অতৃপ্ত ওয়াটসনের তৃপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দেখায় শেন ওয়াটসনের যে ব্যাপারটি আপনার নজর কাড়বে, সেটি তাঁর শক্তপোক্ত শরীর। অনেকটা রাগবি খেলোয়াড়দের মতো। চোখ দুটোয় অবশ্য একেবারে অন্য ছবি। শিশুর সরলতা, কৈশোরের অশেষ কৌতূহল। শান্ত, ধীরস্থির আর বুদ্ধিদীপ্ত। কিন্তু ব্যাট হাতে নিলে এই শান্ত চোখগুলোই কেমন যেন অশান্ত হয়ে ওঠে। প্রতিপক্ষ বোলারদের খুন করার নেশা যেন চেপে বসে ওয়াটসনের চোখে!ওয়াটসনের এই খুনে চেহারা পরশু দেখেছেন কানাডার বোলাররা। অসাধারণ এক ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছেন দারুণ এক জয়। ৯০ বলে ৯৪ রান করার পাশাপাশি বল হাতেও রেখেছেন অবদান। ৬ ওভারে ২২ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। ৬ রানের জন্য সেঞ্চুরি পাননি। তবে পেয়েছেন ম্যাচ-সেরার পুরস্কার।একটুর জন্য সেঞ্চুরি না-পাওয়ার দুঃখ তো আর ম্যাচ-সেরার পুরস্কার দিয়ে ভোলা যায় না। তবে ওয়াটসন হয়তো শেষ পর্যন্ত এই ভেবে সান্ত্বনাই পাচ্ছেন—তাঁর ইনিংসটায় আছে চারটি ছয়। এই ছয় ৪টি ভারতের শিক্ষাবঞ্চিত শিশুদের পড়ালেখার কাজে আসবে—এতেই আনন্দ ওয়াটসনের। ওয়াটসনের ছক্কার সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের পড়াশোনার কী সম্পর্ক? এবার বিশ্বকাপে প্রতি ছক্কার জন্য ২৫ হাজার ভারতীয় রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। ছক্কা থেকে উঠে আসা টাকার পুরোটাই যাবে ‘রুম টু রিড’ নামের একটি সংস্থার তহবিলে।যেসব ক্রিকেটার রুম টু রিডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত, এখন পর্যন্ত সাতটি ছক্কা মারা ওয়াটসন তাঁদেরই একজন। বেঙ্গালুরুতে কানাডার বিপক্ষে খেলতে নামার আগেও ওয়াটসন কথা বলেছিলেন ‘রুম টু রিড’ কর্মসূচির জন্য কিছু করার বাড়তি তাগিদ তিনি অনুভব করেন। বলেছেন, শিশুদের পড়ালেখার জন্য কিছু করতে পারছেন, এতে খুব আনন্দ হচ্ছে। ওয়াটসন নিজেও বই পড়তে ভালোবাসেন। বিশেষ করে আত্মজীবনী। আর পড়ালেখাটাকে খুব গুরুত্ব দেন সবকিছুর ওপর। নিজে একজন ওপেনার বলেই হয়তো, পড়ালেখার ব্যাপারটিকে দেখছেন তার সঙ্গে মিলিয়ে। একজন ওপেনার যেমন দলকে ভালো শুরু এনে দেন, অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের কাছে, ‘বই পড়াও অবশ্যই আপনার জীবনে ভালো শুরু এনে দেয়।’ ওয়াটসনের পড়ার অভ্যাসটা বেশি করে গড়ে ওঠে অ্যাডিলেডের অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমিতে থাকার সময়। প্রথম যে বইটা তাঁকে বিশেষভাবে নাড়া দিয়েছে, সেটি সাবেক অস্ট্রেলীয় অলরাউন্ডার অ্যালান ডেভিডসনের আত্মজীবনী। অলরাউন্ডার হয়ে উঠতে কৈশোরে এই আত্মজীবনী অনেকটাই প্রভাবিত করেছিল তাঁকে।সিডনির ‘রুম টু রিড’ প্রোগ্রামে ওয়াটসন একাই ৮ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার দিয়েছেন। সেই টাকা দিয়ে প্রায় ২০০ শিশুর জন্য একটি লাইব্রেরিও হয়েছে। আর পরশু তাঁর চারটি ছয় ভারতের শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য তুলেছে ১ লাখ রুপি। শিশুদের জন্য কিছু করতে পারাটা তাঁর জন্য যে কী আনন্দের তা বোঝাতে গিয়ে ওয়াটসন বলেছেন, ‘এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এটি আমার জীবনে নতুন দিগন্ত খুলে দেয়।’ হাডিনের সঙ্গে মিলে পরশু বিশ্বকাপে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটির নতুন রেকর্ড গড়া ওয়াটসন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আইসিসির নেওয়া এই উদ্যোগের প্রশংসাও করেছেন খুব। তথ্যসূত্র: ওয়েবসাইট।