অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের নৌবাহিনী আজ সোমবার একটি অত্যাধুনিক টর্পেডোর সফল পরীক্ষা চালিয়েছে। ‘বেলায়েত ৯১’ শীর্ষক সামরিক মহড়ার চতুর্থ দিন এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। দেশটি ২৮ ডিসেম্বর ছয় দিনের এ নৌমহড়া শুরু করে।ইরানি নৌবাহিনীর ঊর্ধ্বতন রিয়ার অ্যাডমিরাল আমির রাসতেগারি প্রেসটিভিকে বলেন, ‘ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ও সেটি ধ্বংস করতে সক্ষম হয়েছে। এ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ফলে এখন ইরানের সমুদ্র উপকূলের নিরাপত্তা রক্ষা করা যাবে এবং শত্রুদের জাহাজগুলো ফেরত পাঠানো যাবে।’ বেলায়েত ৯১ নৌমহড়ার মুখপাত্র জানান, ইরানের ভূপৃষ্ঠ থেকে এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে শত্রুপক্ষের জাহাজে হামলা চালানো যাবে। গতকাল রোববার রাসতেগারি বলেন, ‘বিদেশি শত্রুরা মহড়ার দ্বিতীয় দিন সামরিক বাহিনীর কম্পিউটার নেটওয়ার্কে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ সময় তারা তথ্য চুরি অথবা ভাইরাস ছড়ানোর চেষ্টা করে।’ তবে নৌবাহিনীর ‘সাইবার প্রতিরোধবিষয়ক দল’ অত্যন্ত সফলভাবে এ সাইবার হামলা শনাক্ত ও প্রতিরোধ করতে সক্ষম হয় বলে তিনি জানান।ইরানি নৌ-কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এর আগে জানিয়েছিলেন, ‘বেলায়েত ৯১ সাংকেতিক নামের এ বিশেষ মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে হরমুজ প্রণালির পূর্ব দিকে ওমান সাগরে এবং ভারত মহাসাগরের উত্তর দিকে। গত কয়েক বছরে ইরান তার সামরিক সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে এ ধরনের কয়েকটি সামরিক মহড়ার আয়োজন করে। এর মাধ্যমে দেশটি আধুনিক সমরাস্ত্র-কৌশল ও সামরিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে।