অতৃপ্তি ঘুচল ফারজানা ছবির
অভিনয়শিল্পী ফারজানা ছবি মঞ্চ ও টিভি নাটকে কাজ করছেন অনেক দিন। কিন্তু এই সময়ে চলচ্চিত্রে কাজ করা হয়নি তাঁর। এ নিয়ে কিছুটা আক্ষেপ ছিল তাঁর। এবার সেই অতৃপ্তি ঘুচল। ফারজানা ছবি সম্প্রতি ‘জ্যোত্স্না রাতের গল্প’ নামের একটি চলচ্চিত্রের শুটিং শুরু করেছেন। পরিচালনা করছেন বিপ্লব হায়দার। ২৯ জানুয়ারি বরিশালের স্বরূপকাঠির চরাঞ্চল থেকে চলচ্চিত্রটির শুটিং শুরু হলেও পরের দিন ৩০ জানুয়ারি থেকে শুটিংয়ে অংশ নেন ফারজানা ছবি।জানা গেছে, ‘জ্যোত্স্না রাতের গল্প’ চলচ্চিত্রের বিষয়বস্তু ৮৮ সালের বন্যা-পরবর্তী সময়কাল। এখানে ফারজানা ছবির চরিত্রের নাম মালা।ছবি বলেন, ‘আমি বরাবরই বৈচিত্র্যময় কাজ করতে পছন্দ করি। তবে জ্যোত্স্না রাতের গল্প সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটের চলচ্চিত্র। মালা চরিত্রটি যেহেতু একটি নির্দিষ্ট সময়কালের বাস্তবতার প্রতিনিধিত্ব করছে সেহেতু এই চরিত্রটিকে সফল রূপায়ণ আমার জন্য একটি চ্যালেঞ্জ ও বটে।’ফারজানা ছবি সম্প্রতি এসিডদগ্ধ নারীদের ওপর নির্মিত একটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন। ‘দুদ্দা’ নামের এই নাটকে ছবি একজন এসিডদগ্ধ নারীর চরিত্রে অভিনয় করেছেন। এতে তাঁর সহশিল্পী হলেন হাসান মাসুদ।