলাদেশে বেসামরিক পারমাণবিক জ্বালানির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। ১৬ কোটি মানুষের জ্বালানির চাহিদা মেটানো এবং একটি ভোক্তাসমাজ গড়ে তুলতে পারমাণবিক জ্বালানি ছাড়া আর কোনো উপায় নেই। ৯-১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হলে যে জীবাশ্ম জ্বালানি আছে, তার ওপর নির্ভর করলে চলবে না। ভারতের ক্ষেত্রেও আমরা একই চিত্র দেখি। তাদেরও জ্বালানিক্ষেত্রে বড় ধরনের ঘাটতি আছে।দ্বিতীয় যে ধারা তৈরি হচ্ছে, সেটি হলো জলবায়ু-কূটনীতি। জলবায়ু পরিবর্তনের দ্বারা সবচেয়ে ক্ষতির আশঙ্কায় থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ, আর এই ক্ষতির একটা বড় কারণ পশ্চিমা সভ্যতা, বিশেষ করে তার জীবাশ্ম জ্বালানিনির্ভরতা এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ। বিশেষজ্ঞদের ধারণা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ দেশের ৩০ শতাংশ লোক বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে আছে। এমনটা হলে তাদের পুনর্বাসন ও টিকে থাকা স্বাভাবিকভাবেই রাষ্ট্রের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সে হিসেবে জলবায়ু-কূটনীতির একটা নতুন স্রোতোধারা খুলছে। বাংলাদেশ ইতিমধ্যে জলবায়ু আলোচনার সামনের সারিতে চলে এসেছে। গত কোপেনহেগেন সম্মেলনে বাংলাদেশের বিশেষ ভূমিকা দেখা গেছে। আশা করা যায়, মেক্সিকোয়ও বাংলাদেশের বড় ভূমিকা থাকবে। আমাদের মনে রাখতে হবে, দুটি প্রতিবেশী দেশ ভারত ও চীন একধরনের আগ্রাসী উন্নয়নের হুজুগে আছে। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর দিকে তারা যথেষ্ট মনোযোগী নয়। কৌশলগতভাবে বাংলাদেশের অবস্থান এমন এক জায়গায়, যেখানে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার সুযোগ আছে। সরকার জলবায়ু-কূটনীতির ক্ষেত্রে কতটা এগোতে পারে, সেটাই এখন দেখার বিষয়।তৃতীয় স্রোতোধারাটি হলো সাংস্কৃতিক কূটনীতি। যেহেতু গত ১০-১৫ বছরে এমন ভাবমূর্তি গড়ে উঠেছে যে বাংলাদেশে সন্ত্রাসীরা লুকিয়ে থাকতে পারে, বা এ দেশে একধরনের অসহিষ্ণুতা তৈরি হয়েছে—এটাকে সামাল দেওয়ার জন্য নতুন স্রোতোধারা তৈরি জরুরি হয়ে পড়েছে। সাংস্কৃতিক কূটনীতির ক্ষেত্রে বাংলাদেশ বেশ সুবিধাজনক জায়গায় আছে। কারণ দেশ গঠনের মধ্যেই ভাষার একটা বড় ভূমিকা ছিল। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। দেশের ভাবমূর্তি নির্মাণের ক্ষেত্রে সাংস্কৃতিক কূটনীতি সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। দিল্লিতে সর্বশেষ হাসিনা-মনমোহনের বৈঠকে আমরা দেখি, ভারত ও বাংলাদেশ মিলে রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী পালন করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও সুশীল সমাজের মধ্যে এটা আগে থেকেই আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই আয়োজনকে সাংস্কৃতিক কূটনীতির অংশ হিসেবে দেখা যায়। জঙ্গিবাদের নেতিবাচক ভাবমূর্তি আছে, তাকে সামাল দিতে হলে সাংস্কৃতিক কূটনীতিকে সামনে আনতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমেরও বিরাট ভূমিকা আছে।আমরা শুরু করেছিলাম স্বীকৃতির কূটনীতি থেকে, তারপর বড় আকারে অর্থনৈতিক কূটনীতি। আর তারপর দেখা যাচ্ছে তিনটি স্রোতোধারা: জ্বালানি, জলবায়ু আর সাংস্কৃতিক কূটনীতি। অনেকে বলেন, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে বিরোধ আছে। কিন্তু কূটনীতির ক্ষেত্রে মোটা দাগে দৃষ্টিভঙ্গির কিছু পার্থক্য থাকলেও মোটামুটি মতৈক্য আছে। দুটি দলই জানে, জ্বালানি-কূটনীতি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। জলবায়ু-কূটনীতির ব্যাপারেও তা-ই। অর্থনৈতিক কূটনীতিতেও মতৈক্য আছে। কিন্তু সাংস্কৃতিক কূটনীতিতে এসে পার্থক্য দেখি। সেই পার্থক্যটা মূলত বিএনপির সঙ্গে জোটভুক্ত অন্য দলগুলোর কারণে। ৬৩ জেলায় বোমা কিংবা আত্মঘাতী বোমা হামলাগুলো ঘটেছে বিএনপির আমলেই। নীরবতার জন্য তাদের যে কত বড় ক্ষতি হয়েছে, তার প্রতিফলন দেখা গেছে গত সংসদ নির্বাচনে। নতুন প্রজন্ম অসহিষ্ণুতা বা জঙ্গিপনা থেকে সরে আসার জন্য বড় আকারে ইঙ্গিত দিয়েছে।সাংস্কৃতিক কূটনীতির ওপর নির্ভর করছে আমাদের ভাবমূর্তি আর ভাবমূর্তির ওপরই নির্ভর করছে আমরা কতটুকু বিনিয়োগ আকৃষ্ট করতে পারব। আজকের বিশ্বে যেকোনো অসহিষ্ণু ঘটনা, তা ট্রেনে আগুন ধরানো থেকে শুরু করে আত্মঘাতী হামলা—যেটাই হোক, আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে চলে আসে। সবশেষে বলব, জলবায়ু বা জ্বালানির ওপর যতখানি গুরুত্ব আরোপ করা হচ্ছে, সাংস্কৃতিক কূটনীতির ওপরও ততখানি গুরুত্ব আরোপ করা দরকার। এ জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরি করা দরকার। তাহলে আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে সার্থকতার দিকে নিয়ে যেতে পারব। ড. ইমতিয়াজ আহমেদ: অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়