গণতন্ত্রের নবায়নে এক গুরুত্বপূর্ণ মুহূর্তসামরিক বাহিনী সমর্থিত ‘তত্ত্বাবধায়ক’ সরকারের অধীনে দুই বছরের জরুরি অবস্থা চলার পর ২০০৮ সালের শেষে অনুষ্ঠিত হয় সংসদ নির্বাচন। বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তিকে সংহত করতে এ নির্বাচন নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত শেখ হাসিনার সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হয় ২০০৯ সালের ৬ জানুয়ারি। এর মধ্য দিয়ে সামরিক বাহিনী ব্যারাকে ফিরে যাবে কি না, কিংবা বাংলাদেশ নির্বাচনী গণতন্ত্রের পথে ফিরে আসবে কি না—এমন নানা অনিশ্চয়তার অবসান ঘটে।বাংলাদেশে গণতন্ত্রের নবায়নের এই মুহূর্তে আমরা আরও আশাবাদী হয়ে উঠতে পারি, কারণ সাম্প্রতিক তিনটি অর্জন অন্তত গণতন্ত্রের ভবিষ্যতের জন্য শুভ লক্ষণ: প্রথমত, আমরা ২০০৯ সালে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছি। দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কার্যত একটি সামরিক সরকার নিজেদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতিটি রক্ষা করেছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলোর ১৫ বছরের শাসন চলার পর ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করে একটি বেসামরিক সরকারকে ক্ষমতাসীন করার মাধ্যমে সামরিক বাহিনী আবার যখন বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে, তখন এই শাসন দীর্ঘায়িত হওয়ার ব্যাপক আশঙ্কা ছিল। শুরুতে সামরিক নেতৃত্বের সম্ভাব্য রাজনৈতিক এজেন্ডা বিষয়ে তাদের অভিপ্রায়ের যে অস্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছিল, তাতে এই আশঙ্কা ইন্ধন পেয়েছিল। তাদের এই অভিপ্রায়ের প্রকাশ ঘটতে দেখা যায় আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে রাজনীতির হিসাবনিকাশ পাল্টে দেওয়ার প্রচেষ্টার মধ্যে। বাংলাদেশের প্রধান এই দুই রাজনৈতিক দলের নেতৃত্ব দলের ভেতর দীর্ঘদিন ধরে প্রশ্নাতীত কর্তৃত্ব বজায় রেখে আসছিলেন। অবশ্য, সামরিক বাহিনীর কাছে শিগগিরই স্পষ্ট হয়ে গিয়েছিল যে দীর্ঘায়িত সামরিক শাসনের বৈধতা দেওয়ার পক্ষে কোনো জোরালো জনসমর্থন নেই। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো থেকে নেতাদের ভাগিয়ে নিয়ে সামরিক শাসকেরা তাঁদের নিজস্ব ক্যান্টনমেন্ট গড়ে তোলা রাজনৈতিক দল গড়ার আশা করতে পারতেন। এবার তাঁরা বিশ্বাসযোগ্য রাজনৈতিক নেতাদের দলে ভিড়িয়ে এমন কোনো বিকল্প রাজনৈতিক দল দাঁড় করাতে পারেননি, যাঁরা প্রধান দুই দলকে নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারত। অন্যান্য ক্ষমতাশালী অংশ যেমন গণমাধ্যম, সুশীল সমাজ ও ব্যবসায়ী সম্প্রদায় এ ধরনের রাজনৈতিক গড়াপেটার উদ্যোগকে স্বাগত জানায়নি। সামরিক বাহিনীর ভেতরেও তাদের রাষ্ট্রক্ষমতা ধরে রাখার পক্ষে জোরালো সমর্থন ছিল না। নব্বইয়ের দশক থেকে জাতিসংঘের শান্তিরক্ষী কর্মসূচিতে বাংলাদেশের সামরিক বাহিনী ক্রমবর্ধমানহারে অংশগ্রহণ করে চলেছে। শান্তিরক্ষী বাহিনীতে কাজ করার উপযুক্ত পেশাদার বাহিনী হিসেবে তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বজায় রাখার জন্য তারা প্ররোচিত হয়েছে অভ্যন্তরীণ রাজনীতি থেকে নিজেদের দূরে রাখতে। বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক ব্যবস্থা, বেসামরিক প্রতিষ্ঠানগুলোর শক্তি এবং সামরিক বাহিনীর নিজেদের প্রাতিষ্ঠানিক স্বার্থ যুগপৎ ভাবে দুই বছরের প্রতিশ্রুত সময়সীমার মধ্যে সামরিক বাহিনীর বিদায়কে উৎসাহিত করেছে।