প্রখ্যাত মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ বলেছেন, অতীতের হত্যাকাণ্ড ও নৃশংসতা কোনোভাবে আইনের অধীনে ন্যায্যতা পেতে পারে না। বাংলাদেশে ’৭৫ থেকে ’৭৭ এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীর অভ্যন্তরে সংঘটিত নানা ঘটনা তো কেউ অস্বীকার করতে পারে না। তাই সেসব নৃশংসতার ব্যাপারে প্রকৃত সত্য তুলে ধরা দরকার।গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে লিফশুলজ এ কথা বলেন। এ ভূখণ্ডে তাঁর প্রথম আগমন, একাত্তর-পরবর্তী সময়ের অভিজ্ঞতা এবং অতীতের সত্য উদ্ঘাটন ও সমঝোতার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের সম্ভাবনা নিয়ে তিনি কথা বলেন।প্রথম আলোর কার্যালয়ে লিফশুলজকে স্বাগত জানিয়ে সম্পাদক মতিউর রহমান বলেন, লিফশুলজ বাংলাদেশের সঙ্গে ৩৫ বছরের বেশি সময় ধরে সম্পর্কিত। বাংলাদেশের বহু গুরুত্বপূর্ণ ঘটনা তিনি প্রত্যক্ষ করেছেন। বঙ্গবন্ধু হত্যা ও তাহেরের গোপন বিচার নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তিনি বিশ্ববাসীকে জানিয়েছেন এবং দীর্ঘ সময় ধরে এ দুটি বিষয় তিনি অনুসরণ করে চলেছেন। এ দেশের সাংবাদিকদের তাঁর থেকে অনেক কিছু শেখার আছে।প্রথম আলোর কার্যালয়ে লিফশুলজের আগমন উপলক্ষে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন ব্রিটিশ উন্নয়নকর্মী জুলিয়ান ফ্রান্সিস ও মুক্তিযুদ্ধ জাদুঘরের সংগঠক, লেখক-প্রকাশক মফিদুল হক। জুলিয়ান মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত। সাংবাদিক ও অতিথিদের নানা প্রশ্নের উত্তর দেন লিফশুলজ।লিফশুলজ ১৯৭৪ সালে হংকং থেকে প্রকাশিত ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ পত্রিকার দক্ষিণ এশিয়া প্রতিনিধি হয়ে কাজ করতে ঢাকায় আসেন। ১৯৭৬ সালে বিশেষ সামরিক ট্রাইব্যুনালে লে. কর্নেল আবু তাহেরের বিচারপ্রক্রিয়া নিয়ে তাঁর প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর পরই তাঁকে ঢাকায় আটক করে দেশত্যাগে বাধ্য করা হয়। এরপর তিনি পেশাগত কাজে ও পরিচিত ব্যক্তিদের সঙ্গে দেখা করতে বেশ কয়েকবার ঢাকায় আসেন। এবার তিনি সুপ্রিম কোর্টের অনুরোধে তাহেরের গোপন বিচার নিয়ে সাক্ষ্য দিতে ঢাকায় এসেছেন।