আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘অতীতের সেই “আতঙ্কের রাজত্ব” আর নেই। দেশকে এখন আর কেউ “সন্ত্রাসী রাষ্ট্র” হিসেবে চিহ্নিত করে না। বিএনপি-জামায়াত জোটের মতো “আতঙ্কের রাজত্ব” সৃষ্টি করার পথে গেলে সরকার ভোটের পরদিন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার কাজে নামত।’গতকাল বুধবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া মিথ্যাচার, তথ্য বিকৃতি ও অশোভন মন্তব্য করেছেন বলে সৈয়দ আশরাফ মন্তব্য করেন। তাঁর দীর্ঘ বক্তৃতায় খালেদা জিয়ার বক্তব্যের যেমন খণ্ডন ছিল, তেমনই তিনি খাতভিত্তিক জবাব দেন।বোমা-গ্রেনেড যুগ: সৈয়দ আশরাফ খালেদা জিয়ার প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘তিনি কি ভুলে গেছেন, জনগণ কোন আমলকে “বোমা-গ্রেনেড যুগ” বলে অভিহিত করে? দরগা-গির্জা-মন্দিরে, হাট-আদালত-সিনেমা হলে, জনসভায়, রাজনৈতিক দলের কিংবা এনজিও কার্যালয়ে—কোথায় পড়েনি বোমা কিংবা গ্রেনেড? “বাংলা ভাইদের” জেএমবি ও মুফতি হান্নানের হরকাতুল জিহাদসহ উগ্র জঙ্গিবাদীদের মদদ ও প্রশ্রয় দিয়েছিল কোন সরকার?’ তিনি বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, সাংসদ আহসানউল্লাহ মাস্টার, নাটোরের মমতাজউদ্দিন, খুলনার মঞ্জুরুল ইমামসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতা; হুমায়ুন আজাদ, ড. ইউনূস, অধ্যাপক তাহেরসহ শিক্ষক-বুদ্ধিজীবী; সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবীর বালুসহ কতজনকে তখন হত্যা করা হয়েছিল, তা কি খালেদা জিয়ার স্মরণে আছে?’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী বক্তৃতার শুরুতেই দেশবাসীকে প্রশ্ন করেছেন, “কেমন আছেন আপনারা? কেমন ছিলেন গত দুইটি বছর?” দেশবাসীর মনে এখন প্রশ্ন, কেমন রেখেছিলেন খালেদা জিয়া? হাওয়া ভবনের অপকর্ম-দুষ্কর্ম, লুণ্ঠন-সন্ত্রাস দেশবাসীর স্মৃতি থেকে এখনো মুছে যায়নি। সরকারি কোনো পদে না থেকে ক্ষমতার “বিকল্প কেন্দ্র” খাড়া করেছিল তারেক রহমান। লুটেপুটে খাওয়ার ব্যাপারে অপর পুত্র কোকোও পিছিয়ে ছিল না।’ তিনি বলেন, ‘এই সরকারের গত দুই বছরে বিএনপির কোনো সাংসদের গায়ে কি হাত উঠেছে? খালেদা জিয়া মনে করেন, এ দেশের মানুষের স্মৃতিশক্তি দুর্বল। এটা ঠিক নয়। মানুষের স্মৃতিশক্তি কম হলে মুক্তিযুদ্ধ ভুলে যেত। যুদ্ধাপরাধীদের বিচার চাইত না। একসঙ্গে ৫০০ স্থানে বোমা হামলা ভুলে যায়নি। বিদেশের আদালতে প্রমাণিত তারেক-কোকোর দুর্নীতির কথা মানুষ ভুলে যায়নি।’সৈয়দ আশরাফ বলেন, বর্তমান সরকার আইনকে নিজস্ব গতিতে অগ্রসর হতে দিচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠা করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত জোট আমলে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পর্যন্ত বেআইনিভাবে বন্ধ করে দিতে চেয়েছিল। পুলিশ দিয়ে আওয়ামী লীগের গবেষণাকেন্দ্র ‘সিআরআই’ তছনছ ও বন্ধ করে দেওয়া হয়েছিল। সরকার দুষ্টের তোষণ করছে বলে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘“লুকিং ফর শত্রুজ” খ্যাত বাবর, “খোয়াব”বাড়ির মালিক মামুন, উগ্র জঙ্গি “বোমা-গ্রেনেডবাজ” সালাম পিন্টুসহ “হাওয়া ভবনের” হর্তাকর্তারা কি দুষ্ট, নাকি শিষ্ট ছিল? আর তারেক-কোকোর নামে দেশে-বিদেশে মামলা হয় কীভাবে? প্রবাদ আছে, “চোরের মায়ের বড় গলা”।’