আমাদের দ্বিতীয় অর্জন ২০০৮ সালের নির্বাচন অনুষ্ঠান। বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে প্রশংসিত হয়েছে। বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে এবং নির্দলীয় গ্রহণযোগ্য কমিশনার ও কর্মকর্তা নিয়োগ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার এটির শক্তিবৃদ্ধি করেছিল। ২০০৬ সালের ত্রুটিপূর্ণ ভোটার তালিকায় প্রতি ১২ জনে একজন ভুয়া ভোটার অন্তর্ভুক্ত ছিল। সেটির স্থলে নতুন তালিকা প্রণয়ন করা হয়। ৮.১ কোটি ভোটারের নতুন তালিকা করা হয়। এতে বাদ পড়ে আগের তালিকার ১.২ কোটি ভুয়া ভোটারের নাম। সশস্ত্র বাহিনীর সহায়তায় নির্বাচন কমিশন জালিয়াতিরোধী ভোটার পরিচয়পত্র প্রস্তুত করার পাশাপাশি ছবিসহ জাতীয় পরিচয়পত্র করে। রেকর্ড সময়ে সব নাগরিকের কাছে এসব পরিচয়পত্র পৌঁছে দেওয়া হয়। নির্বাচনী প্রচারণা-ব্যয়ের লাগাম টেনে ধরাসহ একগুচ্ছ আচরণবিধি প্রণয়ন করে নির্বাচন কমিশন। নির্বাচনের আগ পর্যন্ত এবং নির্বাচনের দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় একদিকে যেমন রেকর্ডসংখ্যক ৮৫ শতাংশ ভোটারের অংশগ্রহণ ছিল, অন্যদিকে কোনো প্রার্থীর অতীতের মতো পেশিশক্তি ব্যবহার করার সুযোগও একেবারে কমে যায়। নারীদের ভোটদান এবং নির্বাচনে নারী প্রার্থীদের অধিকতর সাফল্যের জন্য এ পরিস্থিতিটি সহায়ক ছিল। রেকর্ডসংখ্যক ১৯ জন নারী সরাসরি ভোটে নির্বাচিত হয়ে সংসদে আসেন। প্রকৃত নির্দলীয় প্রশাসন ২০০৮ সালের নির্বাচনে দেখিয়েছে যে রাজনৈতিক ইচ্ছা থাকলে এ দেশে আসলেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা যায়। এ নির্বাচন অন্য দেশের জন্যও অনুসরণীয় হতে পারে। আমাদের তৃতীয় অর্জন হলো, প্রধান রাজনৈতিক দলগুলোর অন্তত একটি দল (আওয়ামী লীগ) অঙ্গীকার করেছে, আমাদের যে রাজনীতি ও শাসনতান্ত্রিক চর্চা গণতান্ত্রিক প্রক্রিয়াকে পথভ্রষ্ট করেছে, নির্বাচিত হলে তারা তা বদলাবে। দিনবদলের স্লোগান দিয়ে আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণা চালিয়েছে। সুশাসন প্রতিষ্ঠার জন্য দলটি ধারাবাহিক কিছু কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল। তাদের অঙ্গীকারের মধ্যে ছিল, সন্ত্রাসবাদ ও ধর্মীয় জঙ্গিবাদ নিয়ন্ত্রণ; একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার; রাজনীতিতে ধর্ম ও সাম্প্রদায়িকতার ব্যবহার নিষিদ্ধকরণ; সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের সুরক্ষা; বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের স্বাধীনতা; সক্রিয় ও কার্যকর সংসদ; প্রশাসন ও পুলিশের বিরাজনীতিকীকরণ; বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার শক্তিশালী করা; প্রতিবছর প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের সম্পদ ও আয়ের বিবরণী প্রকাশ করা। বিরোধপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে আওয়ামী লীগ দুটি নতুন প্রতিশ্রুতি দিয়েছিল। নির্বাচনী ইশতেহারে বলেছিল, ‘রাজনৈতিক সংস্কৃতিতে শিষ্টাচার ও সহিষ্ণুতা গড়ে তোলা হবে’ এবং ‘একটি সর্বসম্মত আচরণ বিধিমালা’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হবে। বাংলাদেশে গণতন্ত্র সংহত করার পথে মূল সমস্যা হিসেবে বহু বিশ্লেষক এগুলোর ঘাটতিকে চিহ্নিত করেছেন।