অথই জলে খেলা করে জহেরাদের স্মৃতি
‘হেই তো কয় দিনের কথা, ওই যে দেখা যায় নদীর ওপারে ধু-ধু হরছে বালুর চর। হেখানেই আছিল আমার স্বামীর ঘরবাড়ি। এক হমায় আছিল সব। বড় বড় টিনের গর, বেড়ের দান, গোইল ভরা গরু, পুহুরের মাছ। এহন আর কিছুই নাই। সব হাইরা শ্যাষ হইয়া গেছি। এহন কোনোমতে বাঁধের ধারে একটো ঝুপড়ি তুইলা পাঁচজন ছোয়াল মাইয়া নিয়া বাইছা আছি।’ জহেরা খাতুন কথাগুলো বলে অথই জলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন। তাঁর স্বামী আবু বকর। যমুনায় মাছ ধরা তাঁর পেশা। যেদিন মাছ পান, সেদিন ভালো যায়। মাছ না পেলে অনাহারে থাকতে হয়। কিন্তু আগের সুখের দিনগুলোর স্মৃতি পিছু ছাড়ে না জহেরার।শুধু জহেরা নন। এ রকম হারানো অতীতের স্মৃতি সঙ্গী করে বগুড়ার ধুনটের রঘুনাথপুর এলাকার শত শত পরিবার এখন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। কিন্তু সেখানেও স্বস্তিতে নেই তাঁরা। এক মাস ধরে ধুনটে যমুনা নদীতে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি ও বসতভিটা।সরেজমিনে দেখা গেছে, ভাণ্ডারবাড়ী এলাকায় যমুনা নদীর পানি কমে গেছে। নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এ জন্য নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। পানির প্রবল স্রোত বানিয়াজান স্পারে বাধা পেয়ে বাঁকা পথে রঘুনাথপুর গ্রামের সামনে নদীর তীর সংরক্ষণ প্রকল্পে আঘাত করছে। ফলে ওই স্থানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই ভাঙছে নতুন নতুন এলাকা। ভাঙন ঠেকাতে পাউবো গত এক বছর ধরে ২০ কোটি টাকা ব্যয় করে ৭০০ মিটার দীর্ঘ যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ করছে। স্থানীয় মানুষ জানায়, ভাঙন ঠেকাতে না পারলে এই তীর সংরক্ষণ প্রকল্পের কাজও নদীগর্ভে বিলীন হয়ে যবে। গত এক মাস ধরে অব্যাহত ভাঙনে বন্যানিয়ন্ত্রণ বাঁধও হুমকির মুখে। ওই বাঁধে আশ্রয় নেওয়া শত শত নিঃস্ব পরিবার এখন আতঙ্কের মধ্যে দিন পার করছে। কৈয়াগাড়ী গ্রামের ইঞ্জিল সরকার বলেন, ‘গত কয়েক দিনের ভাঙনে আমার বসতভিটা হারাইছি। এখন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিছি। এর আগেও তিনবার যমুনার ভাঙনে ঘরবাড়ি হারাইছি। যেভাবে ভাঙন শুরু হইছে এইখানে থাকাটাও নিরাপদ না। এখনই ভাঙন থামাইতে না পারলে বর্ষায় কিছুই থাকব না।’রঘুনাথপুর গ্রামের কৃষক সিহাব উদ্দিন জানান, নদীর পাড়ে তাঁর এক বিঘা জমি ছিল। গত ১৫ দিনের ভাঙনে পুরো জমিই নদীতে গেছে। এখন তাঁর আর চাষাবাদ করার মতো জমি নেই। পাউবোর কার্য সহকারী ধীরেন্দ্রনাথ বাবু জানান, যমুনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। বন্যানিয়ন্ত্রণ বাঁধ থেকে ভাঙনের দূরত্ব এখন প্রায় ১০০ মিটার। প্রতিদিন পাঁচ থেকে ১০ মিটার করে ভাঙছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ হারুন জানান, ‘ভাণ্ডারবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নদীভাঙনের বিষয়টি পাউবোকে জানিয়েছি। ভাঙন ঠেকাতে না পারলে ডান তীর সংরক্ষণ প্রকল্পের পশ্চিম পাশ দিয়ে নদী প্রবাহিত হবে। তখন তীর সংরক্ষণ প্রকল্প কোনো কাজে আসবে না। প্রকল্পটি নদীর বুকে শুধুই চরের মতো জেগে থাকবে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এ কে এম মমতাজ উদ্দিন জানান, বানিয়াজান থেকে পুকুরিয়া পর্যন্ত দুই হাজার ৭০০ মিটার নদীর তীর সংরক্ষণের জন্য ১৪২ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ভাঙন রোধে কাজ করা হবে।