দেশে এক ব্যক্তির শাসন কায়েম হয়েছে বলে বিরোধীদলীয় নেত্রীর বক্তব্যের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘কেউ যদি টুঁ শব্দ করতে না-ই পারেন, তবে বিরোধীদলীয় নেত্রী ভাষণ দিতে পারলেন কীভাবে? কীভাবে তাঁর দল বিএনপি ও তাঁর ঐক্যজোটের সঙ্গী জামায়াত প্রতিনিয়ত বক্তব্য দিতে এবং রাজনৈতিক-সাংগঠনিক কাজ করতে পারছে? বরং এক ব্যক্তির শাসন ছিল সামরিক শাসক জিয়ার সামরিক আইনের শাসনামলে। জনগণ টুঁ শব্দটি করতে পারত না তখন।’ বিএনপি ক্ষমতায় গেলে সরকারের সব কর্মকাণ্ড অবৈধ ঘোষণা করা হবে বলে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যকে ‘ফ্যাসিস্ট হিটলারের কণ্ঠস্বর’ মন্তব্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়া আবার ক্ষমতায় গিয়ে আর কী অবৈধ ঘোষণা করবেন? অবশিষ্ট আছে বাংলাদেশ, যাকে তিনি চেনেন না বলেছেন। খালেদা জিয়া ক্ষমতায় গিয়ে কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এর স্বাধীন অস্তিত্বকেই অবৈধ ঘোষণা করবেন?’লাভ নিলে লোকসানও মানতে হবে: সাম্প্রতিক শেয়ারবাজারের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, শেয়ারে বিনিয়োগ একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা। এখানে লাভ গ্রহণ করলে লোকসানকেও মেনে নিতে হবে। শেয়ারের দাম কমলে ভাঙচুর হয়, কিন্তু বাড়লে তো বিজয় মিছিল হয় না।সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আশরাফুল ইসলাম বলেন, ‘দুর্নীতির অভিযোগে খালেদা জিয়ার পুত্রদের মামলা প্রত্যাহার করে নিলে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি হবে? হত্যাকাণ্ডের মামলা তুলে নিলে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি হবে? যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করলে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি হবে?’এক-এগারো মনে রাখা দরকার: বিএনপিকে এক-এগারোর কথা মনে রাখার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, তিন বছর পর সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ নির্বাচন হবে। অরাজকতা-অনিশ্চয়তা, হরতাল ও ষড়যন্ত্র-চক্রান্তের পথ পরিহার করে গণতন্ত্রসম্মতভাবে বিরোধী দলের ভূমিকা পালন করলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে সব দলই সমান সুযোগ পাবে। তাই ট্রেন ও বাস পুড়িয়ে নিরীহ মানুষ মারার মতো কাজ করে কার লাভ? এতে কেবল দেশের অর্থনীতিরই নয়, গণতন্ত্রেরও ক্ষতি। সংসদে বিরোধী দলকে কথা বলতে দেওয়া হয় না বলে খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাখ্যান করে সৈয়দ আশরাফ বলেন, ‘বর্তমান সংসদে বিরোধীদলীয় নেত্রী মাত্র পাঁচ দিন উপস্থিত ছিলেন। সংসদে উপস্থিত না থাকাটাই হচ্ছে তাঁর অভ্যাস। একদিন তিনি পৌনে দুই ঘণ্টা টানা বক্তৃতা দিয়েছেন। কেউ তাঁকে বাধা দেননি। আজও বলছি, সংসদে আসুন, কথা বলুন। কেউ বাধা দেবে না।’স্থানীয় সরকারমন্ত্রী পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপির শাসনামলে শেখ হাসিনার মাইক ৭২ বার বন্ধ করে দেওয়া হয়েছিল। বিরোধীদলীয় সদস্যরা সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভায় সক্রিয় ভূমিকা রাখছেন। বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা নিচ্ছেন। জনগণকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকারের উদ্দেশ্যেই তাঁরা কেবল সংসদে আসছেন না। খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘আসুন, পুরোনো দিনের সাংঘর্ষিক রাজনীতি পরিহার করে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানাই। গণতন্ত্রকে সংহত করি।’সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।