সুশাসন ও সুস্থ রাজনীতির প্রতিশ্রুতি শুধু আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, দলটি সংসদ নির্বাচনে অপেক্ষাকৃত স্বচ্ছ ভাবমূর্তির বেশ কিছু নতুন প্রার্থী মনোনয়ন দিয়েছিল এবং মনোনয়নপ্রাপ্ত নারী প্রার্থীর সংখ্যাও ছিল অন্যবারের চেয়ে অনেক বেশি। নির্বাচনে জনগণের রায় স্পষ্টতই দিনবদলের পক্ষে গেছে। আওয়ামী লীগ পেয়েছে ৪৯ শতাংশ ভোট। সংসদে আসন পেয়েছে ২৩০টি। প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৩৩ শতাংশ ভোট, কিন্তু আসন পেয়েছে মাত্র ৩০টি। ওয়েস্টমিনস্টারের আদলে তৈরি আমাদের নির্বাচনী ব্যবস্থার উপজাত হিসেবে তারা শতকরা হিসেবে যত ভোট পেয়েছে, সে অনুপাতে আসন পায়নি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের শরিক দল জাতীয় পার্টি (জেপি) ৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে ২৭টি আসনে। বিএনপির জোটভুক্ত ইসলামপন্থী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ শতাংশ ভোট পেয়ে আসন পেয়েছে মাত্র দুটি। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ১৫ শতাংশ ভোটের ব্যবধান নজিরবিহীন। আগের নির্বাচনগুলোতে দুই দলের ভোটের পার্থক্য পাঁচ শতাংশের কম থেকেছে। অনেক পর্যবেক্ষক মনে করেন, তরুণ ভোটাররা দিনবদলের পক্ষে ব্যাপক ভোট দিয়েছেন। নির্বাচনের ফল আশা জাগিয়েছে যে দিনবদলের পক্ষে অত্যন্ত স্পষ্ট জনসমর্থন নিয়ে ক্ষমতাসীন হওয়া নবনির্বাচিত সরকার আসলেই নতুন পথ দেখাবে, যা রাজনীতি ও শাসনব্যবস্থার গুণগত পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে সংবিধানবহির্ভূত উপায়ে রাষ্ট্রক্ষমতা দখলের হুমকি দূর করবে। বিদ্যমান বাস্তব অবস্থা এবং রাজনীতি ও শাসনব্যবস্থার অতীতের যে ধরনগুলো দেশে গণতন্ত্র সংহত করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, তা বদলানোর ক্ষেত্রে শেখ হাসিনার হাতে কী ধরনের রাজনৈতিক সুযোগ রয়েছে, এ লেখায় তার খানিকটা অনুসন্ধানের চেষ্টা করা যেতে পারে।অতীতের ধরন ও প্রথা: ক্ষমতা একচেটিয়াকরণের প্রতিযোগিতাআমাদের রাজনীতি ও শাসনব্যবস্থার যেসব ধরন ও প্রথা বারবার আমাদের গণতন্ত্রকে পথভ্রষ্ট করেছে, সেগুলো আমি এখানে তুলে ধরব। এমন কিছু ধরন ও প্রথা আমরা পেয়েছি সামরিক শাসন থেকে, কিন্তু আরও কিছু অনুশীলন আছে, যেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার আধার থেকেই উৎসারিত। সেনানিবাসের শাসনের সময় আমরা দেখেছি, রাষ্ট্রক্ষমতার ওপর নির্বাহী বিভাগের একচেটিয়া নিয়ন্ত্রণ, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন, রাজনীতির খেলায় গোয়েন্দা সংস্থাগুলোর আবির্ভাব, ‘পাতানো’ নির্বাচন, ক্ষমতাসীনদের পক্ষে সমর্থন জোগাতে রাজনীতিতে ইসলামকে ব্যবহার করার পুন:প্রচলন, রাষ্ট্রের মূলনীতি হিসেবে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বাদ দেওয়া, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ, বাজারচালিত বেসরকারি খাতপ্রধান অর্থনীতির দিকে যাত্রা এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক অভ্যন্তরীণ রাজনীতির প্রধান বিষয় হয়ে ওঠা।১৯৯০ সালের গণআন্দোলনের ফলশ্রুতিতে সামরিক সরকারের পতন ঘটে। কিন্তু দুঃখজনকভাবে এসব অগণতান্ত্রিক ধরন ও অনুশীলন ১৯৯১-২০০৬ সালের গণতান্ত্রিক শাসনের সময়ও রয়ে গিয়েছিল। নির্বাহী বিভাগের আধিপত্য ছিল। সংসদ প্রায় অকার্যকর ছিল; কথা বলতে না দেওয়ার অভিযোগ তুলে বিরোধী দল বারবার সংসদ বয়কট করেছে। প্রশাসন, পুলিশ ও নিম্ন আদালতের ওপর দলীয় রাজনৈতিক চাপ ছিল। ফলে ধীরে ধীরে আইনের শাসনের ক্ষয় হয়। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেয়ে স্থায়ী রাজনৈতিক বিরোধে রূপ নেয়। বিরোধী পক্ষকে হিসেবের মধ্যে না নেওয়া এবং সহিংসতার রাজনীতি নাজুক গণতন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি করে। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তিনটি নির্বাচন অনুষ্ঠানের পর ২০০৬ সালের নির্ধারিত নির্বাচন অনুষ্ঠান সমস্যাজনক হয়ে দাঁড়ায়, যখন ক্ষমতাসীন বিএনপি-জামায়াত সরকার বিএনপির অনুগত রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়ে এবং দলীয় নির্বাচন কমিশনার (যিনি ত্রুটিপূর্ণ ভোটার তালিকা নিয়েই কাজ চালিয়ে যেতে আগ্রহী ছিলেন) নিয়োগ দিয়ে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা চালায়।সেই তত্ত্বাবধায়ক সরকারের নির্লজ্জ পক্ষপাতিত্বের কারণে বিরোধী দলগুলো ২০০৭ সালে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচন বয়কট করে। সরকারকে তারা রাজপথে মোকাবিলার সিদ্ধান্ত নেয়। সহিংসতা অনিবার্য হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ১১ জানুয়ারি সামরিক বাহিনী এগিয়ে আসে; রাষ্ট্রপতিকে ‘বাধ্য করে’ জরুরি অবস্থা জারি করতে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তাঁর জায়গায় অধিকতর গ্রহণযোগ্য নির্দলীয় কোনো ব্যক্তিকে নিযুক্ত করতে। ২০০৮ নির্বাচনের পর দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আরো সুসংহত করতে হলে বেশ কিছু বিষয়ে মনোযোগী হতে হবে: রাজনৈতিক দলগুলোর মধ্যে হিংসা, হানাহানির রাজনীতি বন্ধ করতে হবে, দলগুলোর ভেতরেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দেশের প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত করা ও আইনের শাসন সুদৃঢ় করাও জরুরি। তাই এসব অগণতান্ত্রিক অনুশীলন বিষয়ে নতুন সরকারকে মনোযোগ দিলেই কেবল আমাদের গণতন্ত্রের যাত্রা নিরাপদ হবে। কিন্তু এখন পর্যন্ত সে পথে অগ্রগতি খুব কমই হয়েছে।প্রধান তিন চ্যালেঞ্জশেখ হাসিনার সরকারকে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এখানে আমি শুধু প্রধান তিনটি চ্যালেঞ্জের কথা বলব। সর্বাগ্রে আসে সংবিধানবহির্ভূত উপায়ে রাষ্ট্রক্ষমতা দখলের হুমকি। এ ক্ষেত্রে সম্ভাব্য হুমকির উৎস দুটি: সামরিক বাহিনী ও জঙ্গিবাদীরা। সামরিক বাহিনী অতীতে ক্ষমতা দখল করেছে এবং ১৫ বছর (১৯৭৫-১৯৯০) দেশ শাসন করেছে। আবার ২০০৭-২০০৮ সালের বেসামরিক তত্ত্বাবধায়ক সরকারের পেছনে মূল শক্তি ছিল সামরিক বাহিনী। তাই বাংলাদেশে আবারও সামরিক বাহিনী ক্ষমতা দখল করার আশঙ্কা একেবারে বাতিল করে দেওয়া যায় না। জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও এ দেশে জঙ্গিবাদীদের হুমকি বিষয়ে আলোকপাত করা হয়েছে। বিএনপি-জামায়াতের ২০০১-২০০৬ শাসনামলে ইসলামি জঙ্গিবাদীদের সহিংস আক্রমণ বেড়ে যাওয়ার কারণে এ উদ্বেগের বিস্তার ঘটে। ইসলামি জঙ্গিবাদীদের নির্বাচনী ভিত্তি নেই বললেই চলে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি জঙ্গিগোষ্ঠী সন্ত্রাসী কাজে তাদের যে সামর্থ্য দেখিয়েছে এবং তাদের আঞ্চলিক-আন্তর্জাতিক যোগাযোগ দেশে শান্তি বিনষ্ট করার সামর্থ্যকেই নির্দেশ করে। এসব সহিংস গোষ্ঠীর আবির্ভাবের আনুষঙ্গিক বিপদ হলো, প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোর এদেরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সুযোগ তৈরি হয় এবং এ কারণে পাল্টা আঘাতেরও সুযোগ সৃষ্টি হয়। একটি বিরোধপূর্ণ রাষ্ট্রব্যবস্থায় গণতন্ত্রের প্রতি জঙ্গিবাদীদের হুমকি বহুগুণে বেড়ে যায়। বিরোধপূর্ণ রাজনীতি তাদের শক্তি অনেক বাড়িয়ে তোলে। অবশ্যই মনে রাখতে হবে যে রাজনৈতিক দল ও সুশীল সমাজ গণতন্ত্রের প্রধান রক্ষক হবে, সেটাই আমরা প্রত্যাশা করি। গণতন্ত্রের ভবিষ্যত বহুলাংশে রাজনৈতিক দল ও সুশীল সমাজের ইচ্ছা ও শক্তির ওপর নির্ভর করছে। দ্বিতীয় প্রধান চ্যালেঞ্জ হলো, অতীতের বিরোধপূর্ণ রাজনীতি থেকে বেরিয়ে আসা। সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রাজনীতিকীকরণ ও দলীয়করণে ভূমিকা রেখেছে এই বিরোধপূর্ণ রাজনীতি। অসহিষ্ণুতা ও সহিংসতাকে উসকে দিয়ে এ রাজনীতি আইনের শাসন ভেঙে পড়ার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটিয়ে দেশকে ঠেলে দিয়েছিল গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে, যা ২০০৭ সালের সামরিক হস্তক্ষেপকে ত্বরান্বিত করেছিল।তৃতীয় প্রধান চ্যালেঞ্জটিকে মোটাদাগে বলা যেতে পারে গণতন্ত্রের গণতন্ত্রায়ণ শুধু বাংলাদেশেই নয় পুরো দক্ষিণ এশিয়ায় নির্বাচনের গণতন্ত্রকে সত্যিকার অর্থে গণতন্ত্রী করতে হবে। রাজনৈতিক প্রক্রিয়ায় বিরোধী দলকে হিসাবে না নেওয়ার সংস্কৃতি, রাজনৈতিক দল ও নির্বাচনী রাজনীতির অপরাধিকীকরণ এবং রাজনৈতিক প্রক্রিয়া ও রাজনীতিকদের কর্মকাণ্ডের পেছনে অর্থের আধিপত্য—এসব অগণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে হবে। এসব অগণতান্ত্রিক প্রক্রিয়া সম্পদহীন মানুষ, নারী ও সংখ্যালঘুদের অংশগ্রহণের সামর্থ্যকে ক্ষুণ্ন করে এবং ক্রমশ পুরো শাসনযন্ত্রকে অরাজক করে ফেলেছে।সবার শেষে আমি বলব গণতন্ত্রকে সংহত করার সবচেয়ে প্রত্যক্ষ সমস্যা হলো গণতন্ত্রের অনুশীলন এবং শাসন-প্রক্রিয়ায় অতীতের পুনরাবৃত্তি করার প্রভাব। একের পর এক শাসক দল তাদের পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করার প্রবণতাকে বৈধতা দিতে যুক্তি দেখিয়েছে, আগের সরকারের দলীয়করণ ও অপশাসনের ফলে রাষ্ট্রব্যবস্থা ও প্রশাসনে যে অসামঞ্জস্য সৃষ্টি হয়েছে, তা শোধরানোর ব্যবস্থা তো তাদের নিতে হবে। এখন সময় এসেছে অতীত পুনরাবৃত্তি করা থেকে সরে এসে শাসন ও রাজনৈতিক কর্মকাণ্ডের নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করার। নতুন সরকারের সামনে তার নির্বাচনী প্রতিশ্রুতির প্রতি শ্র্রদ্ধা প্রদর্শনের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এটাই।সবশেষে উল্লিখিত তিন মূল চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে আমি সংক্ষেপে বিশ্লেষণের চেষ্টা করব গণতন্ত্রের নবায়নকে সংহত করার সম্ভাবনা নিয়ে। হাসিনা সরকারকে সামরিক বাহিনী ও জঙ্গিবাদীদের সম্ভাব্য হুমকি মোকাবিলা করতে হয়েছে। নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পরপরই তাঁকে বিডিআর বিদ্রোহের পরিস্থিতি সামাল দিতে হয়েছে। এ ক্ষেত্রে সরকার যেভাবে সামরিক বাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণ দেখিয়েছে এবং দেশের নানা এলাকায় বিডিআর ও সামরিক বাহিনীর মধ্যে সম্ভাব্য রক্তপাত এড়ানোর ক্ষেত্রে যেমন সফলতা দেখিয়েছে, তা প্রশংসনীয়। তবে সরকারের রাজনৈতিক বিরোধীরা এ পরিস্থিতির সুযোগে নির্বাচিত সরকার এবং সামরিক বাহিনীর মধ্যে বিবাদ সৃষ্টির যে চেষ্টা চালিয়েছে তাতে দেখা যাচ্ছে, আমাদের রাজনীতির কিছু ক্রীড়নক আছে, যারা সব সময় নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী দাবি করে, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত বেসামরিক সরকারই সামরিক বাহিনীসংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী—গণতন্ত্রের এই মৌলিক রীতি গ্রহণ করা থেকে এখনো তারা বহু দূরে। এবার যদিও সরকার উতরে গেছে, কিন্তু ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে—এ ধরনের পরিস্থিতির সুযোগে সামরিক বাহিনীকে উসেক দিয়ে নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে না পারা যায়—তার চেষ্টা চালাতে হবে।জঙ্গিবাদীদের বিরুদ্ধেও সরকার জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে প্রকাশ্য অবস্থান নিয়েছে। চট্টগ্রামের অস্ত্র চোরাচালান মামলার বিচার নতুন করে শুরু করেছে সরকার। আমাদের গোয়েন্দা সংস্থার সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহীরা মিলে অস্ত্র চোরাচালান করার বিষয়টি এই মামলায় সামনে চলে এসেছে। অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডের তদন্ত কাজও নতুন করে শুরু করেছে সরকার, যেখানে সন্ত্রাসীদের প্রতি আগের সরকারের পৃষ্ঠপোষকতার বিষয়ে ধারণা পাওয়া যায়। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়াও শুরু করা হয়েছে। সরকারের এসব কাজ জঙ্গিবাদীদের পাল্টা-আঘাত হানার আশঙ্কা নিঃসন্দেহে বাড়িয়েছে। অগণতান্ত্রিক শক্তিগুলোর এই হুমকি মোকাবিলা করতে শুধু দলীয় সমর্থকদের ওপর নির্ভর না করে, সরকারের পক্ষে সমর্থনের পরিসর আরও বিস্তৃত করা দরকার। কিন্তু অন্যদের কাছে টেনে নেওয়ার কোনো কৌশল সরকার এখনো গ্রহণ করেনি।বিরোধাত্মক রাজনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ থেকে বেরিয়ে আসার দ্বিতীয় চ্যালেঞ্জটি উতরে যাওয়ার ক্ষেত্রে অগ্রগতি নেই বললেই চলে। বিএনপি পুরোনো ধাঁচের রাজনীতি অব্যাহত রেখেছে, সংসদীয় অধিবেশন বর্জন করছে, সরকারের সব প্রস্তাব প্রত্যাখ্যান করছে এবং রাজপথে বিক্ষোভ ও আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুমকি দিচ্ছে। মতৈক্যের ভিত্তিতে রাজনৈতিক আচরণবিধি প্রণয়ন কিংবা ‘রাজনৈতিক সংস্কৃতিতে শিষ্টাচার ও সহিষ্ণুতা’ নিয়ে আসার নির্বাচনী প্রতিশ্রুতি সরকার কীভাবে বাস্তবায়ন করবে, এ বিষয়ে তার পরিকল্পনা কী, তা স্পষ্ট নয়। সরকার ও বিরোধী দল শুধু যে আরও বেশি করে বিরোধাত্মক সম্পর্কের দিকে ধাবিত হচ্ছে তা-ই নয়, শাসক দলের সহযোগী ছাত্র সংগঠন দরপত্র ও অন্যান্য ভাগবাটোয়ারা নিয়ে উপদলীয় দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা দল থেকে ছাত্র সংগঠনের সম্পর্কচ্ছেদ ঘটালেও তাদের বিরোধাত্মক মনোভাব কমেনি। রাজনৈতিক বিবেচনার বাইরে এসে আইন-কানুন প্রয়োগ করার ক্ষেত্রে নানা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অসহায় বলে মনে হচ্ছে। যদিও প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা বারবার বলে যাচ্ছেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনভাবে কাজ করা উচিত।গণতন্ত্রের গণতন্ত্রায়নবিষয়ক তৃতীয় চ্যালেঞ্জটি মোকাবিলার ক্ষেত্রেও অগ্রগতি খুব ধীরগতির। আমাদের গণতন্ত্রের অভিজ্ঞতাকে গভীরতর করতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং দলীয় রাজনীতির গণতন্ত্রায়ন অত্যন্ত জরুরি। শেখ হাসিনা কয়েকজন মন্ত্রীকে নিয়োগ দিয়েছেন, যাঁদের সুনাম আছে, তাঁরা দুর্নীতিপরায়ণ নন। এসব মন্ত্রী তাঁদের সুনাম অক্ষুণ্ন রেখেছেন। এটি একটি উল্লেখযোগ্য অর্জন। তবে নিয়মতান্ত্রিক দুর্নীতি মোকাবিলা কঠিন। এ ক্ষেত্রে চোখে পড়ার মতো অগ্রগতি নেই। তা ছাড়া দলীয় বিবেচনায় দুর্নীতির মামলা প্রত্যাহার করার পুরোনো ধারা এখনো চলছে। এটা ‘দিনবদল’-এর ভাবমূর্তির জন্য মঙ্গলজনক নয়।দলীয় রাজনীতির গণতন্ত্রায়ন মনে হয় আরও কঠিন কাজ। ২০০৮ সালের নির্বাচনের পর প্রধান দলগুলো কেন্দ্রীয় সম্মেলন করেছে। এতে সর্বসম্মতভাবে পুরোনো নেতাদেরই নির্বাচিত করা হয়েছে আর তাঁদের ওপরই অন্য পদে নেতা নির্বাচনের ক্ষমতা অর্পণ করা হয়েছে। দলীয় কর্মকাণ্ড, প্রচারণা তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহি এবং দলীয় সিদ্ধান্ত গ্রহণ-প্রক্রিয়ায় গণতান্ত্রিক বিবেচনা কীভাবে আনা যায়, সে বিষয়ে কোনো গভীর আলোচনা ও বিতর্ক নেই।তবে, আমাদের রাজনৈতিক চর্চায় বড় ধরনের কোনো পরিবর্তন না দেখতে পেলে হতাশ হওয়া ঠিক হবে না। গণতান্ত্রিক রাজনীতিতে পরিবর্তন ঘটানোর বিষয়টি ধীরগতির, এটি একটু একটু করে এগোয়। তা ছাড়া একপক্ষের দ্বারা একতরফা পরিবর্তন চাপিয়ে দেওয়া কঠিন। সুতরাং সব দলের কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক আচরণবিধি প্রণয়নের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সরকারের কাজ শুরু করাটা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রেও উদ্যোগটি যাতে দলীয় অনুশীলন হিসেবে গণ্য না হয়ে বরং তাতে সুশীল সমাজ ও নাগরিকদের ব্যাপক ও বিস্তৃত সমর্থন থাকে, সেদিকে নজর দেওয়াই হবে রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক। রওনক জাহান: রাষ্ট্রবিজ্ঞানী, অধ্যাপক, কলাম্বিয়া ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র